বিশ্বকাপে সাকিব-মাহমুদউল্লাহকে ‘উপহার’ দিতে চান শান্ত
সাকিব ও মাহমুদউল্লাহর শেষ বিশ্বকাপ হতে পারে এটিই, তাদের জন্য তাই বিশেষ কিছু করতে চান দলের তরুণ ক্রিকেটাররা।
স্যুট-টাই পরে কেতাদুরস্ত হয়ে ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসছিলেন ক্রিকেটারদের সবাই। নাজমুল হোসেন শান্তকে দেখা গেল সাকিব আল হাসানের সঙ্গে কথা বলতে বলতে আর হাসতে হাসতে এগোচ্ছেন। ফটোসেশনের জন্য মাঠ সাজিয়ে রাখা চেয়ারেও দুজনকে দেখা গেল পাশাপাশি। খুব গল্প করছিলেন দুজন। পরে শান্তর আরেকপাশে চেয়ারে বসলেন মাহমুদউল্লাহ। দারুণ একটি ফ্রেম তৈরি হয়ে গেল তাতে। সবশেষ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক দুই পাশে, মাঝখানে এবারের অধিনায়ক।
অধিনায়ক হিসেবে শান্তর প্রথম বিশ্বকাপ হয়ে থাকতে পারে খেলোয়াড় হিসেবে সাকিব ও মাহমুদউল্লাহর শেষ বিশ্বকাপ। যদিও কোনো ঘোষণা তারা দুজনের কেউ দেননি, তবে ধারণা করা হচ্ছে এমন কিছুই। শান্ত অবশ্য সেই ধারণার গভীরে যেতে চাইলেন না। তবে সাবেক দুই অধিনায়ক, দেশের ক্রিকেটের অভিজ্ঞ দুই সেনানীর জন্য বিশ্বকাপে বিশেষ কিছু করার প্রত্যয় শোনালেন বর্তমান অধিনায়ক।
সাকিব এবার খেলবেন তার নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই ২০০৭ সালে টি-টোয়েন্টির প্রথম বিশ্ব আসর থেকে শুরু করে প্রতিটিতেই ছিল তার উপস্থিতি। সাকিব ছাড়া সবকটি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া ক্রিকেটার আছেন আর শুধু রোহিত শার্মা। তাদের পাশে থাকতে পারত মাহমুদউল্লাহর নামও। ২০০৭ থেকে টানা সাতটি বিশ্বকাপ তিনি খেলেছেন। ২০২১ আসরে দলের অধিনায়কও ছিলেন। তবে ২০২২ আসরে বাদ পড়ে যান দল থেকে।
৩৭ বছর বয়সী সাকিব ও ৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহ ২০২৬ বিশ্বকাপে থাকবেন কি না, সংশয়টা আছে যথেষ্টই। সাকিব তো গত ওয়ানডে বিশ্বকাপের আগে ইঙ্গিত দিয়েছেন, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ইতি টানবেন ক্যারিয়ারের।
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বুধবার সংবাদ সম্মেলনে এই দুজনের সম্ভাব্য শেষ বিশ্বকাপের কথা উঠতেই শান্ত বললেন, “জানি না, এটা তাদের শেষ বিশ্বকাপ কি না। এটা ধারণা। তবে আমি এই বিষয়ে কিছুই জানি না।”
নিশ্চিত কিছু না জানলেও শেষের আবহ যে বাতাসে মিশে আছে, এটা তো শান্তর না বোঝার কারণ নেই। দুই মহারথীর জন্য তাই এবারের বিশ্বকাপ রাঙানোর আশা তার কণ্ঠে।
“তারা এত লম্বা সময় ধরে খেলছেন, তরুণ ক্রিকেটার আমরা যারা আছি, তারা অবশ্যই চেষ্টা করব তাদেরকে ভালো স্মৃতি উপহার দিতে। ভালো একটি বিশ্বকাপ শেষ করে আমরা তাদেরকে উপহার দিলাম… অবশ্যই আমাদের তরুণদের দায়িত্ব এটি। সবার মধ্যে এই ব্যাপারটা অবশ্যই থাকেই।”
দলের ভারসাম্যের জন্য সাকিব তো এখনও মহাগুরুত্বপূর্ণ। ব্যাট হাতে সেরা সময় এখন আর না থাকলেও বল হাতে তাকে এখনও বলা যায় দেশের সেরা। মাহমুদউল্লাহও গত কয়েক মাসে নিজের ক্যারিয়ার পুনরুজ্জীবিত করেছেন প্রবলভাবে।
বিশ্বকাপে তাদের কাছে বিশেষ কিছু চাওয়ার নেই শান্তর। শুধু তাদের ছোঁয়ায় আরও সমৃদ্ধ হতে চান নিজেরা।
“সাকিব ভাই, রিয়াদ ভাইয়ের কাছ থেকে বাড়তি বা অতিরিক্ত কিছু চাই না। উনারা যেভাবে পারফর্ম করছে, যার ভূমিকা যেটি, তা করতে পারলে দল অবশ্যই লাভবান হবে।”
“উনাদের যে অভিজ্ঞতা আছে, এটা যদি প্রতিটি ক্রিকেটারের মধ্যে ছড়িয়ে দেন, তাহলে আমাদের দলের যে ছোট ছোট জায়গাগুলিতে উন্নতির দরকার আছে, ওই জায়গাগুলোয় খুব ভালো অবস্থানে থাকব।”
