২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার ডানায় ভর দিয়ে নাহিদের ক্যারিয়ার সেরা বোলিং

ছয় টি-টোয়েন্টি মিলিয়ে যার ছিল স্রেফ চার উইকেট, সেই নাহিদ রানা এক ম্যাচেই চার উইকেট নিয়ে জয় এনে দিয়েছেন রংপুর রাইডার্সকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2024, 11:15 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

অফ স্টাম্পের ওপর ফুল টস পেয়ে ছক্কা মারলেন পল স্টার্লিং। এক বল পরই তাকে আউট করে দিলেন নাহিদ রানা। নতুন স্পেলে প্রথম বলে জাকের আলির কাছে ছক্কা হজম করলেন তিনি। এবার পরের বলেই নিলেন প্রতিশোধ! দুবারই ব্যাটসম্যানের দিকে তাকিয়ে গর্জে উঠলেন নাহিদ।  

এই গর্জন নাহিদকে মানিয়ে যায় দারুণভাবেই। সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং যে একাই ধসিয়ে দিয়েছেন রংপুর রাইডার্সের তরুণ গতিতারকা! নিজের মতো স্বাধীনভাবে বোলিং করে দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন ২২ বছর বয়সী পেসার। 

স্বীকৃত টি-টোয়েন্টি আগের ছয় ম্যাচে তার ছিল মাত্র চার উইকেট। এবার এক ম্যাচে তার শিকার চারটি! গতির সঙ্গে বাউন্সের দারুণ মিশেলে দেখার মতো এক স্পেলই করেন রংপুরের তুরুপের তাস। চার উইকেটের সঙ্গে দুটি ক্যাচ নিয়ে তিনিই ম্যাচের সেরা ক্রিকেটার।

বিপিএলের উদ্বোধনী দিনে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষেও চমৎকার বোলিং করেন নাহিদ। গতির ঝড়ে ব্যাটসম্যানদের মনে কাঁপন ধরালেও সেদিন কোনো উইকেট তিনি পাননি। তবে ৩ ওভারে মাত্র ১১ রান খরচ করে প্রধান কোচ মিকি আর্থারের প্রশংসায় ভাসেন দারুণ বছর কাটানো পেসার।

উইকেট না পাওয়ার আক্ষেপ পরদিনই মিটিয়ে নিলেন তিনি। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় দুই স্পেলে তিনি নেন দুটি করে উইকেট। 

পঞ্চম ওভারে পঞ্চম বোলার হিসেবে তাকে আক্রমণে আনেন নুরুল হাসান সোহান। প্রথম বলেই গতিময় ডেলিভারিতে জাকির হাসানের অফ স্টাম্প কয়েক পাক খাওয়ান নাহিদ। ওই ওভারেই তার শিকার স্টার্লিং। 

দ্বিতীয় ওভারে কোনো সাফল্য ধরা দেয়নি নাহিদের। তবে স্বাচ্ছন্দ্যে খেলতেও পারেননি রনি তালুকদার ও জাকের। 

আগের দিনের মতোই দুই ওভারের স্পেলের পর নাহিদকে সরিয়ে নেন সোহান। পরে ষোড়শ ওভারে বোলিংয়ে ফিরে প্রথম বলেই তিনি হজম করেন ছক্কা। পরের বলেই গতিময় শর্ট বলে ফিরতি ক্যাচ নিয়ে অগ্নিচাহনিতে জাকেরকে বিদায় জানান নাহিদ। 

ওই ওভারে নাহিদ পেতে পারতেন আরেকটি উইকেট। কিন্তু তানজিম হাসানের সহজ ক্যাচ ছেড়ে দেন রকিবুল হাসান। পরে স্পেলের শেষ বলে সামিউল্লাহ শিনওয়ারিকে আউট করে ২৭ রানে ৪ উইকেটে বোলিং শেষ করেন নাহিদ। 

১৫৫ রানের মাঝারি পুঁজি নিয়েও ৩৪ রানের জয়ে রংপুরের নায়ক নাহিদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার এমন পারফরম্যান্সের পুনরাবৃত্তি বারবার দেখার আশার কথা বলেন অধিনায়ক সোহান।

"নাহিদ স্বাধীনভাবে বোলিং করছে। খুবই দ্রুতগতির বোলার। নিজের মতোই বোলিং করছে। যখন কোনো কিছু নিয়ে সংশয়ে থাকে, তখন আমাকে বলে যে এটা করতে চাচ্ছি এখন। আমার মনে হয়, ও নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করছে। ভালো বোলিং করছে।" 

"মাত্র দুটি ম্যাচ হয়েছে। আমরা দল থেকে চাইব, সে যেভাবে শতভাগ দেওয়ার চেষ্টা করছে, সেটাই করুক। প্রক্রিয়াটা অনুসরণ করুক।"

গতিময় পেসারদের ক্ষেত্রে সবসময় থাকে চোটের শঙ্কা। বিশেষ করে নাহিদের মতো তরুণ ফাস্ট বোলারদের জন্য দুর্ভাবনার জায়গাটা আরও বেশি। বিপিএল শুরুর আগে তাই নাহিদের ক্যারিয়ার লম্বা করতে তার যথাযথ পরিচর্যা করার পরামর্শ দেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ও চিটাগং কিংসের প্রধান কোচ শন টেইট। 

২০২৪ সালে জাতীয় দলের হয়ে ৬টি টেস্টের পাশাপাশি ৩টি ওয়ানডে খেলেন নাহিদ। পরে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাকা হলেও কোনো ম্যাচে নামানো হয়নি তাকে। এর বাইরে ঘরোয়া ক্রিকেটেও বেছে বেছেই ম্যাচ খেলেন তরুণ পেসার। 

বিপিএলেও নাহিদের ক্ষেত্রে সতর্কতামূলক পদক্ষেপের ভাবনা আছে কি না, জানতে চাওয়া হয় সোহানের কাছে। রংপুর অধিনায়ক বলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ে নাহিদ নিজেও যথেষ্ট সচেতন।

"পেস বোলার যারাই থাকে, সবারই একটা সেট-আপ থাকে কীভাবে নিজেদের নিয়ন্ত্রণ করবে। একইসঙ্গে দল ওর কাছে যেটা চাচ্ছে, সেটা দেওয়ার জন্য ভালোভাবে চেষ্টা করছে। ও খুব ভালোভাবে জানে নিজের যত্ন কীভাবে নিতে হবে।" 

"বিসিবি থেকেও ফিজিও, ট্রেনাররা পর্যবেক্ষণ করছে। তাই আমার মনে হয়, এটা বড় কোনো ইস্যু না। এখন আর ওই দিন নাই। আমাদের পেস বোলিং যেভাবে এগিয়ে যাচ্ছে, সবাই নিজেরটা জানে কার কী করতে হবে।"