০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে নেতৃত্ব ছাড়লেন শাহিদি

সবশেষ ম্যাচটিতেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতরান করেছিলেন তিনি ভারতের বিপক্ষে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 03:00 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

সবশেষ ম্যাচটিতেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতরানের স্বাদ পেয়েছিলেন হাশমাতউল্লাহ শাহিদি। ভারতের বিপক্ষে সেই ম্যাচটিই হয়ে থাকল অধিনায়ক হিসেবে তার শেষ ওয়ানডে। অনেকটা হুট করেই আফগানিস্তানের ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দিলেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান।

আফগানিস্তানকে সবচেয়ে বেশি ওয়ানডে নেতৃত্ব দেওয়ার রেকর্ডে আসগার আফগানকে স্পর্শ করতে পারতেন তিনি আর মাত্র চারটি ওয়ানডেতে নেতৃত্ব দিলেই। থেমে গেলেন তিনি ৫৫ ম্যাচে।

আসগারের বিদায়ের পর ২০২২ সালে শুরু হয় শাহিদির নেতৃত্বের পথচলা। তার অধিনায়কত্বে আফগানিস্তানের জয় ২৭টি, পরাজয় ২৫টি।

তার মেয়াদের সবচেয়ে স্মরণীয় সময় কেটেছে নিঃসন্দেহে ২০২৩ বিশ্বকাপে। ওই আসরে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে সেমি-ফাইনাল খেলার সম্ভাবনা জাগায় তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষ জয়ের সম্ভাবনা জাগালেও পরে হেরে যায় গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসের কারণে। শেষ পর্যন্ত সেমি-ফাইনাল খেলতে না পারলেও আফগানিস্তানের ওয়ানডে ইতিহাসের সেরা সাফল্য সেটি।

ওই পারফরম্যান্সের পথ ধরেই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয় তারা। সেখানেও শাহিদির দল হারিয়ে দেয় ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়াকেও শক্ত চ্যালেঞ্জ জানিয়েছিল তারা, সেই ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে।

শাহিদির নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে দিনটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে আফগানরা, জিম্বাবুয়ের বিপক্ষে দুটি। সিরিজ হারিয়েছে তারা দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডকেও। 

নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়ার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আপাতত ইব্রাহিম জাদরান। আগামী মাসের শুরুতেই আয়ারল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। 

ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেও টেস্ট দলের নেতৃত্বে রয়ে যাবেন শাহিদি।