২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজা মাঠে পণ্ড আফগানিস্তান-নিউ জিল্যান্ডের প্রথম দিনের খেলা

রাত জুড়ে বৃষ্টির পর রৌদ্রোজ্জ্বল দিন থাকলেও, ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় প্রস্তুত করা যায়নি মাঠ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 05:50 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

ভারতের গ্রেটার নয়ডায় কিছুদিন ধরেই হচ্ছিল বৃষ্টি। ম্যাচের আগের রাতেও ঝরে মুষলধারে। খেলার দিন যদিও প্রকৃতি দেয়নি কোনো বাধা, পুরোটা দিন ছিল রৌদ্রোজ্জ্বল। কিন্তু, ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় সময়মতো প্রস্তুত করা যায়নি মাঠ। 

ফলে ভেস্তে গেছে আফগানিস্তান ও নিউ জিল্যান্ডের একমাত্র টেস্টের প্রথম দিন। লম্বা সময় অপেক্ষার পরও সোমবারে মাঠে গড়ায়নি বল, হয়নি টসও।

টেস্টে প্রথমবার নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলার অপেক্ষায় আফগানরা। কিন্তু প্রথম দিন দুর্ভাগ্য সঙ্গী তাদের। তাই মাঠের লড়াইয়ে নামতে অপেক্ষা করতে হচ্ছে আরেকদিন।

পাঁচ দিনের ম্যাচের বাকি চার দিন খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টার পরিবর্তে সাড়ে নয়টায়। মঙ্গলবার টস অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। আর প্রতি দিন খেলা হবে ৯৮ ওভার করে।

আগামীকালও বৃষ্টির শঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অবশ্য বলছে, ভারী বর্ষণ হবে না। তাই কিছু খেলা হওয়ার সম্ভবনা রয়েছে।

আফগানিস্তান চলতি বছর এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছে। দুটিই ভিন্ন দুই দলের বিপক্ষে; শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। ২০২১ সালের পর প্রথম জয়ের খোঁজে আছে তারা।