২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্বংসস্তূপে সৌধ গড়েই মিরাজের সুখ

চাপের মুখে ভালো খেলে নায়ক হওয়ার সুযোগটা কাজে লাগানোকেই প্রেরণা হিসেবে নেন মেহেদী হাসান মিরাজ।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 06:17 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

২০১৮ এশিয়া কাপের ঘটনা। টুর্নামেন্টজুড়ে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার, চোট-জর্জর দলে উদ্বোধনী জুটি যেন তাসের ঘর। ফাইনালের আগে ওপেনিংয়ে চমকের ঘোষণা দিলেন মাশরাফি বিন মুর্তজা। ম্যাচে দেখা গেল, সেই চমকের নাম মেহেদী হাসান মিরাজ। যিনি আগে কোনোদিন ইনিংস সূচনা করেননি। 

ভারতের বিপক্ষে সেদিন লিটন কুমার দাসের সঙ্গে মিলে উদ্বোধনী জুটিতে মিরাজ যোগ করেন ১২০ রান। চমৎকার সেঞ্চুরিতে ওই জুটির মূল নায়ক ছিলেন লিটনই। তবে দলের কঠিন সময়ে ৫৯ বলে ৩২ রানের ইনিংসে চাপ সামলানোর দক্ষতা ভালোভাবেই দেখান মিরাজ। 

ছয় বছর আগে পার্শ্বনায়ক হিসেবে সেই যে শুরু, সময়ের পালাক্রমে গত কয়েক বছরে চাপের মুহূর্তে দলকে উদ্ধার করার মূল নায়ক হয়ে গেছেন মিরাজ। যার সবশেষ নজির দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট। 

প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয়বারেও হতাশ করে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ১১২ রানে ড্রেসিং রুমের পথ ধরেন প্রথম ছয় ব্যাটসম্যান। এরপর শুরু হয় মিরাজের চেনা লড়াই। সঙ্গী হিসেবে পান অভিষিক্ত জাকের আলিকে। ১৩৮ রানের রেকর্ডগড়া জুটিতে দলের ইনিংস পরাজয় এড়ান দুজন। 

জাকের ফেরার পর নাঈম হাসানকে নিয়ে শুরু হয় নতুন লড়াই। এগিয়ে যান আরও কিছুটা পথ। দলের তিনশ ও মিরাজের একশর কাছাকাছি অবস্থায় পরপর আউট হন নাঈম ও তাইজুল ইসলাম। তখনও একপ্রান্তে অটল মিরাজ। 

কাগিসো রাবাদার শর্ট বল কাট করে স্লিপের ওপর দিয়ে খেলার চেষ্টায় ব্যর্থ হন মিরাজ। সেঞ্চুরি থেকে ৩ রান দূরে থামে তার অসাধারণ ইনিংস। টেস্ট ক্রিকেটে আরও একটি শতক না পেলেও, আরও একবার বিপদের কাণ্ডারি ঠিকই হন ২৬ বছর বয়সী অলরাউন্ডার। 

মিরাজের ১৯১ বলের ইনিংসে ক্রিকেটীয় সৌন্দর্য, ধ্রুপদী কিছু খুঁজতে গেলে বাদ দিতে হবে শুরুর দিকের কিছু অংশ। শুরুতে কিছুটা নড়বড়ে ছিলেন। আলগা কিছু শটও খেলেন। উইকেটে বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর তার ব্যাট থেকে আসতে থাকে চমৎকার সব অফ ড্রাইভ, স্কয়ার কাট, স্কয়ার ড্রাইভ। দারুণ দক্ষতায় খেলেন বেশ কয়েকটি ইনসাইড আউট শটও। 

অথচ ক্যারিয়ারের শুরুর দিকে শুধুই অফ স্পিনার হিসেবে বিবেচনা করা হতো মিরাজকে। ব্যাটিংয়ে ৮-৯ নম্বরে কিছু রান করলে সেটা বোনাস হিসেবেই নিতো দল। ব্যাটিং অর্ডারে একটু প্রমোশন তিনি পেয়েছেন এখন। মিরপুর টেস্টে বিশেষজ্ঞ ব্যাটসম্যান জাকের আলিকে আটে নামিয়ে মিরাজকে খেলানো হয় সাতে। তবে আরও বড় লাফ দিয়েছেন তিনি ব্যাটিংয়ের ধারাবাহিকতা ও নির্ভরতায়।  

২০১৮ এশিয়া কাপের ওই ফাইনাল থেকেই মূলত মিরাজের ব্যাটিং সত্তা কাজে লাগানোর শুরু। এরপর টেস্ট তো বটেই, ওয়ানডে আর টি-টোয়েন্টিতেও নিয়মিতই বিপদের সময়ে ত্রাণকর্তা হয়েছেন মিরাজ। 

২০২২ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ৪৫ রানে ৬ উইকেট পড়ার পর তিনি খেলেন ৮১ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস। একই বছর ভারতের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের সঙ্গে দশম উইকেটে ৫১ রানের জুটি গড়েন, পরের ম্যাচে ৬৯ রানে ৬ উইকেট পড়ার পর দুর্দান্ত সেঞ্চুরিতে চাপের মুখে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য দেখান। 

টি-টোয়েন্টিতে ওপেনিং, টপ-অর্ডারের সমস্যায় মেক-শিফট ওপেনার হিসেবেও সমাধানের নাম মিরাজ। আর টেস্টে তো তিনিই গত কয়েক বছরে দলের মূল চালিকাশক্তি। সেটিও কিনা সাত-আট নম্বরে ব্যাটিং করে। 

চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই যেমন, ৯ ম্যাচে ৫৫৪ রান ও ৩৪ উইকেট নিয়ে দুই বিভাগেই দলের সেরা মিরাজ। সবগুলো রানই ৭-৮-৯ নম্বরে নেমে করা। এতেও পরিষ্কার, স্বীকৃত ব্যাটসম্যানদের ব্যর্থতায় কতটা চাপে ব্যাটিং করতে হয় তাকে।  

পাকিস্তান সফরের দ্বিতীয় টেস্টে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ার পর লিটনের সঙ্গে মিরাজ গড়েন ১৬৫ রানের জুটি। ১২৪ বলে খেলেন ৭৮ রানের ইনিংস। এর আগের ম্যাচে মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেটে গড়ে তোলেন বাংলাদেশের রেকর্ড ১৯৬ রানের জুটি। 

মাঝে ভারত সিরিজে ব্যর্থ হলেও ঘরের মাঠে আবারও একই রূপে তিনি।  

দুই বছর আগে ভারতের বিপক্ষে অবিশ্বাস্যভাবে ওয়ানডে জেতানোর পর সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর ইনিংস খেলতে খেলতেই আবার একই ধরনের ইনিংস খেলার ‘রেফারেন্স’ পান। যা তার কাছে একটি প্রক্রিয়ার মতো। 

সেই প্রক্রিয়ায় নতুন আরেকটি ‘রেফারেন্স’ হিসেবে যুক্ত হলো প্রোটিয়াদের বিপক্ষে ৯৭ রানের ইনিংস। ম্যাচ শেষে এবার বললেন, চাপের মুখে ভালো খেলে নায়ক হওয়ার সুযোগটিই প্রেরণা হিসেবে নেন তিনি।

“আমি সবসময় কঠিন পরিস্থিতিতে উপভোগ করার চেষ্টা করি। বেশি কিছু চিন্তা করি না (ওই সময়ে)… মনে করি যে, এটা আমার জন্য একটা সুযোগ। চিন্তা করি যে, যদি ভালো খেলি, এখান থেকে ‘হিরো’ হওয়ার সুযোগ থাকবে।” 

দারুণ ইনিংস খেললেও অল্পের জন্য সেঞ্চুরি হলো না তার। চলতি বছর এ নিয়ে চারবার শতরানের আশা জাগিয়েও ব্যর্থ হলেন তিনি। পাকিস্তানে ৭৭ ও ৭৮ রানের ইনিংসের আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করেন অপরাজিত ৮১ রান। 

বারবার কাছে গিয়েও ফিরতে হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২১ সালে করা ১০৩ রানই হয়ে আছে তার ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি।  

দ্বিতীয় সেঞ্চুরির আশা জাগিয়েও করতে না পারায় আক্ষেপও কিছুটা আছে মিরাজের। 

“একটা ব্যাটসম্যান সেঞ্চুরি মিস করলে অবশ্যই খারাপ লাগে। আমারও খারাপ লাগছে। তবে সবচেয়ে বড় কথা, সেঞ্চুরি করার চেয়ে আমি যে পরিকল্পনায় খেলেছিলাম, সেটা বাস্তবায়ন করতে পারলে আরও ভালো লাগত। সেঞ্চুরি নিয়ে চিন্তা করিনি আমি। চিন্তা করেছিলাম যে, দলটাকে কোন জায়গায় নিয়ে যেতে পারি।”