উইন্ডিজ ও দ.আফ্রিকার বিপক্ষে টেস্টের ভেন্যু অদলবদল ভারতের
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের তিন ওয়ানডের সিরিজটি চেন্নাই থেকে নিউ চান্ডিগাড় ও দিল্লিতে সরিয়ে নেওয়া হয়েছে।
দুই সিরিজের দুটি টেস্টের ভেন্যু অদলবদল করেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট কলকাতার বদলে দিল্লিতে খেলবে তারা। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের প্রথম টেস্ট দিল্লির পরিবর্তে হবে কলকাতায়।
আগামী অক্টোবরে ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়বে ভারত। পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দুটি টেস্ট খেলবে তারা।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক বিবৃতিতে ২০২৪-২৫ ঘরোয়া মৌসুমের সূচিতে বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দেয়। সেখানেই ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে ভেন্যু অদলবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।
উইমেন’স বিশ্বকাপের আগে আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজটি চেন্নাই থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মেয়েদের এই সিরিজটি হবে নিউ চান্ডিগাড় ও দিল্লিতে।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের সিরিজের ভেন্যুতেও আনা হয়েছে পরিবর্তন। বেঙ্গালুরুর বদলে দুই দলের তিনটি একদিনের ম্যাচ হবে রাজকোটে।
