‘রোহিত কখনও বুমরাহকে এভাবে ব্যবহার করেনি’
ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মাদ কাইফের মতে, জাসপ্রিত বুমরাহকে ঠিকঠাক কাজে লাগাতে পারছেন না ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের পর ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ বলেছিলেন, “৭ থেকে ১৫ ওভার পর্যন্ত ওরা দুর্দান্ত ব্যাট করেছে।” মোহাম্মাদ কাইফের প্রশ্নটা এখানেই, ওই সময়ে কেন এক এক ওভারও কাজে লাগানো হয়নি জাসপ্রিত বুমরাহকে? ভারতের সাবেক এই ব্যাটসম্যানের মতে, সাবেক অধিনায়ক রোহিত শার্মা যেভাবে কাজে লাগাতেন তার মূল অস্ত্রকে, সেটা করতে পারছেন না এখনকার অধিনায়ক সুরিয়াকুমার।
আহমেদাবাদে রোববার ওই ম্যাচে ২০ রানে ৩ উইকট হারিয়ে ফেললেও শেষ পর্যন্ত ২০ ওভারে ১৮৭ রান তুলে ৭৬ রানে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।
এমন ম্যাচেও অসাধারণ বোলিং করে ৪ ওভারে স্রেফ ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নিজের জাত আবার চেনান বুমরাহ। নিজের প্রথম দুই ওভারে তিনি বিদায় করেন বিপজ্জনক দুই ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনকে।
ইনিংসের চতুর্থ ওভারের পর দীর্ঘসময় বোলিং থেকে দূরে রাখা হয় তাকে। আবার বোলিং করেন তিনি ১৭ ও ১৯তম ওভার। সেই দুই ওভারেও দুর্দান্ত বোলিং করে মাত্র আট রান দিয়ে করবিন বশের উইকেট নেন এই পেসার।
মাঝের ওই লম্বা বিরতির সময়টাতে তাণ্ডব চালায় প্রোটিয়া ব্যাটাররা। পাল্টা আক্রমণে ৫১ বলে ৯৭ রানের জুটি গড়েন ডেওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। ৭ থেকে ১৫- এই ৯ ওভারে রান আসে ১০৩!
সেই দিকটিই নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরে কাইফ বললেন, ভারতের সেরা বোলার লম্বা সময় বোলিংয়ে না থাকার ফায়দা নিয়েছে প্রোটিয়ারা।
“আমরা ম্যাচ হেরেছি ৭ থেকে ১৫ ওভারের মধ্যে। সে (সুরিয়াকুমার) বুমরাহকে শুরুতে দুটি ওভার বোলিং করিয়েছে এবং বাকি দুটি রেখে দিয়েছে শেষের জন্য। রোহিত শার্মা কখনও বুমরাহকে এভাবে ব্যবহার করেনি।”
“রোহিত মাঝের ওভারগুলোতে বুমরাহকে একটি ওভার বোলিংয়ে আনত জুটি ভাঙার জন্য। এবার তার দুই স্পেলের মধ্যে বিশাল বিরতি পড়ে গেছে।”
বুমরাহর স্পেলগুলি কোন সময়ে হওয়া উচিত, সেটির ধারণাও দিলেন কাইফ।
“ভারতীয় দলে বুমরাহর চেয়ে বড় ম্যাচ জেতানো ক্রিকেটার আর নেই। তাকে পাওয়ার প্লেতে এক ওভার ব্যবহার করতে হবে। এরপর একাদশ বা দ্বাদশ ওভারে আবার বোলিংয়ে আনতে হবে।”
