আইপিএলের নিলামে সাকিবের সঙ্গী লিটন, তাসকিন ও আফিফ
এবারের আইপিএলের নিলামে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এই চার ক্রিকেটার।
আইপিএলে নিলামে এবার প্রাথমিক তালিকায় নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। সেখান থেকে তালিকা সংক্ষিপ্ত করার পালায় কাটা গেল দুইজনের নাম। শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় টিকলেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।
নিলামে সাকিব আছেন দেড় কোটি রুপির ক্যাটেগরিতে। গত আইপিএলে দুই কোটি রুপির ক্যাটাগরিতে থেকে নিলামে দল পাননি বাংলাদেশের অলরাউন্ডার। এবার তিনি ভিত্তিমূল্য কমিয়েছেন ৫০ লাখ রুপি। লিটন, তাসকিন ও আফিফ আছে ৫০ লাখ রুপির ক্যাটাগরিতে।
চারজনের মধ্যে কেবল সাকিবেরই আছে আইপিএল খেলার অভিজ্ঞতা। লম্বা সময় ধরে তিনিই ছিলেন ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। পরে মুস্তাফিজুর রহমান নিয়মিত হন। বাঁহাতি এই পেসারকে এবারও ধরে রেখেছে তার দল দিল্লি ক্যাপিটালস।
প্রাথমিক তালিকা থেকে এবার চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের নাসুম আহমেদ ও শরিফুল ইসলামের। তারা দুজনই ছিলেন ৫০ লাখ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।
চূড়ান্ত তালিকায় নাম থাকা মানে নিলামে নাম উঠবেই, এমন নিশ্চয়তা নেই। শীর্ষ ক্যাটাগরিগুলোয় থাকা ক্রিকেটারদের নাম অবশ্যই উঠবে। তবে নিচের দিকে থাকা ক্রিকেটারদের নাম ওঠা নির্ভর করছে দলগুলির চাহিদা ও জায়গা ফাঁকা থাকার ওপর।
এবার প্রাথমিক তালিকায় থাকা ৯৯১ ক্রিকেটার থেকে ১০ দলের চাহিদা অনুযায়ী ৩৬৯ ক্রিকেটারকে শুরুতে রাখা হয় সংক্ষিপ্ত তালিকায়। পরে দলগুলির চাওয়ায় যুক্ত করা হয় আরও ৩৬ জনকে।
এই ৪০৫ ক্রিকেটারের মধ্যে ভারতীয় ২৭৩ জন ও বিদেশি ১৩২ জন। তবে দল পাবেন না তাদের মধ্যে বেশির ভাগই। গত আসরের আগে ‘মেগা’ নিলামের পর আইপিএলের এবার ‘মিনি’ নিলাম। সব দল মিলিয়ে সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটারের জায়গা ফাঁকা আছে, তার মধ্যে বিদেশি সর্বোচ্চ স্রেফ ৩০ জন।
আগামী ২৩ ডিসেম্বর কোচিতে নিলাম শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
