২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির রেকর্ড ছুঁলেন কোহলি ও রোহিত

আগামীতে তিন জনের সামনেই সুযোগ আছে রেকর্ডটি একার করে নেওয়ার।

ধোনির রেকর্ড ছুঁলেন কোহলি ও রোহিত
বাঁ থেকে মাহেন্দ্র সিং ধোনি, ভিরাট কোহলি ও রোহিত শার্মা। ছবি: আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 08:32 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

মুখোমুখি লড়াইয়ে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটি দুই দলের দুই তারকা রোহিত শার্মা ও ভিরাট কোহলির জন্য বিশেষ এক উপলক্ষ; টস হতেই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন তারা।

রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে রোববার দিনের দ্বিতীয় ম্যাচ মুখোমুখি লড়াইয়ে নেমেছেন ভারতের এই দুই ব্যাটিং গ্রেট। এটি আইপিএলে দুজনেরই ২৭৮তম ম্যাচ।

সমান সংখ্যক ম্যাচ খেলে গত আসরে রেকর্ডটি গড়েন কিংবদন্তি মাহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের সমার্থক হয়ে ওঠা ধোনির পাশে এবার বসলেন কোহলি ও রোহিত।

চলতি মৌসুমের চেন্নাই স্কোয়াডেও আছেন ধোনি। কিন্তু চোটের কারণে এবার এখনও কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত চেন্নাই ও আরেক ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে ম্যাচগুলো খেলেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

রোহিতও আইপিএলে দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন, ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত ডেকান চার্জার্সের হয়ে এবং ২০১১ থেকে এখন পর্যন্ত খেলছেন মুম্বাইয়ের হয়ে। আর কোহলি অভিষেক আসর থেকে খেলছেন বেঙ্গালুরুর হয়ে।

কিপার-ব্যাটসম্যান ধোনি আইপিএলে মোট পাঁচ হাজার ৪৩৯ রান করেছেন। রোববারের ম্যাচের আগ পর্যন্ত রোহিত করেছেন সাত হাজার ২৬৭ রান ও আইপিএলের সফলতম ব্যাটসম্যান কোহলি ৯ হাজার ৪০ রান।