একার লড়াইয়ে ভারতকে জেতালেন তিলাক
তিলাক ভার্মার অপরাজিত ফিফটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ইংল্যান্ডকে হারিয়েছে ভারত।
সতীর্থদের ব্যর্থতার দিনে জ্বলে উঠলেন তিলাক ভার্মা। রান তাড়ায় এক প্রান্ত আগলে রেখে দলকে একাই টানলেন তিনি। তার দায়িত্বশীল অপরাজিত ইনিংসে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে আরেকধাপ এগিয়ে গেল ভারত।
চেন্নাইয়ে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের জয় ২ উইকেটে। ইংল্যান্ডের ১৬৫ রান তারা পেরিয়ে যায় ৪ বল বাকি থাকতে।
টানা দুই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে স্বাগতিকরা।
লক্ষ্য তাড়ায় ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপতে থাকা ভারত শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছায় তিলাকের ব্যাটে ভর করে। তিনে নেমে ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি।
৫ ছক্কা ও ৪টি চারে ৫৫ বলে ৭২ রানের চমৎকার এক ইনিংসে ম্যাচের সেরা তিনি ছাড়া আর কে!
৩ ছক্কা ও ১ চারে ৩১ রানের ঝড়ো ইনিংসের পর দুর্দান্ত বোলিংয়ে ২৯ রান খরচায় ৩ উইকেট নেন ব্রাইডন কার্স। ইংলিশ ক্রিকেটারের অলরাউন্ড পারফরম্যান্স বিফলে গেল।
শেষের মতো শুরুটাও ভালো হয়নি ইংলিশদের। টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্রুত হারায় দুই ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেটকে হারায় তারা। ঝড়ের আভাস দিয়ে বোল্ড হন হ্যারি ব্রুক। ভারুন চক্রবর্তীর বল বুঝতেই পারেননি তিনি।
পাল্টা আক্রমণে দ্রুত রান বাড়ান জস বাটলার। আর্শদিপ সিংকে ওভারে মারেন দুই চার ও এক ছক্কা। ওয়াশিংটনের পর রাভি বিষ্ণইকেও ছক্কায় ওড়ান তিনি।
ইংলিশ অধিনায়ককে থামান আকসার প্যাটেল। ৩ ছক্কা ও ২ চারে ৩০ বলে ৪৫ রান করেন বাটলার। অভিষিক্ত জেমি স্মিথ দুই ছক্কা ও এক চারে ১২ বলে করেন ২২ রান।
রান আউট হওয়ার আগে ১৭ বলের ক্যামিও ইনিংসে দলের রানের চাকায় দম দেন কার্স। পরের ব্যাটসম্যানদের টুকটাক অবদানে ১৬৫ পর্যন্ত যেতে পারে ইংল্যান্ড।
রান তাড়ায় নামা ভারতকে চেপে ধরেন জফ্রা আর্চার ও মার্ক উড। গতিময় বোলিংয়ে প্রতিপক্ষের দুই ওপেনারকে বিদায় করেন তারা। উডের গতিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হন আভিশেক শার্মা। আর্চারের শর্ট বলে বাউন্ডারিতে ধরা পড়েন সাঞ্জু স্যামসন।
ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি সুরিয়াকুমার ইয়াদাভ। ভারত অধিনায়ককে বোল্ড করা কার্স পরে বিদায় করেন ধ্রুব জুরেলকে। হার্দিক পান্ডিয়াও পারেননি দলের হাল ধরতে।
ভীষণ বিপাকে পড়া হাল ধরতে তিলাককে দারুণ সঙ্গ দেন ওয়াশিংটন সুন্দার। উডের ওভারে ১০ রানে জীবন পেয়ে এক ছক্কা ও দুটি চার মারেন তিনি। ২৬ রান করা বাঁহাতি ব্যাটসম্যানের বিদায়ে ভাঙে গুরুত্বপূর্ণ ৩৮ রানের জুটি।
পরের ওভারে আকসার প্যাটেল ফিরে ফেলে চাপে বাড়ে তিলাকের ওপর। ৩০ বলে ৪০ রানের সমীকরণে আর্চারকে টানা দুই ছক্কা মারেন তিলাক, এক চার মারেন আর্শদিপ। ওভার থেকে আসে ১৯ রান।
আর্শদিপের বিদায়ের পর রাভি বিষ্ণইকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিলাক। ৫ বলে ২ চারে ৯ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিষ্ণইও।
তৃতীয় টি-টোয়েন্টি আগামী মঙ্গলবার রাজকোটে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২০ ওভারে ১৬৫/৯ (সল্ট ৪, ডাকেট ৩, বাটলার ৪৫, ব্রুক ১৩, লিভিংস্টোন ১৩, স্মিথ ২২, ওভারটন৫, কার্স ৩১, আর্চার ১২*, রাশিদ ১০, উড ৫*; আর্শদিপ ৪-০-৪০-১, পান্ডিয়া ২-০-৬-১, ওয়াশিংটন১-০-৯-১, আকসার ৪-০-৩২-২, বিষ্ণই ৪-০-২৭-০, ভারুন ৪-০-৩৮-২, আভিশেক ১-০-১২-১)
ভারত: ১৯.২ ওভারে ১৬৬/৮ (স্যামসন ৫, আভিশেক ১২, তিলাক ৭২*, সুরিয়াকুমার ১২, জুরেল ৪, পান্ডিয়া ৭, ওয়াশিংটন ২৬, আকসার ২, আর্শদিপ ৬, বিষ্ণই ৯*; আর্চার ৪-০-৬০-১, উড ৩-০-২৮-১, কার্স ৪-০-২৯-৩, রাশিদ ৪-০-১৪-১, ওভারটন ২.২-০-২০-১, লিভিংস্টোন ২-০-১৪-১)
ফল: ভারত ২ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তিলাক ভার্মা
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে ভারত
