২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের আগেই ফাইনাল খেলে ফেললেন ভারতীয় অধিনায়ক

শ্রীলঙ্কার বিপক্ষে রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচটিকেই ফাইনাল মনে হয়েছে ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 11:43 AM

Updated : 26 Aug 2026, 02:22 PM

ফাইনালের আগেই ফাইনাল! সুরিয়াকুমার ইয়াদাভ এমন স্বাদই পেলেন। টুর্নামেন্টের পথচলায় যে ম্যাচের গুরুত্বই ছিল না, নিয়ম রক্ষার সেই ম্যাচটিই উপহার দিল রুদ্ধশ্বাস উত্তেজনা। বেশির ভাগই একতরফা ম্যাচের এই আসরে সবচেয়ে বেশি রোমাঞ্চ ছড়াল ভারত-শ্রীলঙ্কার এই লড়াই। ভারতীয় অধিনায়কের তো মনে হয়েছে, এটিই বুঝি ফাইনাল!

এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে শুক্রবার দুবাইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার। ফেভারিট ভারত ও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আগেই।

রোমাঞ্চ ও উত্তেজনার নানা বাঁক পেরিয়ে ‘টাই’ হয় এই ম্যাচ। পরে সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারিয়ে আসরে অপরাজেয় যাত্রা ধরে রাখে ভারত। 

একটা পর্যায়ে অবশ্য ভারতকে পরাজয়ের মুখেই মনে হচ্ছিল। ২০২ রানের পুঁজি নিয়েও তাদেরকে কঠিন পরীক্ষায় ফেলেছিল শ্রীলঙ্কা। রান তাড়ায় ১১ ওভারে লঙ্কানদের রান ছিল কেবল ১টি উইকেট হারিয়ে ১৩০। ৯ উইকেট নিয়ে ৯ ওভারে ৭৩ রানের সমীকরণকে মনে হচ্ছিল সময়ের ব্যাপার শুধু। কিন্তু পরের সময়টায় ঘুরে দাঁড়ায় ভারত।

ম্যাচের পর সুরিয়াকুমার বললেন, দলের এই হাল না ছাড়া মানসিকতা তাকে মুগ্ধ করেছে। ম্যাচটিকে তিনি দেখকে চেয়েছিলেন সেমি-ফাইনাল হিসেবে, কিন্তু মাঠের লড়াইয়ে ফাইনালের ছোঁয়াই পেয়ে গেছেন। 

“এটিকেই মনে হচ্ছিল ফাইনাল! দ্বিতীয় ইনিংসের প্রথম ভাগের পর ছেলেরা দারুণ মানসিকতার পরিচয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। ওদেরকে বলেছিলাম, ম্যাচটিকে সেমি-ফাইনালের মতো করে দেখতে। সবাই যাতে সম্পৃক্ত থাকে, প্রাণশক্তি ভালো থাকে এবং এরপর যা হওয়ার তা হবে। শেষ পর্যন্ত জয়ী দলে থাকতে পেরে ভালো লাগছে।”

আপাত চোখে এই ম্যাচ থেকে ভারতের প্রাপ্তির কিছু না থাকলেও সুরিয়াকুমারের মতে, ফাইনালের জন্য অনেক রসদই তারা পেয়েছেন।

“আমি স্রেফ ছেলেদেরকে বলেছিলাম নিজেদের পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়ন করতে, ভয় না করে পরিষ্কার থেকে মাঠে নামতে। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি নিশ্চিত, সবার যা যা চাওয়ার ছিল, সবাই পেয়েছে। ফাইনালে থাকতে পেরে আমরা খুশি।”

ফাইনালে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। তবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচের ধকল কাটিয়ে দলকে আগে চনমনে হয়ে উঠতে দেখতে চান তিান। 

“আগে আজকে রাতে রিকভারি ভালো করে হোক সবার। এখনই ফাইনাল নিয়ে না ভাবি! আজকে বেশ কয়েকজনের ক্র্যাম্প হয়েছে। ভালো রিকভারির পর পরশু (রোববার) আজকের মতো একই মানসিকতা নিয়ে মাঠে নামব।”