স্টার স্পোর্টসের ওপর ক্ষুব্ধ রোহিত বললেন, ‘গোপনীয়তা লঙ্ঘন করা হচ্ছে’
ভারত অধিনায়কের মতে, এমন চলতে থাকলে সমর্থক, ক্রিকেটার ও ক্রিকেটের মধ্যে ভরসার জায়গা ভেঙে পড়বে।
আইপিএলের সম্প্রচারক স্টার স্পোর্টসের কর্মকাণ্ডে বেজায় চটেছেন রোহিত শার্মা। মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ওপেনারের অভিযোগ, বারণ করা সত্ত্বেও তার একটি ভিডিও সম্প্রচার করেছে চ্যানেলটি। এই কাজকে গোপনীয়তা লঙ্ঘন বলছেন ভারত অধিনায়ক। তার মতে, এমন চলতে থাকলে সমর্থক, ক্রিকেটার ও ক্রিকেটের মধ্যে ভরসার জায়গা ভেঙে পড়বে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গত কিছু দিন ধরে ক্রিকেটারদের বিভিন্ন ভিডিও ক্লিপ সম্প্রচার করছে স্টার স্পোর্টস। কদিন আগে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ আভিশেক নায়ারের সঙ্গে রোহিতের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়।
ইডেন গার্ডেন্সে কলকাতা-মুম্বাইয়ের ম্যাচের সময় করা ওই ভিডিওতে রোহিতকে বলতে শোনা যায়, “প্রতিটি জিনিস পরিবর্তন হচ্ছে…যেসব তাদের ব্যাপার…যেটাই হোক, ওটা আমার ঘর ভাই, যে মন্দির এখন আছে সেটা আমিই বানিয়েছি।”
একেবারে শেষে রোহিতকে বলতে শোনা যায়, “ভাই আমার কী, এটা তো আমার শেষ।”
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যায়। রোহিতের ভক্তরা ধরে নেন, এটাই মুম্বাইয়ের জার্সিতে তার শেষ আসর। হার্দিক পান্ডিয়ার কাছে অধিনায়কত্ব হারানোর পর থেকে রোহিতের মুম্বাই ছাড়ার গুঞ্জনে লাগে জোর হাওয়া।
এবারের আসরে মুম্বাই শেষ ম্যাচ খেলে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। ওই ম্যাচের সময় মুম্বাই পেসার ধাওয়াল কুলকার্নির সঙ্গে রোহিতের কথা বলার একটি ভিডিও ক্লিপ সম্প্রতি ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে এক পর্যায়ে রোহিতকে বলতে শোনা যায়, “ভাই, অডিও বন্ধ করেন। এমন একটা অডিও আমার অবস্থা খারাপ করে দিয়েছে।”
রোহিতের সেই কথাসহই স্টার স্পোর্টস ভিডিওটি সম্প্রচার করে। যদিও পরে এসব ভিডিও সরিয়ে নেওয়া হয়। চ্যানেলটির এই কাণ্ড নিয়ে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন এই ব্যাটসম্যান।
“ক্রিকেটারদের জীবন এখন অনেকটাই অনুমতি ছাড়াই প্রবেশের জায়গা হয়ে উঠেছে। বন্ধু এবং সতীর্থদের সঙ্গে অনুশীলনে বা ম্যাচের দিন গোপনে হওয়া কথাবার্তা এবং প্রতিটি পদক্ষেপ ক্যামেরায় রেকর্ড করা হচ্ছে।”
“স্টার স্পোর্টসকে আমার কথোপকথন রেকর্ড করতে নিষেধ করা হলেও তারা সেটি শোনেনি এবং এরপর সম্প্রচারও করেছে। যা গোপনীয়তার লঙ্ঘন।”
এমন চলতে থাকলে ভবিষ্যতে গুরুতর পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কার কথাও বলেন রোহিত।
“এক্সক্লুসিভ কনটেন্ট পাওয়ার চাহিদা আর কেবল ভিউ ও এনগেজমেন্টের দিকে নজর দিলে একদিন ভক্ত, ক্রিকেটার এবং ক্রিকেটের মধ্যে আস্থার জায়গাটি নষ্ট হয়ে যাবে। সবার সুবুদ্ধির উদয় হোক।”
চলতি আইপিএল মুম্বাইয়ের বেশ বাজে কেটেছে। ১৪ ম্যাচে স্রেফ ৪ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
রোহিতের ব্যক্তিগত পারফরম্যান্সও এবার তেমন একটা উজ্জ্বল ছিল না আসরে। ১৪ ম্যাচে ৪১৭ রান করেন তিনি স্রেফ ৩২.০৮ গড়ে। করেন একটি করে সেঞ্চুরি ও ফিফটি।
