২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরাজের পর লিটনও প্রস্তুত টেস্ট নেতৃত্বের জন‍্য

টেস্ট অধিনায়কত্বের প্রস্তাব এলে ফিরিয়ে দেবেন না বলে জানালেন লিটন দাস।

মিরাজের পর লিটনও প্রস্তুত টেস্ট নেতৃত্বের জন‍্য
লিটন দাস। ফাইল ছবি

বিডিনিউজ২৪

আহমেদ রিয়াদ, চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 05:44 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসানের পর টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও বললেন, টেস্টের নেতৃত্বের জন‍্য তিনি প্রস্তুত। অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজের মতো অবশ‍্য কোনো শর্ত দিলেন না তিনি।   

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামী সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলবে বাংলাদেশ। এর আগের দিন সংবাদ সম্মেলনে নেতৃত্ব নিয়ে নিজের ভাবনার কথা বললেন লিটন। 

‘‘এখন পর্যন্ত আমি এই বিষয় নিয়ে কোনো কিছুই জানি না। তারা যদি মনে করেন যোগ্য, অবশ্যই তারা আমার সঙ্গে আলোচনা করবেন। দেখা যাক তারপরে সিদ্ধান্ত কী হয়। অবশ্যই আপনি যখন খেলোয়াড় হিসেবে খেলবেন, টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব পাওয়াটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না, কেউ ‘না’ করবে। তবে তাদের পক্ষ থেকে কোনো কিছু এখনও আসেনি। দেখা যাক, কী সিদ্ধান্ত হয়।’’

জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর পদটি শূন্য। লিটন ও মিরাজের সঙ্গে বিবেচনায় আছেন সাবেক অধিনায়ক মুমিনুল হকও। আগামী মাসে আয়ারল‍্যান্ডের বিপক্ষে দুই ম‍্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে একজন অধিনায়ক ঠিক করতে হবে বিসিবির।   

২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তার নেতৃত্ব ৭ ওয়ানডেতে ৩ জয়, ২৩ টি-টোয়েন্টিতে ১৩ জয় ও ৯ হার- বাংলাদেশের ইতিহাসে অন্তত ২০ ম্যাচে নেতৃত্ব দেওয়া টি-টোয়েন্টি অধিনায়কদের মধ্যে সেরা রেকর্ড তারই। এর পাশাপাশি উইকেটের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লিটন। সব মিলিয়ে তিনি জোরালভাবেই আলোচনায়।