বাবা ১৩৭ বলে অপরাজিত শূন্য, ছেলে ৭১ বলে ৪
ইংল্যান্ডের ক্লাব ক্রিকেট ম্যাচে তাদের দল করেছে ৪৫ ওভারে ২১ রান।
‘বাজবল’ ক্রিকেট দিয়ে টেস্ট ক্রিকেটে নতুন রোমাঞ্চ বয়ে এনেছে ইংল্যান্ড। সেই দেশেরই ক্লাব ক্রিকেটের এক ম্যাচে দেখা গেল ঠিক উল্টো স্রোত। যেখানে মূল লক্ষ্য, রান করা যাবে না! একই দলে খেলা বাবা-ছেলে মিলে ২০৮ বল খেলে করলেন ৪ রান। ম্যাচ শেষে বাবা ইয়ান বেস্টউইকের সরল স্বীকারোক্তি, “একটা পর্যায়ে রান না করতেই দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আমি…।”
ডার্বিশায়ার ক্রিকেট লিগে ডিভিশন নাইনের ম্যাচে মিকলওভার থার্ড ইলেভেনের বিপক্ষে এমন ব্যাটিং পারফরম্যান্স মেলে ধরেন ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব ফোর্থ ইলেভেনের ব্যাটসম্যানরা।
ম্যাচের প্রথম ভাগে দেখা যায় বিস্ফোরক ব্যাটিং। ৩৫ ওভারে ৪ উইকেটে ২৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে মিকলওভার। তাদের ওপেনার ম্যাক্স থমসন ১৭ চার ও ১৪ ছক্কার তাণ্ডবে ১২৮ বলে খেলেন ১৮৬ রানের ইনিংস।
ডার্লি অ্যাবি ব্যাটিংয়ে নামার পর শুরু হয় আসল মজা। ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে তারা। এরপরই বাবা ও ছেলের সেই জুটি। ইয়ান বেস্টউইকট ও থমাস বেস্টউইক উইকেটে যেন তাঁবু গেড়ে বসেন। বলের পর বল, ওভারের পর ওভার পেরিয়ে যায়, আর কোনো উইকেট পড়ে না, কোনো রানও হয় না!
শেষ পর্যন্ত ম্যারাথন এই জুটি ভাঙে লিয়াম ফিঞ্চের বলে থমাস বোল্ড হলে। তার নামের পাশে তখন ৭১ বলে ৪ রান! এর মধ্যে একটি ছিল বাউন্ডারি। মানে, ৭০ বলে কোনো রান তিনি করেননি।
ছেলে আউট হলেও বাবাকে বিদায় করতে পারেননি কেউ। অপরাজিত থেকে যখন তিনি মাঠ ছাড়ছেন, তার নামের পাশে জ্বলজ্বল করছেন ১৩৭ বলে শূন্য রান!
তার দল ৪৫ ওভারে ৪ উইকেটে ২১ রান করার পর ড্র হয় ম্যাচ। সর্বোচ্চ ৯ রান আসে অতিরিক্ত থেকে।
ইয়ান বেস্টউইক ম্যাচ শেষে বিবিসি রেডিও ডার্বিকে বলেন, ‘তরুণ ও অনভিজ্ঞ’ দল নিয়ে রান তাড়ার কথা তারা একদম ভাবেননি, বরং উইকেট আগলে রাখার চ্যালেঞ্জ নিয়েছেন। ৪৮ বছর বয়সী ক্রিকেটার জানান, এই ড্রয়েই জয়ের উল্লাস করছে তার দল।
“আমাদের ড্রেসিং রুম তো উল্লাসে কাঁপছিল। উচ্ছ্বসিত ছিল সবাই। এই ম্যাচই তুলে ধরেছে, স্থানীয় ক্রিকেট কতটা ভালো হতে পারে। বোলিংয়ের সময় তিন ঘণ্টা ধরে মাঠের সব প্রান্তে ছুটোছুটি করতে হয়েছে আমাদের। ইনিংস শেষে আমাদের ছেলেরা খুবই হতাশ ছিল। কিন্তু ম্যাচ শেষে মনে হয়েছে, আমরা কাপ জিতেছি বা এরকম কিছু।”
“ড্রেসিং রুমের আবহ ছিল অসাধারণ। দুর্দান্ত পারফরম্যান্স। ব্যাটিংয়ে তো শেষ দিকে এক পর্যায়ে ব্যাপারটা এমন দাঁড়িয়েছিল, রান না করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আমি।”
এই ম্যাচের খবর ছড়িয়ে পড়তে থাকে বিশ্বময়। বাবা-ছেলেও দ্রুত বিখ্যাত হয়ে উঠতে থাকেন। ১২৮ বলে ১৮৬ রান করা থমসন আড়ালে পড়ে যান। বরং আলোচনার ঝড় তোলেন ১৩৭ বলে শূন্য করা ইয়ান বেস্টউইক।
“তাকে (থমসন) নিয়ে কেউ কোনো কথাই বলছে না! আমারটা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে… অস্ট্রেলিয়া, পাকিস্তান, কাতার, সব জায়গায় খবর হয়েছে। সারা দুনিয়া থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাচ্ছি আমি।”
এমন একটি ইনিংস খেলার পর কি ক্লান্ত লাগছে? প্রশ্ন শুনে অবাক ইয়ান বেস্টউইক, “মজা করছেন নাকি? আমি তো কিছুই করিনি, একটুও দৌড়াইনি…।”
