পারভেজ কেন চার নম্বর থেকে আবার ওপেনিংয়ে
সিলেট টাইটান্সের জয়ে পাঁচ ম্যাচে চার নম্বরে ব্যাট করে ভালো করেছেন পারভেজ হোসেন ইমন, তবে আবার তাকে ওপেনিংয়ে তুলে আনা হয়েছে।
“পারভেজ হোসেন ইমন কেন ওপেনিংয়ে?”
এই বিপিএল শুরুর আগে এমন প্রশ্ন অবান্তরই ছিল। পারভেজ তো সহজাত টপ অর্ডার ব্যাটসম্যানই। ওপেনিংই তার মূল ঠিকানা। তবে বিপিএলের মাঝামাঝি এসে সেই প্রশ্নটিই হয়ে উঠেছে যৌক্তিক। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বাঁহাতি এই ব্যাটসম্যানকে ওপেন করানোর ব্যাখ্যাও দিলেন সিলেট টাইটান্সের কোচ সোহেল ইসলাম।
নোয়াখালীর বিপক্ষে সোমবারের ম্যাচের আগ পর্যন্ত সিলেট টাইটান্স দলে ইমনের পরিচয় ছিল মিডল অর্ডার ব্যাটসম্যান। পাঁচটি ম্যাচেই খেলেছেন তিনি চার নম্বরে। পারফর্ম করেছেন দারুণ। প্রথম দুই ম্যাচেই করেন কার্যকর দুটি ফিফটি। পাঁচ ম্যাচ চারে খেলে তার রান ৫০.২৫ গড় ও ১৩৬.৭৩ গড়ে ২০১। এই ম্যাচ পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান তার।
সেই ইমনকে আবার ওপেনিংয়ে দেখা গেল নোয়াখালীর বিপক্ষে। ছোট্ট রান তাড়ায় বাঁহাতি এই ব্যাটসম্যান আউট হয়ে যান ১ রান করে।
একটি ম্যাচের ব্যর্থতা অবশ্যই বড় কিছু নয়। তবে তার ব্যাটিং পজিশন নিয়ে কৌতূহল থাকছেই। বিশেষ করে, সামনে যখন বিশ্বকাপ। সব ঠিকঠাক থাকলে প্রথম বিশ্ব আসরে খেলবেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান।
বাংলাদেশ দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে চারে নেমে ২৬ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন পারভেজ।
তার চারে নামার ক্ষেত্রে জাতীয় দলের পরিকল্পনার একটা ভূমিকা আছে, এরকম গুঞ্জন চলছিল। হঠাৎ তাকে ওপেনিংয়ে দেখেও তাই প্রশ্নটি উঠল।
তার ব্যটিং অর্ডার ঠিক করার মূল দায়িত্ব যার, সিলেটের কোচ সোহেল ইসলাম জানালেন, জাতীয় দল থেকে কোনো নির্দেশনা পেয়ে নয়, তিনি সিদ্ধান্ত নিয়েছেন দলের অবস্থা বুঝেই।
“নাহ, কোনো তথ্যই ছিল না (জাতীয় দল থেকে)। ওকে যখন চারে ব্যাট করিয়েছি, তখনও কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি। এখন ওপেনিংয়ে নামছে আমাদের দলের প্রয়োজনেই।”
“এখন মইন আলি এসেছে। এছাড়া (আজমাতউল্লাহ) ওমারজাই আছে, ইথান ব্রুকস আছে…আমার কাছে মনে হয়ছে, মিডল অর্ডারে এখন যে বিদেশি ক্রিকেটার আছে, তা অনেক ভালো। আমার কাছে মনে হয়েছে, ইমনকে ওপেনিংয়ে ব্যবহার করলে ভালো হবে। কারণ, ইমন ফর্মে আছে, যত বেশি সময় ক্রিজে থাকবে, তত ভালো হবে।”
তবে ওপেনিংয়ে ফেরানো হলেও মিডল অর্ডারে দক্ষতা দেখাতে পারায় তার উপযোগীতা বেড়ে গেছে নিশ্চিতভাবেই। পারভেজের নিজের জন্য ও দলের জন্য এটিকে দারুণ কিছুই মনে করেন কোচ।
“সাধারণত ওপেনাররা যেমন হয়, তারা পাওয়ার প্লেতে বৃত্তটা কাজে লাগায়। এরপর যখন খেলাটা বড় হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়, তখন দেখা যায় যে, ওই প্যাটার্নে ব্যাটিং করলে অনেকে সফল হয় না। কারণ, তখন প্রান্ত বদলাতে হয়, হিসেবি ঝুঁকি নিতে হয়, ধরনটা বদলে যায় খেলার। ইমন প্রমাণ করেছে, সে পাওয়ার প্লেতে খেলতে পারে এবং খেলাটাকে গভীরে নিয়ে যেতে পারে। পাওয়ার প্লের পরেও খেলার জন্য যে স্ট্রাইক রেটে খেলা উচিত বা যেভাবে খেলা উচিত, ওর মধ্যে এসব দেখতে পেয়েছি।”
