২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিল হিউজ স্মরণে ক্রিকেটের নানা আয়োজন

১০ বছর আগে অকালে ঝরে পড়া অস্ট্রেলিয়ান ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্রের স্মৃতিচারণে শেফিল্ড শিল্ডের তিনটি ম্যাচে খেলোয়াড়রা কালো ব্যান্ড পরবেন, হিউজকে স্মরণ করা হবে ভারত-অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড টেস্টেও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2024, 06:21 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

পরিবার-পরিজন থেকে শুরু করে ভক্ত-সমর্থকদের কাঁদিয়ে, ২৬তম জন্মদিনের তিন দিন আগে ওপারে পাড়ি দেন ফিল হিউজ-১০ বছর আগে ক্রিকেট দুনিয়াকে হতবিহ্বল করে দেওয়া সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি আজও নাড়া দেয় এই আঙিনার অনেক মানুষকে। তার দশম মৃত্যুবার্ষিকীর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া জানান দিল, অকালে ঝরে পড়া সেই তারকাকে ভোলেনি তারা।

২০১৪ সালের ২৫ নভেম্বর, প্রিয় ক্রিকেটের ময়দানেই প্রাণঘাতি দুর্ঘটনায় পড়েছিলেন হিউজ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে শট অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঢলে পড়েন তিনি। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানেন হিউজ। চলে যান না ফেরার দেশে, দিনটি ছিল ২৭ নভেম্বর।

তিন দিন পর ৩০ নভেম্বর ছিল তার ২৬তম জন্মদিন।  

পরের বছর দেশের মাঠে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে অস্ট্রেলিয়া। সেই টুর্নামেন্টের পুরোটা জুড়েই যেন দলের সঙ্গে ছিলেন হিউজ। প্রতিটা ম্যাচে অস্ট্রেলিয়া দলের সবাই কালো ব্যান্ড পরে মাঠে নামেন। ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর, সোনালী ট্রফিটি হাতে নিয়েও হিউজকে স্মরণ করেন ওই সময়ের অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক। বলেছিলেন, “এই রাত আমাদের ছোট ভাইকে উৎসর্গ করলাম।" 

১০ বছর পর অস্ট্রেলিয়ান ক্রিকেটে আবারও যেন ফিরলেন হিউজ, তার স্মরণে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ফিরল কালো ব্যান্ড। সেই সঙ্গে তার সম্মানে পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

শেফিল্ড শিল্ডে শনিবার মাঠে গড়ানো এই রাউন্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে হিউজের স্মরণে অস্ট্রেলিয়ার দুই সপ্তাহের আয়োজন।  

এদিন হিউজের সাবেক দল সাউথ অস্ট্রেলিয়া অ্যাডিলেইডে মাঠে নামবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর পরদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তার শৈশবের দল নিউ সাউথ ওয়েলস ও তাসমানিয়ার মধ্যে ম্যাচ এবং ব্রিজবেনের গ্যাবায় কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়ার মধ্যে লড়াই শুরু হবে।

তিনটি ম্যাচেই সব দলের খেলোয়াড়রা বাহুতে কালো ব্যান্ড পরে মাঠে নামবেন এবং চতুর্থ দিনের খেলা শুরুর আগে কিছুক্ষণ নীরবতা পালন করবেন।

সিডনি আর ব্রিজবেনের ম্যাচ দুটির শেষ দিন বুধবার কাকতালীয়ভাবে মিলে গেছে হিউজের মৃত্যুদিবস, ২৭ নভেম্বর।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৬ ডিসেম্বর, অ্যাডিলেইডে। জাতীয় দলের সঙ্গে হিউজের স্মৃতি স্মরণে এই ম্যাচকে বেছে নিয়েছে অস্ট্রেলিয়া। তাদের নানা উদ্যাগে থাকছে হিউজের পরিবারও।

হিউজের পরিবারকে সঙ্গে নিয়ে একটি ডকুমেন্টারি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যাডিলেইডে ম্যাচ শুরুর আগে সেটা প্রচার করা হবে। 

দেশের হয়ে ২৬টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা হিউজ ক্যারিয়ারের শেষ ইনিংসে ৬৩ রানে অপরাজিত ছিলেন। তাই ২০১৪ সালে ভারতের বিপক্ষে সেই অ্যাডিলেইড টেস্ট শুরুর আগে তার স্মরণে ৬৩ সেকেন্ড করতালি দিয়েছিল মাঠে উপস্থিত সবাই।