২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লিটনের ক্লাস নিয়ে সন্দেহ নেই, কিন্তু ফর্মে ঘাটতি আছে’

দীর্ঘ দিন ধরে তীব্র রানখরায় ভুগতে থাকা লিটন কুমার দাসের ওপর থেকে আস্থা কমে গেছে জাতীয় দলের নির্বাচকদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2025, 04:50 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

পাঁচ ইনিংস মিলিয়ে ছয় রান। তিনবার আউট শূন্য রানে। ২০২৪ সালে এমন পারফর্ম করা কোনো ব্যাটসম্যানের  দলে সুযোগ পাওয়া নিশ্চিতভাবেই হতো প্রশ্নবিদ্ধ। সেই প্রশ্ন তোলার সুযোগ দেননি নির্বাচকরা। রানখরায় থাকা লিটন কুমার দাসকে বাইরে রেখেই সাজানো হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল। তবে লিটন এমন একজন, তার না থাকাটাও জন্ম দেয় প্রশ্নের। প্রধান নির্বাচক বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, জানিয়েছেন তার ছন্দে ফেরার আশাবাদও।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সবচেয়ে উল্লেখযোগ্য দিক লিটনের না থাকা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকেই তেমন ছন্দে ছিলেন না তিনি। ওই আসরে স্বাগতিক ভারতের বিপক্ষে ৬৬ রানের পর আর এই সংস্করণে ফিফটি নেই তার ব্যাটে। এই সময়ে ১৩ ইনিংসে ১৩.৬৬ গড় ও ৬৫.৩৩ স্ট্রাইক রেটে তার সংগ্রহ মাত্র ১৬৪ রান। 

গত বছর খেলা পাঁচ ম্যাচে একবারও পাঁচ ছুঁতে পারেননি স্টাইলিশ ব্যাটসম্যান। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর দল থেকে জায়গা হারান তিনি। 

পরে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে সুযোগ পেলেও হাসি ফেরেনি তার ব্যাটে। প্রথম দুই ম্যাচে দুই ও চার রানে আউট হওয়ার পর শেষ ম্যাচে রানের খাতাই খোলা হয়নি তার।

তিন ম্যাচে তার আউট হওয়ার ধরনও ছিল দৃষ্টিকটূ। প্রতিবার অফ স্টাম্পের বাইরের বলে ক্যাচ দিয়েছেন তিনি। শেষ দুই ম্যাচে তো অনেক দূরের বল তাড়া করে ফিরেছেন ড্রেসিং রুমে। 

এমন ছন্দহীনতার খেসারত দিতে হলো লিটনকে। বাদ পড়লেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। 

দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে লিটনকে না রাখার পেছনে ফর্মহীনতার পাশাপাশি তার ওপর আস্থাও কমে যাওয়ার কথা বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ।

“লিটনের (না থাকার কারণ) ছন্দহীনতা। দীর্ঘদিন ধরে এই সংস্করণে রানের তীব্র খরায় ভুগছে সে। আউট হওয়ার ধরনগুলোও অনেকটা একইরকম। সাদা বলে পাওয়ার প্লের যে সুবিধা নেওয়া দরকার... ওয়েস্ট ইন্ডিজে আমরা তিনশর বেশি রানও করেছি। সেখানে (লিটনের) স্ট্রাইক রেট দেখুন… তিনি ক্রিজে থাকতে পারছেন না। স্ট্রাইক রেট নিয়ে সঙ্গীর ওপর চাপ চলে আসছে। তিন নম্বর ব্যাটসম্যান উন্মুক্ত হয়ে যাচ্ছে।” 

“তবু তার ওপর আমরা আস্থা রেখেছিলাম। অনেকগুলো ম্যাচে তাকে সুযোগ দিয়েছিলাম। মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে তাকে দলে রাখিনি। অনেক সময় একজন ব্যাটসম্যান ছন্দে না থাকলেও, আস্থার কারণে দলে সুযোগ পান। সেই জায়গায় এই মুহূর্তে তিনি ওই অবস্থানে নেই।”

চোটের কারণে ক্যারিবিয়ান সফরে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতিতে তিন ম্যাচেই তিন নম্বরে ব্যাটিং করেন লিটন। ইনিংস সূচনার দায়িত্ব পান তানজিদ হাসান ও সৌম্য সরকার। এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও ওপেনিংয়ে নামেন তারা দুজন।

প্রধান নির্বাচকের ধারণা, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সৌম্য ও তানজিদকেই ওপেনিংয়ের জন্য বেছে নেবে টিম ম্যানেজমেন্ট। তাই একাদশে এমনিতেও জায়গা হতো না লিটনের। তাই এই সময়টায় বরং নিজের ঘাটতি নিয়ে কাজ করার সুযোগ পাবেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান।

“সৌম্য সরকার ও (তানজিদ হাসান) তামিম জুটি হিসেবে ভালো করছে। সম্ভবত এই দুজনই (চ্যাম্পিয়ন্স ট্রফিতে) ইনিংস সূচনা করবে। তাই প্রথম একাদশেও তার (লিটন) জায়গা নেই। লিটনের ক্লাস, মেধা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ফর্মে ঘাটতি দেখা দিলে, সেই সংকট থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য যদি তাকে নিয়ে কাজ করতে পারি, তাহলে তাকে আরও শক্তিশালীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনতে পারব।”

“কাজ করা বলতে আমাদেরও বিশেষজ্ঞরা আছে, অ্যানালিস্ট আছে। লিটনের বিপক্ষে প্রতিপক্ষ দলের অ্যানালিস্টরা তাদের পরিকল্পনায় অনেক সফল হয়ে যাচ্ছে। সেটা ভাঙার এখনই উত্তম সময়। লিটনকে দল থেকে বের করে নেওয়ার মানে এই নয় যে, একেবারে বাদ পড়ে গেছে। সামনে অনেক খেলা আছে। আমাদের বিশেষজ্ঞরা এই সময়ে লিটনের দুর্বল জায়গাগুলোকে কীভাবে শক্তিশালী করা যায়, সেটা নিয়ে কাজ করার একটা সুযোগ পাবে।”

তবু প্রশ্ন থেকেই যায়, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে লিটনের অভিজ্ঞতাকে আরেকটি সুযোগ দেওয়া যেত কি না। বিশেষ করে দুবাইয়েই ভারতের বিপক্ষে ২০১৮ এশিয়া কাপের ফাইনালে চমৎকার এক সেঞ্চুরি করেছিলেন লিটন। একই মাঠে এবার ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও দারুণ কিছু ইনিংস খেলেছেন লিটন। দল সাজানোর সময় সেসবও বিবেচনায় ছিল, জানালেন প্রধান নির্বাচক। তবে পরের দুই ম্যাচে রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে টপ-অর্ডার থেকে রানের যে চাহিদা, তা পূরণে লিটনের ওপর আপাতত ভরসা করতে পারছেন না তারা। 

“অতীতের ইতিহাস অবশ্যই দেখা হয়। নিকট অতীত আরও বেশি দেখা হয়। আগেও বললাম, লিটনের মেধা নিয়ে আমাদের সংশয় নেই। একটা জিনিস দেখেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটো ম্যাচে তিনশ ছাড়িয়েছে আমাদের ব্যাটসম্যানরা। খুব ভালো উইকেট ছিল সেন্ট কিটসে। সেখানেও যখন একজন ব্যাটসম্যান ব্যর্থ হয়, তখন তার ওপর আত্মবিশ্বাস দেখানো খুব কঠিন হয়ে যায়।” 

“আমাদের খেলা আছে দুবাইয়ে ভারতের সঙ্গে। আর দুটো খেলা রাওয়ালপিন্ডিতে। ওই মাঠে কিন্তু খুবই ব্যাটিং সহায়ক উইকেট। ২০২৩ সালে সেখানে নিউ জিল্যান্ড ৩৩৬ রান করেও হেরে গেছে। দুই দলেরই টপ-অর্ডার রান করেছিল। তাই আপনার টপ-অর্ডারের রান করা গুরুত্বপূর্ণ। আমাদের তো টপ-অর্ডার নিয়ে আমরা শঙ্কায় আছি। এটা অস্বীকার করার উপায় নেই। তাই একজন ছন্দহীন ব্যাটসম্যানকে নেওয়া যৌক্তিক মনে করিনি।” 

দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পরে রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি লড়াই পাকিস্তানের বিপক্ষে, ২৭ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের বিপক্ষে।।