২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের নেতৃত্বাধীন বোর্ডে যারা পেলেন যে দায়িত্ব

চারজন পেয়েছেন দুই কমিটির দায়িত্ব, ছয় পরিচালক জায়গা পাননি কোনো কমিটিতে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2026, 09:49 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটিতে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন না কেউ। এবার নির্বাচিত কমিটিতেও বহাল সেই ধারা। বোর্ডের গুরুত্বপূর্ণ এই বিভাগের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পাননি কোনো পরিচালক। পেশাদার কর্মকর্তাদের দিয়েই চলবে এই বিভাগ। তাদের ওপর ছায়া হয়ে থাকবেন স্বয়ং বোর্ড প্রধান।

বিসিবি নির্বাচন ও নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পরদিন মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভা শেষে বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। 

সভাপতি তামিম ইকবাল থাকছেন ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধানের দায়িত্বে। অ্যাডহক কমিটিতেও এই দুই বিভাগেই ছিলেন তিনি। 

তামিমের মতো দুটি করে কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন শানিয়ান তানিম নাভিন, সাঈদ ইব্রাহিম আহমেদ ও ফাহিম সিন্‌হা। গ্রাউন্ডস কমিটির পাশাপাশি হাই পারফরম্যান্স বিভাগের দায়িত্বে থাকবেন শানিয়ান। সিকিউরিটি কমিটি ও টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির প্রধানের দায়িত্ব থাকবে সাঈদ ইব্রাহিমের কাঁধে। গেম ডেভেলপমেন্টের পাশাপাশি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন ফাহিম সিন্‌হা।

এছাড়া টুর্নামেন্ট কমিটির দায়িত্ব সামলাবেন চট্টগ্রামের অভিজ্ঞ সংগঠক সিরাজউদ্দিন মোঃ আলমগীর। আম্পায়ার্স কমিটির দায়িত্ব পেয়েছেন মির্জা ইয়াসির আব্বাস। 

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের দায়িত্বে থাকবেন আসিফ রব্বানি। ঢাকার ক্রিকেটে নিয়ন্ত্রক সিসিডিএম কমিটির দায়িত্বে থাকবেন চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মঈন উদ্দিন চৌধুরি। 

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ও অ্যাডহক কমিটিতে নারী উইংয়ের দায়িত্বে ছিলেন নারী পরিচালক। এবার নারী পরিচালক নেই, দায়িত্বটি পাচ্ছেন অভিজ্ঞ সংগঠক রফিকুল ইসলাম বাবু। অ্যাডহক কমিটিতে তিনি ছিলেন গ্রাউন্ডস কমিটির দায়িত্বে। 

এছাড়া বয়সভিত্তিক ক্রিকেট কমিটির দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। আরেক অভিজ্ঞ সংগঠক মাসুদুজ্জামান মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের দায়িত্বে থাকবেন আসিফ রব্বানি।

বিসিবিতে ২৩ কার্যকরী কমিটির বিপরীতে ২১ কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগের মতো বাংলাদেশ টাইগার্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। 

নির্বাচনের পরদিন রাজশাহী থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মীর শাকরুল আলম সীমান্ত পদত্যাগ করায় বর্তমানে বিসিবির পরিচালক সংখ্যা ২৪। তাদের মধ্যে বিভিন্ন কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন ১৮ জন। বাকি ৬ জনের মধ্যে খুলনা থেকে নির্বাচিত সরফরাজ আহমেদ ও মির্জা ফয়সল আমিনকে দুইটি কমিটির সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি চারজনকে কোনো দায়িত্বই দেওয়া হয়নি। যারা দায়িত্ব পাননি তারা হলেন- মিজানুর রহমান, শান্তুনু ইসলাম, শফিকুল আলম ও সাকিফ আহমেদ সালাম।

যারা পেলেন যে দায়িত্ব: 

ওয়ার্কিং কমিটি- তামিম ইকবাল

গেম ডেভেলপমেন্ট- ফাহিম সিন্‌হা

গ্রাউন্ডস কমিটি- শানিয়ান তানিম

বয়সভিত্তিক ক্রিকেট কমিটি- মিনহাজুল আবেদিন, সহ-সভাপতি: সরফরাজ আহমেদ

মার্কেটিং কমিটি- মাসুদুজ্জামান, সহ-সভাপতি: আসিফ রব্বানি

হাই পারফরম্যান্স কমিটি- শানিয়ান তানিম

ডিসিপ্লিনারি কমিটি- আব্দুল কাইয়ুম চৌধুরি, সহ-সভাপতি: মির্জা ফয়সল আমিন

নারী বিভাগ- রফিকুল ইসলাম বাবু

ফিন্যান্স কমিটি- ইসরাফিল খসরু

সিকিউরিটি কমিটি- সাঈদ ইব্রাহিম আহমেদ

টুর্নামেন্ট কমিটি- সিরাজউদ্দিন মোঃ আলমগীর, সহ-সভাপতি: এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ

লজিস্টিকস কমিটি- ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, সহ-সভাপতি: ইসরাফিল খসরু

আম্পায়ার্স কমিটি- মির্জা ইয়াসির আব্বাস

ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটি- তামিম ইকবাল

মেডিকেল কমিটি- সরকার মাহবুব আহমেদ শামীম

ওয়েলফেয়ারস কমিটি- শেখ মোঃ রুহুল আমিন

টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি- সাঈদ ইব্রাহিম আহমেদ

মিডিয়া কমিটি- আসিফ রব্বানি

অডিট কমিটি- সাঈদ বিন জামান

সিসিডিএম - মঈন উদ্দিন চৌধুরি

ফিজিক্যাল চ্যালেঞ্জড কমিটি- এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ

বিপিএল গভর্নিং কাউন্সিল- ফাহিম সিনহা, সদস্য সচিব: মাসুদুজ্জামান