২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

হেলমেটে বলের আঘাতে টেস্ট শেষ জিম্বাবুয়ে ওপেনারের

প্রথম টেস্টের বাকি অংশ থেকে ছিটকে যাওয়া ব্রায়ান বেনেটের কনকাশন বদলি হিসেবে সুযোগ পেয়েছেন প্রিন্স মাসভাউরে।

হেলমেটে বলের আঘাতে টেস্ট শেষ জিম্বাবুয়ে ওপেনারের
প্রথম টেস্টে আর খেলতে পারবেন না ব্রায়ান বেনেট। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 05:42 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

দক্ষিণ আফ্রিকার পেসার কিউনা মাফাকার বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে প্রথম টেস্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। তার কনকাশন বদলি হিসেবে সুযোগ পেয়েছেন প্রিন্স মাসভাউরে।

বুলাওয়ায়োতে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ৪১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করার পর রোববার দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। প্রথম পাঁচ ওভারের মধ্যে তারা হারায় টাকুদজোয়ানাশে কাইটান ও নিকোলাস ওয়েলচকে।

ষষ্ঠ ওভারের শেষ বলে তরুণ বাঁহাতি পেসার মাফাকার শর্ট ডেলিভারি হুক করার চেষ্টায় বেনেটের হেলমেটে আঘাত করে। অবশ্য ফিজিওর চিকিৎসা নিয়ে কনকাশন পরীক্ষায় উৎরে ব্যাটিং চালিয়ে যান তিনি। পরের ওভারে খেলেন আরও তিনটি বল। কিন্তু এরপরই মাঠ ছেড়ে যান ২১ বছর বয়সী ব্যাটসম্যান।

তখন ২৮ বলে ১৯ রানে ব্যাট করছিলেন বেনেট।

সবশেষ টেস্টে গত মাসে ট্রেন্ট ব্রিজে ১৩৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে। তাকে হারানো তাই জিম্বাবুয়ের জন্য বড় ধাক্কা। 

বদলি হিসেবে সুযোগ পাওয়া ৩৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান মাসভাউরে ৯ টেস্টের সবশেষটি খেলেছেন গত বছরের জুলাইয়ে।