২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ইংলিশ ব্যাটসম্যান রবিন স্মিথের মৃত্যু

৬২ বছর বয়সে অস্ট্রেলিয়ায় নিজের বাড়িতে মারা গেছেন রবিন স্মিথ।

সাবেক ইংলিশ ব্যাটসম্যান রবিন স্মিথের মৃত্যু
কাউন্টির সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন রবিন স্মিথ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 08:23 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

গত শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকে বিশ্বের দ্রুতগতির ফাস্ট বোলারদের সামলানোয় আলাদা পরিচিতি ছিল যার, সেই রবিন স্মিথ আর নেই। ৬২ বছর বয়সে অস্ট্রেলিয়ার পার্থে নিজ বাড়িতে সোমবার মারা গেছেন ইংল্যান্ডের সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যান। 

স্মিথের পরিবার মঙ্গলবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। 

১৯৮৮ থেকে ১৯৯৬ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে স্মিথ খেলেন ৬২ টেস্ট। ৯ সেঞ্চুরিতে ৪৩.৬৭ গড়ে রান করেন ৪ হাজার ২৩৬। এছাড়া ৭১ ওয়ানডেতে ৪ সেঞ্চুরিতে ৩৯.০১ গড়ে রান করেন ২ হাজার ৪১৯। ১৯৯২ বিশ্বকাপের ফাইনালে ওঠা ইংল্যান্ড দলের অংশ ছিলেন তিনি।

হেডিংলিতে স্মিথের টেস্ট অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবিয়ানদের সেই দলে ছিলেন ম্যালকম মার্শাল, কার্টলি অ্যামব্রোস ও কোর্টনি ওয়ালশের মতো ভয়ঙ্কর ফাস্ট বোলাররা। ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে সাহসী ব্যাটসম্যানদের একজন বলা হয় তাকে। দক্ষ ছিলেন স্কয়ার কাটে।

স্মিথের সর্বোচ্চ টেস্ট ইনিংস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ১৯৯৪ সালে অ্যান্টিগায় ড্র হওয়া ম্যাচে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ওই ম্যাচেই তখনকার বিশ্ব রেকর্ড ৩৭৫ রানের ইনিংস খেলে সব আলো কেড়ে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা।

ওয়ানডেতে স্মিথের সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৬৭, ১৯৯৩ সালে এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই সংস্করণে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড হিসেবে যা টিকে ছিল ২৩ বছর।   

দক্ষিণ আফ্রিকার ডারবানে জন্ম নেওয়া স্মিথ হ্যাম্পশায়ারে যোগ দিতে ১৯৮৩ সালে পাড়ি জমান ইংল্যান্ডে। পরবর্তীতে কাউন্টির সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন তিনি। 

প্রথম শ্রেণির ক্রিকেটে সব মিলিয়ে ৪২৬ ম্যাচে ৪১.৫১ গড়ে তিনি করেন ২৬ হাজার ১৫৫ রান। সেঞ্চুরি ৬১টি।