অভিষেকের বছরেই শাহাদাতকে ছাড়িয়ে হাসানের রেকর্ড
টেস্ট ক্রিকেটে সম্ভাবনাময় শুরুর পথচলায় দারুণ এক রেকর্ড গড়েছেন হাসান মাহমুদ।
'নিতিন ভাই আউট দিছে মানে আউট, কোনো কথা নেই'- জশুয়া দা সিলভা রিভিউ নেওয়ায় থেমে যাওয়া উদযাপনের জটলার মাঝে বাংলাদেশের দলের কেউ একজন বললেন। পরে রিপ্লেতে দেখা যায়, নিতিন মেননের সিদ্ধান্তই সঠিক। আরেকবার উল্লাসে মাতে বাংলাদেশ। এই উইকেটেই দারুণ এক রেকর্ড গড়েন হাসান।
জশুয়াকে ফিরিয়ে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে দারুণ শুরুর পর আলজারি জোসেফকেও আউট করে দেন হাসান। বাংলাদেশের পেসারদের মধ্যে সাদা পোশাকের ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনি।
টেস্ট অভিষেকের বছরেই দারুণ এই অর্জন ধরা দিল ২৫ বছর বয়সী পেসারের। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে যাত্রা শুরুর পর আলজারির উইকেট পর্যন্ত চলতি বছর ১৩ ইনিংসে হাসানের শিকার ২৫টি।
২০০৮ সালে ১৪ ইনিংসে ২৩ উইকেট নিয়ে এতদিন রেকর্ডটি ছিল শাহাদাত হোসেনের। সেই বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়ে বছর শুরু করেছিলেন শাহাদাত, যা এখনও টেস্টে বাংলাদেশের পেসারদের সেরা বোলিং।
এরপর ৮ ইনিংসে আরও ১৭ উইকেট নিয়েছিলেন টেস্ট দলের একসময়ের নিয়মিত পেসার। বছরের শেষ ৫ ইনিংসে কোনো সাফল্য পাননি তিনি। তাই তার রেকর্ড উইকেটের সংখ্যাটা আরও বড় হয়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৬ উইকেট নিয়ে যাত্রা শুরু করেন হাসান। পরে পাকিস্তান গিয়ে প্রথম তিন ইনিংসে ৩ উইকেটের বেশি নিতে পারেননি তিনি। তবে সফরের শেষ ইনিংসে তরুণ পেসার পেয়ে যান প্রথম ৫ উইকেটের স্বাদ।
পরে ভারত সফরে গিয়ে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেও ৫ উইকেট নেন হাসান। বাকি তিন ইনিংস অবশ্য তেমন ভালো কাটেনি তার। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্টে ৩ উইকেট নিয়ে শাহাদাতের রেকর্ডে ভাগ বসান তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রথম ইনিংসেই তিনি ছাড়িয়ে গেলেন অগ্রজ পেসারকে।
দ্বিতীয় দিনের প্রথম ওভারে ভেতরে ঢোকা ডেলিভারিতে জশুয়াকে এলবিডব্লিউ করে রেকর্ড গড়েন হাসান। রিভিউ নিলেও ফায়দা হয়নি ক্যারিবিয়ান উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। আম্পায়ার্স কলে বিদায়ঘণ্টা বেজে যায় তার।
নিজের পরের ওভারে অফ স্টাম্প ঘেঁষা চমৎকার ডেলিভারিতে আলজারিকে ফেরান রেকর্ড গড়া পেসার। ব্যাটের কানায় লেগে গালি দিয়ে তীব্র গতিতে বেরিয়ে যাওয়া বল লাফিয়ে মুঠোয় নেন জাকির হাসান।
হাসান ও শাহাদাত ছাড়া বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে টেস্টে অন্তত ২০ উইকেট নেওয়ার নজির আছে আর দুজনের- ইবাদত হোসেন (২০২২ সালে ২১ উইকেট) ও সৈয়দ খালেদ আহমেদ (২০২২ সালে ২০ উইকেট)।
বিশ্ব ক্রিকেটে পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ডেনিস লিলির। ১৯৮১ সালে মাত্র ২৫ ইনিংসে ৮৫ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার।
আর সব মিলিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড তাইজুল ইসলামের। ২০১৮ সালে ১৩ ইনিংসে ৪৩ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার। ওই বছর ১৪ ইনিংসে মেহেদী হাসান মিরাজ ধরেছিলেন ৪১ শিকার।
বিশ্ব ক্রিকেটে এই রেকর্ডটি শেন ওয়ার্নের। ২০০৫ সালে ৩০ ইনিংসে ৯৬ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার স্পিন জাদুকর।
