২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের কাছে শান্তর যে প্রশ্ন

অস্ট্রেলিয়া সফরে দলের প্রতি সবার প্রত্যাশা জেনে নিলেন অধিনায়ক।

সাংবাদিকদের কাছে শান্তর যে প্রশ্ন
সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 07:44 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

অস্ট্রেলিয়া সফরের আগে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে চমকে দিলেন নাজমুল হোসেন শান্ত। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে সাংবাদিকদের কাছে বাংলাদেশ টেস্ট অধিনায়ক জানতে চাইলেন, দলের কাছে তাদের প্রত‍্যাশা কী? সম্পূরক প্রশ্নও করলেন তিনি। পরে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে বললেন নিজের প্রত‍্যাশার কথাও।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুর তিনটার খানিক পর সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সবকিছু প্রস্তুতের পর যথারীতি বিসিবি মিডিয়া ম্যানেজার বললেন, “শুরু করি।” সবাই প্রস্তুত হচ্ছিলেন অধিনায়ককে প্রশ্ন করার জন‍্য। তখন হুট করে শান্ত নিজেই একটি প্রশ্ন করলেন সাংবাদিকদের। 

অধিনায়ক জানতে চাইলেন, "এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা (দলের কাছে) কী প্রত্যাশা করছেন? আমাদের দল কেমন করবে?”

একজন সাংবাদিক উত্তর দিলেন, “ভালো খেলা।”

তিনি নিজে এই উত্তর দিলে উপস্থিত সাংবাদিকরা খুশি হতেন কি-না, তা নিয়েও মজা করেন অধিনায়ক, “এই উত্তর আমি দিলে পছন্দ হতো?”

এর মাঝেই আরেকজন বললেন, “একটা (টেস্ট) ড্র হলে আমরা মনে হয় কিছুটা খুশি হতে পারি।”

তখন অন্য একজন দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশারের প্রত্যাশার কথা মনে করিয়ে দিয়ে বললেন, “এর উত্তরটা সুমন ভাই দিয়ে গেছেন। সম্মান নিয়ে ফিরতে চান।” 

অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলকে নিয়ে থাকা সাংবাদিকদের প্রত্যাশা জেনে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হন শান্ত। সেখানে ‘অবাস্তব’ কোনো স্বপ্ন দেখাননি বাঁহাতি এই ব্যাটসম‍্যান। বরং, দলের সামর্থ্য মাথায় রেখে নিজের প্রত্যাশা জানান।

২৩ বছরের বিরতি কাটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দলে থাকা কোনো ক্রিকেটারের নেই দেশটিতে সাদা পোশাকে ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতা। সেই বাস্তবতা মেনে অধিনায়কের সহজ-সরল স্বীকারোক্তি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে।

সেই চ্যালেঞ্জ উতরে নিজেদের পারফরম্যান্সের যেন অবনতি না হয় সেদিকে খেয়াল রাখাটাই অধিনায়কের মূল লক্ষ্য।

“আমরা গত কিছু বছর ধরে যেভাবে টেস্ট ক্রিকেট খেলছি, চেষ্টা করব সেভাবেই খেলার। কন্ডিশন ভিন্ন হবে, তাই যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। আলাদা কোনো পরিকল্পনা নেই। টেস্ট দলটা একটা ভালো অবস্থানে আছে। এই জায়গা থেকে আমরা যেন নিচের দিকে না যাই এবং সামনে আরও কীভাবে উন্নতি করতে পারি, সেটাই মূল লক্ষ্য থাকবে।

“আমাদের চেষ্টা থাকবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে জয় ছিনিয়ে আনার।”

পরে, প্রধান নির্বাচকের কথায় তাল মিলিয়ে এই ২৭ বছর বয়সী ক্রিকেটার বলেন, প্রতিপক্ষের কাছ থেকে সম্মান আদায়ের চেষ্টা থাকবে তাদের। পাশাপাশি, ভবিষ্যতে অস্ট্রেলিয়া যেন ফের ঘরের মাঠে সাদা পোশাকে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়, তা নিশ্চিত করতে চান।

“আমাদের মূল লক্ষ্য থাকবে ওখানে (অস্ট্রেলিয়ায়) ভালো ক্রিকেট খেলা এবং সম্মান অর্জন করা। যদি প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে পারি, অবশ্যই তারা ভবিষ্যতে আবার আমন্ত্রণ জানাবে। প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলি। তবে, ওদেরকে (অস্ট্রেলিয়া) কতটুকু কঠিন সময় দিতে পারি, সেটা গুরুত্বপূর্ণ।”