বিগ ব্যাশ অভিষেকে ব্যর্থ বাবর
ইনিংস শুরু করতে নেমে স্রেফ পাঁচ বল খেলতে পারেন সিডনি সিক্সার্সের ওপেনার।
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে প্রথমবার খেলতে গিয়ে শুরুটা একদমই ভালো হলো না বাবর আজমের। স্রেফ পাঁচটি বল খেলতে পারলেন সিডনি সিক্সার্সের ওপেনার।
প্রতিযোগিতাটির পঞ্চদশ আসরের উদ্বোধনী ম্যাচে রোববার পার্থ স্কর্চার্সের মুখোমুখি হয় সিডনি সিক্সার্স। এই লড়াই দিয়ে অভিষেক হয় বাবরের।
বৃষ্টির বাধায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১১ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নামা সিক্সার্সের হয়ে ইনিংস শুরু করতে নামেন বাবর। কেবল ২ রান করে ড্রেসিং রুমে ফিরে যান তিনি।
ব্যাটিংয়ে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন বাবর। মুখোমুখি প্রথম বলে মিড-অনে খেলেন তিনি, পাননি কোনো রান। পরের দুই বলেও রানের খাতা খুলতে পারেননি পাকিস্তানের তারকা ব্যাটসম্যান।
ওই দুই ডেলিভারির দ্বিতীয়টিতে তো অল্পের জন্য বেঁচে যান বাবর। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে ডাবল নিয়ে রানের খাতা খোলেন তিনি। পরের বলেই বাজে তার বিদায়ঘণ্টা। ব্রডি কাউচের ডেলিভারিটি বোলারের মাথার উপর দিয়ে খেলার চেষ্টায় টাইমিং করতে পারেননি ঠিকমতো। মিড অনে সহজ ক্যাচ নেন লরি ইভান্স।
সিক্সার্সের হয়ে ২ ছক্কা ও ৬ চারে ২১ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন জ্যাক এডওয়ার্ডস। ৫ উইকেট হারিয়ে ১১৩ রান করে তারা।
রান তাড়ায় ৫ ছক্কা ও ৩ চারে ৩১ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন কুপার কনোলি। তার নৈপুণ্যে পাঁচ বল বাকি থাকতে পাঁচ উইকেটে জিতে যায় স্কর্চার্স।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এনিয়ে সবশেষ ১০ ইনিংসে চারবার দুই অঙ্ক ছুঁতে পারলেন না বাবর। এর মধ্যে তিনবারই আউট হন তিনি রানের খাতা খোলার আগে। এই ১০ ইনিংসে অবশ্য দুটি ফিফটিও করেছেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান।
এই সংস্করণে সব মিলিয়ে ৩২৯ ম্যাচে খেলে ১১ হাজার ৫৩৮ রান করেছেন বাবর। তার নামের পাশে সেঞ্চুরি ১১টি ও ফিফটি ৯৫টি। টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল ক্রিস গেইলের, ২২টি।
