২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের আতহার

দুই আম্পায়ারের পর এবার বাংলাদেশের ধারাভাষ্যকারও থাকছেন বিশ্বকাপে।

বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের আতহার
দীর্ঘদিন ধরে ধারাভাষ্য দিচ্ছেন আতহার আলি খান। ছবি: আতহারের ফেইসবুক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 12:03 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

দুই আম্পায়ারের পর বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধি থাকছে আরও একজন। বাংলাদেশ দল বিশ্বকাপে না থাকলেও ধারাভাষ্যে থাকছেন আতহার আলি খান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিভি ও ডিজিটাল সম্প্রচারে তারকাখচিত ধারাভাষ্য প্যানেলের নাম আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে শুক্রবার। সেখানে আছে আতহারের নাম। 

৬৩ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিচ্ছেন দুই যুগের বেশি সময় ধরে। বাংলাদেশের বিভিন্ন সিরিজ ছাড়াও আইসিসি আসরগুলোয় ধারাভাষ্য কক্ষে তার উপস্থিতি ছিল নিয়মিত। তার পরও এবারেরটি উল্লেখযোগ্য, কারণ নিরাপত্তা শঙ্কায় ভারত সফরে যেতে না চাওয়ায় বাংলাদেশ দলই বাদ পড়ে গেছে বিশ্বকাপে।

দল না থাকলেও বাংলাদেশের দুই আম্পায়ার এলিট প্যানেলের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেলের বিশ্বকাপে থাকা আগেই নিশ্চিত করেছিল আইসিসি।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারত ও শ্রীলঙ্কার আট ভেন্যুতে ছয়টি প্রোডাকশ ক্রু দল সম্প্রচার কাজে নিয়োজিত থাকবে। ৪৫টি পর্যন্ত ক্যামেরা থাকবে মাঠে। সব মিলিয়ে ৭২০ জন ব্রডকাস্ট কর্মী কাজ করবেন গোটা আসরকে দর্শকদের সামনে তুলে ধরতে।

ধারাভাষ্যকারের তালিকায় পরিচিত ও জনপ্রিয় নামগুলির পাশাপাশি থাকছে কিছু নবীন ও চমকপ্রদ নামও। তাদের মধ্যে উল্লেখযোগ্য অ্যাঞ্জেলো ম্যাথিউস ও টেম্বা বাভুমা। দুজনেরই এবার অভিষেক হচ্ছে আইসিসি আসরে ধারাভাষ্যে। ম্যাথিউস আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও পুরোদমে খেলছেন বাভুমা। তবে দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক জায়গা হারিয়েছেন টি-টোয়েন্টি দল থেকে।

ভারত ও শ্রীলঙ্কায় এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে শনিবার। 

ধারাভাষ্য প্যানেলে আছেন যারা: 

রাভি শাস্ত্রি, নাসের হুসেইন, ইয়ান, স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বাদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাথওয়েট, ওয়েন মর্গ্যান, ওয়াসিম আকরাম, সুনিল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রামিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেসি মার্টিন, হার্শা ভোগলে, মপুমেলেলো এমবাংওয়া, ন্যাটালি জার্মনস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্স, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আতহার আলি খান, ক্যাস নাইডু, বাজিদ খান, রাওনাক কাপুর, নায়াল ও’ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লিওনার্ড, রাসেল আর্নল্ড, রোশান আবেসিংহে, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও টেম্বা বাভুমা।