লাইভ: আরেকটি দারুণ দিন শেষে সিরিজ জয়ের দুয়ারে বাংলাদেশ
চতুর্থ দিনের খেলা শেষে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৩ রান, পাকিস্তানের ১০ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২
পাকিস্তান ২য় ইনিংস: ১৭২
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ১৮৫) ৭ ওভারে ৪২/০
বৃষ্টিতে দুই ঘণ্টা আগেই শেষ খেলা
দিনের শেষ বাগড়া বাধাল প্রকৃতি। চা বিরতির পর খেলা হলো মাত্র এক ওভার। আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে বন্ধ হয়ে গেল চতুর্থ দিনের খেলা।
সব মিলিয়ে সোমবার খেলা হয়েছে ৫০ ওভার। এতেই জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়ে তুলেছে বাংলাদেশ। হাসান মাহমুদ ও নাহিদ রানার তোপে পাকিস্তানকে ১৭২ রানে গুটিয়ে দিয়েছে তারা।
১৮৫ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৭ ওভারে জাকির হাসান ও সাদমান ইসলাম মিলে করেছেন ৪২ রান। ম্যাচের শেষ দিন সবকটি উইকেট বাকি রেখে বাংলাদেশকে করতে হবে আর ১৪৩ রান।
তবে মঙ্গলবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দিনের শুরু থেকেই আকাশে থাকতে পারে মেঘের উপস্থিতি। তাই হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে বাংলাদেশের ম্যাচ জয়ের বড় সুযোগ। অবশ্য ড্র হলেও সিরিজ জিতবে বাংলাদেশই।
দিনের শুরুতে সাইম আইয়ুবকে ফেরান তাসকিন আহমেদ। বাকি সময় নাহিদ আর হাসানের তাণ্ডব। ১৭তম ওভারে আক্রমণে এসে পরপর তিন ওভারে শান মাসুদ, বাবর আজম ও সাউদ শাকিলকে ফেরান নাহিদ।
ওই স্পেলে মোহাম্মদ রিজওয়ানকেও আউট করতে পারতেন নাহিদ। স্লিপে ক্যাচ ছেড়ে দেন সাদমান ইসলাম। জীবন পেয়ে ৪৩ রানের ইনিংস খেলেন রিজওয়ান। নতুন স্পেলে ফিরে তাকে থামান হাসান।
এরপর আরও দুই উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পূর্ণ করেন হাসান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪৪ রানে ৪ উইকেট নেন নাহিদ।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন সালমান আলি আঘা।
পরে রান তাড়ায় আগ্রাসী শুরু করেন জাকির। চা বিরতির আগেই ৬ ওভারে বাংলাদেশ করে ৩৭ রান। শেষ সেশনে খেলা হওয়া একমাত্র ওভারের শেষ বলেও বাউন্ডারি মারেন বাঁহাতি ওপেনার।
শেষ দিনে ২৩ বলে ৩১ রান নিয়ে জাকির ও ১৯ বলে ৯ রান নিয়ে সাদমান খেলা শুরু করবেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২
পাকিস্তান ২য় ইনিংস: ১৭২
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ১৮৫) ৭ ওভারে ৪২/০ (জাকির ৩১*, সাদমান ৯*; হামজা ৩-১-১২-০, শাহজাদ ৩-০-২৩-০, আবরার ১-০-৫-০)
কমছে খেলা শুরুর আশা
তেমন বৃষ্টি নেই রাওয়ালপিন্ডির মাঠে। কিন্তু মেঘের কারণে কালো হয়ে আছে আকাশ। কিছুক্ষণ পরপর হচ্ছে বজ্রপাত। তাই মাঠে কাউকে দেখা যাচ্ছে না। উইকেট ও এর চারপাশের জায়গা ঢেকে দেওয়া হয়েছে কভার দিয়ে।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত দিনের খেলার সীমা। তবে প্রয়োজন ৬টা ৪৫ মিনিট পর্যন্ত বাড়ান যাবে সময়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আজকের দিনে আর খেলা শুরুর সম্ভাবনা নেই বললেই চলে।
আলোকস্বল্পতায় খেলা বন্ধ
চা বিরতির পর মাত্র এক ওভার হওয়ার পরই আলোকস্বল্পতায় বন্ধ হয়ে গেল খেলা। আকাশে মেঘের ঘনঘটা। জ্বালিয়ে দেওয়া হয়েছে মাঠের সবগুলো ফ্লাডলাইট। তবে খেলা চালিয়ে নেওয়ার মতো আলো নেই।
৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪২ রান। জয় থেকে ১৪৩ রান দূরে তারা।
জাকির হাসান ২৩ বলে ৩১ ও সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে অপরাজিত।
হাসান-নাহিদের হাত ধরে বাংলাদেশের আরেকটি সেশন
পেসারদের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় টেস্টেও জয়ের সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদ, নাহিদ রানার তোপে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনও নিজেদের করে নিয়েছে তারা।
মধ্যাহ্ন বিরতির পর ৫৫ রানে পাকিস্তানের শেষ ৪ উইকেট নিয়েছে বাংলাদেশ। পরে ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ ওভারে তারা করেছে ৩৭ রান।
চা বিরতির পর বাকি পুরো ১০ উইকেট রেখে বাকি থাকা ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নামবেন জাকির হাসান ও সাদমান ইসলাম।
ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন হাসান। নাহিদ ক্যারিয়ার সেরা বোলিংয়ে পেয়েছেন ৪ উইকেট। প্রথমবার ইনিংসে পুরো ১০ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা।
রান তাড়ায় এখন পর্যন্ত আগ্রাসী ব্যাটিং করেছেন জাকির। ১ চারের সঙ্গে ২ ছক্কায় তার সংগ্রহ ২১ বলে ২৭ রান। ১৫ বলে ৮ রানে অপরাজিত আরেক ওপেনার সাদমান ইসলাম।
রিজওয়ানের জায়গায় সারফারাজ
ব্যাটিংয়ের সময় নাহিদ রানার বাউন্সারে মাথায় আঘাত পাওয়া মোহাম্মদ রিজওয়ান ফিল্ডিংয়ে নামেননি। তার বদলি হিসেবে কিপিং গ্লাভস হাতে নেমেছেন সারফারাজ আহমেদ।
৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৬ রান। জাকির হাসান ১৩ বলে ১৪ ও সাদমান ৫ বলে ০ রানে অপরাজিত।
লিটনের রেকর্ড
ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা লিটন কুমার দাস কিপিংয়েও গড়লেন নতুন রেকর্ড। দুই ম্যাচে ৬টি করে সিরিজে তার ডিসমিসাল মোট ১২টি। বাংলাদেশের হয়ে এক সিরিজে এটিই সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড।
নতুন রেকর্ড গড়ার পথে ৮টি ক্যাচ ও ৪টি স্টাম্পিং করেন লিটন। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে মুশফিক রহিমের ১১ ডিসমিসাল ছিল এত দিনের রেকর্ড।
দুই ম্যাচের সিরিজে ডিসমিসালের বিশ্ব রেকর্ড থেকে অবশ্য অনেকটা পিছিয়ে লিটন। ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে ১৫টি ক্যাচের সঙ্গে ১টি স্টাম্পিং করেছিলেন পাকিস্তানের কামরান আকমল।
পেসারদের রেকর্ড
ঐতিহ্যগতভাবে স্পিনারদের জন্য পরিচিত বাংলাদেশ দলের পেসাররা এবার গড়লেন অনন্য কীর্তি। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সবকটি উইকেট নিলেন তিন পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ।
টেস্টে এবারই প্রথম এক ইনিংসে পুরো ১০ উইকেট নিলেন বাংলাদেশের পেসাররা। এর আগে ৪ ইনিংসে ৯টি করে উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন পেসাররা।
হাসানের রেকর্ড
বাংলাদেশের সপ্তম পেসার হিসেবে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিলেন হাসান মাহমুদ। পাকিস্তানের বিপক্ষে তিনিই প্রথম। এজন্য ১০.৪ ওভারে তার খরচ মাত্র ৪৩ রান।
হাসানের চেয়ে কম রানে ৫ উইকেট নেওয়া বাংলাদেশি পেসার শুধু শাহাদাত হোসেন। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
হাসানের পঞ্চম, ১৭২ রানে অলআউট পাকিস্তান
নাহিদ রানার সঙ্গে অন্যরকম প্রতিযোগিতায় জিতে গেলেন হাসান মাহমুদ। মির হামজাকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট নিলেন ২৪ বছর বয়সী পেসার। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের কোনো পেসারের এটাই প্রথম ৫ উইকেট।
হাসানের ভেতরে ঢোকা ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় হামজার ব্যাট-প্যাড হয়ে চলে যায় স্লিপে। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন হামজা।
রিপ্লেতে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলানোর মতো শক্ত প্রমাণ পাননি টিভি আম্পায়ার। তাই বহাল থাকে আউটের সিদ্ধান্ত।
১৭২ রানে গুটিয়ে গেল পাকিস্তান। ম্যাচ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৮৫ রানের।
মাত্র ৪৩ রানে ৫ উইকেট নিয়ে নায়ক হাসান। এছাড়া নাহিদের শিকার ৪৪ রানে ৪ উইকেট। অন্য পেসার তাসকিন আহমেদ নেন ১ উইকেট।
টেস্টে এবারই প্রথম এক ইনিংসে পুরো ১০ উইকেট নিলেন বাংলাদেশের পেসাররা।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত থাকেন সালমান আলি আঘা। মোহাম্মদ রিজওয়ান করেন ৪৩ রান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২
পাকিস্তান ২য় ইনিংস: (আগের দিন ৯/২) ৪৬.৪ ওভারে ১৭২ (সাইম ২০, মাসুদ ২৮, বাবর ১১, শাকিল ২, রিজওয়ান ৪৩, সালমান ৪৭*, আলি ০, আবরার ২, হামজা ৪; তাসকিন ১০-১-৪০-১-, হাসান ১০.৪-১-৪৩-৫, মিরাজ ৮-০-২৪-০, নাহিদ ১১-১-৪৪-৪, সাকিব ৭-২-১৪-০)
বৃষ্টির শঙ্কা, ফ্লাডলাইট চালু
হুট করেই বদলে গেল রাওয়ালপিন্ডির আবহাওয়া। রোদ ঝলমলে প্রকৃতি বদলে এখন আকাশে মেঘের ঘনঘটা। যে কোনো সময় নামতে পারে বৃষ্টি। মাঠে আলো কমতে থাকায় জালানো হয়েছে ফ্লাডলাইট।
আম্পায়ার্স কলে বাঁচলেন সালমান
অল্পের জন্য বেঁচে গেলেন সালমান আলি আঘা। হাসান মাহমুদের ইয়র্কার অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি তিনি। বল তার বুটে পড়ার পর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার।
কিছুক্ষণ আলোচনার পর রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্প অল্প একটু ছুঁয়ে যেত ওই বল। তাই বহাল থাকে আম্পায়ার্স কল। বিপদ ঘটেনি সালমানের। বাংলাদেশের রিভিউও নষ্ট হয়নি।
নাহিদের চতুর্থ শিকার আবরার
আবরার আহমেদকে বেশিক্ষণ টিকতে দিলেন না নাহিদ রানা। নতুন স্পেলে বোলিংয়ে এসে প্রথম ওভারেই সাফল্য পেলেন তরুণ পেসার।
অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারি আবরারের গ্লাভসে লেগে চলে যায় স্লিপে। সহজ ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত।
হাসান মাহমুদের মতো নাহিদেরও উইকেট এখন ৪টি। পাকিস্তানের বাকি আছে আর ১ উইকেট। তাই যে কোনো একজনই পেতে পারেন ৫ উইকেট।
৪২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৯ উইকেটে ১৪৫ রান। তাদের লিড এখন ১৫৭ রানের। সালমান আলি আঘা ৫১ বলে ২৪ রানে অপরাজিত। শেষ ব্যাটসম্যান মির হামজা।
দৌড়ে মাঠে ঢুকলেন আবরার
ওভারের শেষ দুই বলে মোহাম্মদ রিজওয়ানের পর মোহাম্মদ আলিকেও ফিরিয়ে দিলেন হাসান মাহমুদ। পরপর দুই উইকেট পড়ে যাবে তা হয়তো ভাবতে পারেননি আবরার আহমেদ। তাই মাঠে ঢুকতে কিছুটা সময় লাগছিল তার।
মাঠে ততক্ষণে বোলিং প্রান্তে প্রস্তুত নতুন ওভার করতে আসা সাকিব আল হাসান। সেটি দেখেই হয়তো তড়িঘড়ি করে মাঠে ঢুকে গেলেন আবরার। তখনও তার এক হাতে গ্লাভস পরা হয়নি। দৌড়ে ঢুকতে গিয়ে সেই গ্লাভসটি মাঠেই পড়ে যায়।
টিভি স্ক্রিনে তখন দেখা যায়, কিছু একটা ইঙ্গিত করে হাসছেন সাকিব। হয়তো গত বছরের ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে করা 'টাইমড আউট' এর স্মৃতিই ফিরে আসছিল তখন।
হাসানের চতুর্থ শিকার আলি
পরপর দুই বলে দুই উইকেট নিলেন হাসান মাহমুদ। মোহাম্মদ রিজওয়ানের পর মোহাম্মদ আলিকেও ড্রেসিং রুমে ফেরত পাঠালেন ২৪ বছর বয়সী পেসার।
অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে হাসানের চতুর্থ শিকার হন আলি।
৩৭ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ১৩৬ রান। তাদের লিড এখন ১৪৮ রানের।
সালমান আলি আঘা ৩৫ বলে ১৭ রানে অপরাজিত। নতুন ব্যাটসম্যান আবরার আহমেদ।
রিজওয়ানকে ফেরালেন হাসান
আক্রমণে ফিরেই আঘাত করলেন হাসান মাহমুদ। নতুন স্পেলের প্রথম ওভারে বিপজ্জনক হয়ে ওঠা মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে দিলেন তিনি।
অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করার চেষ্টায় কট বিহাইন্ড হলেন ৭৩ বলে ৪৩ রান করা রিজওয়ান।
ক্রিজে নতুন ব্যাটসম্যান মোহাম্মদ আলি। ৩৫ বলে ১৭ রানে অপরাজিত সালমান আলি আঘা।
৩৬.৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৩৬ রান। তাদের লিড এখন ১৪৮ রানের।
রিজওয়ান-সালমান জুটির পঞ্চাশ
চাপের মুখে প্রতিরোধ গড়ে তুলেছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আঘা। এরই মধ্যে সপ্তম উইকেট জুটিতে পঞ্চাশ রান যোগ করেছেন দুজন।
৩৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৩১ রান। তাদের লিড এখন ১৩১ রানের।
শূন্য রানে জীবন পেয়ে ব্যক্তিগত পঞ্চাশের পথে ছুটছেন রিজওয়ান। ৬৫ বলে ৪১ রানে অপরাজিত তিনি। সালমানের সংগ্রহ ২৫ বলে ১৪ রান।
৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেশন
চতুর্থ দিনের সকালের সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ২৬.২ ওভারে পাকিস্তানের ৪ উইকেট নিয়েছে তারা। বিপরীতে স্বাগতিকরা করেছে ১০৮ রান।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৩০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১১৭ রান। ৪ উইকেট বাকি রেখে ১২৯ রানে এগিয়ে তারা।
দিনের শুরুতে সাইম আইয়ুবকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন তাসকিন আহমেদ। এরপর একাই পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে দেন নাহিদ রানা। পরপর তিন ওভারে শান মাসুদ, বাবর আজম ও সাউদ শাকিলকে ফেরান তরুণ পেসার।
এরপর প্রতিরোধ গড়েছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আঘা। অবিচ্ছিন্ন জুটিতে ৩৬ রান যোগ করে বিরতিতে গেছেন দুই ব্যাটসম্যান।
অথচ প্রথম বলেই ফিরতে পারতেন রিজওয়ান। নাহিদের বলে প্রথম স্লিপে তার সহজ ক্যাচ ছেড়ে দেন সাদমান ইসলাম। জীবন পেয়ে রানের চাকা সচল রাখেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
সপ্তম উইকেট জুটিতে এখন পর্যন্ত ওভারপ্রতি ৪ রান করে নিয়েছে পাকিস্তান। এই জুটিতে অগ্রণী ৫৩ বলে ৩৮ রানে অপরাজিত থাকা রিজওয়ান। সালমানের সংগ্রহ ১৪ বলে ৭ রান।
নাহিদের তৃতীয় শিকার শাকিল
পরপর তিন ওভারে ৩ উইকেট নিলেন নাহিদ রানা। তরুণ পেসারের তৃতীয় শিকার সাউদ শাকিল। ২১তম ওভারের শেষ বলে অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে কট বিহাইন্ড হলেন ২ রান করা বাঁহাতি ব্যাটসম্যান।
২১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৮১ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান সালমান আলি আঘা। ১৩ বলে ৯ রানে খেলছেন মোহাম্মদ রিজওয়ান।
রিজওয়ানকে জীবন দিলেন সাদমান
প্রথম বলেই বেঁচে গেলেন মোহাম্মদ রিজওয়ান। আগের বলে বাবর আজমের ক্যাচ নেওয়া সাদমান ইসলাম এবার ছেড়ে দিলেন রিজওয়ানের ক্যাচ। উল্টো বাউন্ডারি পেয়ে রানের খাতা খুললেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
নাহিদ রানার গুড লেংথ ডেলিভারি রিজওয়ানের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে চলে যায় প্রথম স্লিপে। কিন্তু প্রতিক্রিয়া দেখাতে দেরি করায় সহজ ক্যাচটি নিতে পারেননি সাদমান।
১৯ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৭৫ রান।
বাবরকেও ফেরালেন নাহিদ
পরপর দুই ওভারে দুই উইকেট নিলেন নাহিদ রানা। শান মাসুদের পর তিনি ফিরিয়ে দিলেন পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবর আজমকে।
নাহিদের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন বাবর। তার ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় স্লিপে। অনায়াসে ক্যাচ নেন সাদমান ইসলাম।
১ চারে ১৮ বলে ১১ রান করেন বাবর। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান।
১৮.১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৬৫ রান। তাদের লিড এখন ৭৭ রান।
বোলিংয়ে এসেই নাহিদের আঘাত
তাসকিন আহমেদের জায়গায় আক্রমণে এসে তৃতীয় বলে সাফল্য পেলেন নাহিদ রানা। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টায় কট বিহাইন্ড হন শান মাসুদ।
৩৪ বলে ২৮ রান করে ফেরেন পাকিস্তান অধিনায়ক। ক্রিজে নতুন ব্যাটসম্যান সাউদ শাকিল। ১৪ বলে ৯ রানে অপরাজিত বাবর আজম।
১৬.৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৬২ রান। তাদের লিড এখন ৭৪ রনের।
বাংলাদেশের ব্যর্থ রিভিউ
মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে রক্ষণাত্মক খেলার চেষ্টায় পরাস্ত বাবর আজম। বল প্যাডে লাগতেই জোরাল আবেদন। কিন্তু সাড়া দিলেন না আম্পায়ার। কিছুক্ষণ আলোচনার পর রিভিউ নিলেন নাজমুল হোসেন শান্ত।
রিপ্লেতে দেখা যায়, অনেক বড় টার্নে লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে যেত মিরাজের ওই ডেলিভারি। তাই বিপদ ঘটেনি বাবরের। বৃথা যায় বাংলাদেশের প্রথম রিভিউ।
১৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৬১ রান। বাব ১২ বলে ৮ ও শান মাসুদ ৩৩ বলে ২৮ রানে অপরাজিত।
সাইমকে ফেরালেন তাসকিন
বিপজ্জনক হয়ে ওঠার আভাস দেওয়া জুটি ভাঙলেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ড্রাইভ করে কাভারে ফিল্ডারের হাতে ক্যাচ দিলেন সাইম আইয়ুব। বাম দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিলেন নাজমুল হোসেন শান্ত।
৩ চারে ৩৫ বলে ২০ রান করেন সাইম। ক্রিজে নতুন ব্যাটসম্যান বাবর আজম।
১৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান। ২৫ বলে ২৩ রানে খেলছেন শান মাসুদ।
১২তম ওভারে প্রথম স্পিন
দিনের আধঘণ্টা পেরোতেই স্পিনার আক্রমণে আনলেন নাজমুল হোসেন শান্ত। ১২তম ওভারে বোলিংয়ে এলেন প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ। প্রথম ওভারে ১ রান দেন মিরাজ।
তৃতীয় দিন বিকেলের ধারাবাহিকতা সোমবার সকালে ধরে রাখতে পারেননি দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। প্রায় প্রতি ওভারেই একটি করে বাউন্ডারি মারেন সাইম আইয়ুব ও শান মাসুদ।
১২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৪৪ রান। তাদের লিড এখন ৫৬ রানের। সাইম ৩২ বলে ১৮, মাসুদ ২৪ বলে ২২ রানে অপরাজিত।
বড় প্রভাবক হতে পারে স্পিন
দিনের খেলা শুরুর আগে পিচ রিপোর্টে নিক কম্পটন বলেছেন, সকালের সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পিচ আগের চেয়ে শক্ত হয়ে উঠেছে, কিছুটা সিম মুভমেন্ট পেতে পারেন পেসাররা। তবে দুই দলের জন্যই বড় প্রভাবক হতে পারে স্পিন।
তৃতীয় দিন শেষে যেখানে দাঁড়িয়ে
ব্যাট হাতে লিটন দাসের সঙ্গে জুটিতে দৃঢ়তার পরিচয় দেওয়া হাসান মাহমুদ পরে বল হাতেও নিলেন ২ উইকেট। দিনের শেষভাগে জোড়া ধাক্কায় ব্যাকফুটে পাকিস্তান। তাদের দ্রুত অলআউট করে ম্যাচ জেতার সুযোগ এখন বাংলাদেশের।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২১ রানে এগিয়ে পাকিস্তান। বাকি আছে আর ৮ উইকেট।
প্রথম ইনিংসে স্বাগতিকদের ২৭৪ রানের জবাবে লিটন কুমার দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ২৬২ রান করে বাংলাদেশ।
পরে দিনের শেষভাগে পরপর দুই ওভারে আব্দুল্লাহ শাফিক ও 'নাইটওয়াচম্যান' হিসেবে নামা খুররাম শাহজাদকে ফিরিয়ে দেন হাসান। সোমবার বাকি উইকেটগুলোও দ্রুত নেওয়ার লক্ষ্যে নামবে বাংলাদেশ।
ম্যাচের শেষ দুই দিন অবশ্য বাগড়া দিতে পারে বৃষ্টি। চতুর্থ দিন তবু কিছু ওভার খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে মঙ্গলবার প্রায় পুরো দিনই বৃষ্টির শঙ্কার কথা বলা হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২
পাকিস্তান ২য় ইনিংস: ৩.৪ ওভারে ৯/২ (শাফিক ৩, সাইম ৬*, শাহজাদ ০; তাসকিন ২-০-৬-০, হাসান ১.৪-০-৩-২)
