২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ব্যাটিংয়ে সাকিবের ক্যামিও, বোলিংয়ে এক উইকেট

মেজর লিগ ক্রিকেটে দুই ম্যাচে ব্যর্থতার পর ফর্মে ফেরার আভাস দিলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার।

ব্যাটিংয়ে সাকিবের ক্যামিও, বোলিংয়ে এক উইকেট
ছন্দে ফেরার লড়াইয়ে সাকিব আল হাসান। ছবি: এমআই নিউ ইয়র্ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 10:14 AM

Updated : 11 Sep 2026, 03:38 PM

দুই ম্যাচে মিডল অর্ডারে ব্যর্থ হওয়ার পর এবার সাকিব আল হাসানকে নামানো হলো আট নম্বরে। শেষ দিকে ক্রি গিয়ে ছোট্ট ঝড় তুললেন তিনি। পরে বল হাতে দেখা পেলেন এবারের আসরে নিজের প্রথম উইকেটের। তার দল এমআই নিউ ইয়র্ক যদিও পারল না জিততে।

মেজর লিগ ক্রিকেটের ম্যাচটিতে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ১৩ বলে অপরাজিত ১৮ রান করেন সাকিব। বল হাতে ৩ ওভারে ২৪ রান দিয়ে উইকেট নেন একটি।

ডালাসে বাংলাদেশ সময় সোমবার ভোরের ম্যাচটিতে ২০ ওভারে ১৮৭ রান তোলে নিউ ইয়র্ক।

আগের পাঁচ ইনিংসের কোনোটিতে ২০ ছাড়াতে না পারা নিকোলাস পুরান অবশেষে আপন চেহারায় ফেরেন। তিনে নেমে ৮ ছক্কায় ৪৪ বলে ৮৬ রানের ইনিংস উপহার দেন নিউ ইয়র্ক অধিনায়ক।

তবে আর কোনো ব্যাটসম্যান সেভাবে ভালো করতে পারেননি। কুনওয়ারজিত সিং করেন ২০ বলে ২৬। 

সপ্তদশ ওভারে রাচিন রাভিন্দ্রার বলে রোমারিও শেফার্ড ও কাইরন পোলার্ড আউট হওয়ার পর ক্রিজে যান সাকিব। এক বল পরই দারুণ সুইচ হিটে চার মেরে শুরু করেন তিনি।

অস্ট্রেলিয়ান পেসার ডেন ডোয়ার্শাসের পরের ওভারে টানা তিন বলে রান নিতে পারেননি সাকিব। পরের ওভারে অবশ্য পুষিয়ে দেন তা। আরেক বাঁহাতি পেসার সৌরাভ নেত্রাভাল্কারের অফ স্টাম্পের বাইরের বল উড়িয়ে মারেন মিড উইকেটের ওপর দিয়ে। এক বল পর চার মারেন ডিপ থার্ড ম্যান দিয়ে।

শেষ ওভারে স্ট্রাইক পান সাকিব মাত্র দুই বল। একটিতে নেন সিঙ্গল, শেষ বলে বড় শটের চেষ্টায় আউট হয়ে যান ডোয়ার্শাসের বলে। 

বোলিংয়ে আগের ম্যাচের মতোই দ্বিতীয় ওভারে আক্রমণে আসে সাকিব। তার দ্বিতীয় বলেই উড়িয়ে মারার চেষ্টায় লং অনে ধরা পড়েন আগ্রাসী মিচেল ওয়েন।

এই আসরে তিন ম্যাচে সাকিবের প্রথম উইকেট এটি।

পরের ওভারে ট্রেন্ট বোল্ড ফিরিয়ে দেন স্টিভেন স্মিথকে। তবে জোড়া ধাক্কা সামলে ওয়াশিংটনকে জয়ের পথে ফেরান রাভিন্দ্রা ও আন্দ্রিয়েস হাউস। তৃতীয় উইকেটে ৬৮ বলে ১১৬ রানের জুটি গড়েন দুজন।

রাভিন্দ্রা আউট হন ৩০ বলে ৬০ রান করে। 

দলকে আরও এগিয়ে নিয়ে জয়ের কাছে গিয়ে আউট হন হাউস। ৮ ছক্কায় ৫৪ বলে ৯৬ রান করে ফেরেন যুক্তরাষ্ট্রের এই কিপার-ব্যাটার। 

৯ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় ওয়াশিংটন। 

১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার দুইয়ে ওয়াশিংটন, ১০ পয়েন্ট নিয়ে চারে নিউ ইয়র্ক।