ফারুক আহমেদের নেতৃত্বে নতুন বিপিএল গভর্নিং কাউন্সিল
বিপিএলের নতুন আসরের জন্য গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
‘আমি ভারপ্রাপ্ত। আমার তো লোকই নেই, তাই অনেক দায়িত্ব নিতে হচ্ছে’- হাসতে হাসতেই বললেন ফারুক আহমেদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে বিসিবি সভাপতি হওয়ার পর বোর্ডের অনেক দায়িত্বই সামলাতে হচ্ছে তাকে। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের পদ।
বিপিএলের ১১তম আসরের আগে নতুন গভর্নিং কাউন্সিল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত সামনের আসরের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন বোর্ড সভাপতি ফারুক।
রাজধানীর একটি হোটেলে সোমবার প্লেয়ার্স ড্রাফটের আনুষ্ঠানিকতা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৪ সদস্যের গভর্নিং কাউন্সিলের কথা বলেন ফারুক। সদস্য সচিব হিসেবে বোর্ডের আরেক নতুন পরিচালক নাজমুল আবেদিনের নাম বলেন তিনি।
এছাড়া কাউন্সিলের অন্য দুই সদস্য হলেন মাহবুব আনাম ও ফাহিম সিনহা। সোমবারের প্লেয়ার্স ড্রাফটে কমিশনারের দায়িত্বও পালন করেন দীর্ঘদিন ধরে বোর্ড পরিচালকের পদে থাকা মাহবুব আনাম।
সবশেষ বিপিএলে গভর্নিং কাউন্সিলের প্রধান ছিলেন শেখ সোহেল। সদস্য সচিবের দায়িত্বে ছিলেন ইসমাইল হায়দার মল্লিক। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই লাপাত্তা তারা। তাই তাদের জায়গায় দায়িত্ব নিল ফারুকের নেতৃত্বাধীন গভর্নিং কাউন্সিল।
আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়ার দিন বিপিএলের আগের আসরগুলো থেকে ভালোভাবে টুর্নামেন্ট আয়োজনের আশা ব্যক্ত করেন ফারুক।
“এখন থেকে আমরা ক্রমেই উন্নতি করার চেষ্টা করব। সবকিছু একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করছি। যেভাবে ভালো করা যায়। নতুন অনেক কিছু করার চেষ্টা করছি। বাকিটা মাঠে যখন বল গড়াবে, তখন বোঝা যাবে।”
“আমি বলব না যে, প্রথমবারেই সব পারফেক্ট হবে। তবে নিয়মকানুনসহ সব দিক থেকে আগের চেয়ে ভালো হবে।”
