২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরাও এখানে খেলতে ও জিততেই এসেছি’, আফগান অধিনায়কের প্রত্যয়ী উচ্চারণ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ফেভারিট মানছেন না আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।  

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 04:30 PM

Updated : 04 Jul 2023, 05:22 PM

“ওয়ানডেতে বাংলাদেশের যা পারফরম্যান্স, তারাই কি পরিষ্কার ফেভারিট?” সংবাদ সম্মেলনে প্রশ্নটা শুনে হাসলেন হাশমতউল্লাহ শাহিদি। আত্মবিশ্বাসী কণ্ঠে আফগান অধিনায়কের উত্তর, ‘স্যার, আমরাও তো এখানে ক্রিকেট খেলতে ও জিততে এসেছি!” ওয়ানডেতে আফগানিস্তান যে ভালো দল এবং গত দুই বছরের পারফরম্যান্স দারুণ, সেটিও মনে করিয়ে দিলেন তিনি। 

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশ আছে ৭ নম্বরে, আফগানিস্তানের অবস্থান ৯। যদিও রেটিং পয়েন্টে বাংলাদেশ এগিয়ে অনেকটাই (১৬ পয়েন্টে)। দুই দলের সবশেষ ৫ ওয়ানডে লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৪টিতেই। গত বছর চট্টগ্রামেই দুই দলের ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। 

সেই চট্টগ্রামেই আবার তিন ম্যাচের সিরিজ খেলবে দুই দল বুধবার থেকে। এই সংস্করণেই বাংলাদেশ সবচেয়ে ধারাবাহিক। প্রথাগত বড় দলগুলির বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে দারুণ কিছু পারফর‌ম্যান্স তাদের আছে। ঘরের মাঠে তারা আফগানিস্তানের বিপক্ষেও ফেভারিট কি না, এই প্রশ্ন উঠল মঙ্গলবার আফগান অধিনায়কের সংবাদ সম্মেলনে। 

তবে আফগানিস্তান যে ছেড়ে কথা বলবে না, শাহিদির উত্তরে মিশে থাকল সেই প্রত্যায়।

“আমরাও তো এখানে খেলতে ও জিততেই এসেছি! শুধু তাদেরই (বাংলাদেশ) সিরিজ নয় এটা। অবশ্যই তারা ভালো ক্রিকেট খেলছে। তবে আমরাও এখানো ভালো খেলতে ও জিততে এসেছি। গত দুই বছরে আমরাও ভালো করেছি।” 

২০২১ সালের শুরু থেকে ১৮ ওয়ানডে খেলে ১২টি জিতেছে আফগানরা। গত ৭ মাসের মধ্যে তারা শ্রীলঙ্কায় গিয়ে লঙ্কানদের বিপক্ষে জিতেছে দুটি ওয়ানডেতে। 

এবার কদিন আগে মিরপুর টেস্টে অবশ্য তারা রেকর্ড ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের বিপক্ষে। তবে কণ্ঠে জোর নিয়ে শাহিদি বললেন, টেস্ট আর ওয়ানডেতে আফগানিস্তানের বাস্তবতা এক নয়। 

“টেস্ট ক্রিকেট ভিন্ন ছিল। ওই ম্যাচের আগে আড়াই বছর ধরে আমরা টেস্ট খেলিনি। এছাড়া আমাদের বেশ কয়েকজন মূল ক্রিকেটার ইনজুরড ছিল। রশিদ খান ছিল না, ফজলহক (ফারুকি) ছিল না, আজমতের (ওমারজাই) কুঁচকির চোট ছিল।” 

“ওয়ানডে আমরা অনেক দিন ধরেই খেলছি। বিশেষ করে গত দুই বছর অনেক ভালো খেলছি। আমরা দলটা গড়ে তুলেছি এবং কাজ এখনও চলছে। প্রতিটি ম্যাচ ধরে আমরা উন্নতি করছি। ওয়ানডে তাই আমরা ভালো দল।”