২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিসংখ্যানের আলোয় ভারতের দুর্দশা আর প্রোটিয়াদের হাসি

কলকাতার পর গুয়াহাটিতেও বিপর্যস্ত ভারত, তাতে রেকর্ড বইয়ে যোগ হলো নতুন অনেক কিছু।

পরিসংখ্যানের আলোয় ভারতের দুর্দশা আর প্রোটিয়াদের হাসি
খুব বাজে একটি সিরিজ কাটল ভারতের। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 07:20 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

লাল বলের ক্রিকেটে আরও একবার ঘরের মাঠে নাস্তানাবুদ হলো ভারত। প্রথম টেস্টে স্পিন সহায়ক উইকেটের ফাঁদ পেতে নিজেরাই সেই ফাঁদে পর্যদুস্ত হওয়ার পর, দ্বিতীয় ম্যাচেও ব্যর্থতার জাল ছিঁড়ে বের হতে পারেনি দলটি। দাপুটে পারফরম্যান্সে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ছাড়ল দক্ষিণ আফ্রিকা।

সিরিজে দুই দলের এমন বিপরীতমুখী পারফরম্যান্সে রেকর্ড বইয়ের পাতায় এসেছে অনেক পরিবর্তন, যোগ হয়েছে নতুন অনেক কিছু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য তার উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো।

নিজ আঙিনায় ভারতের দুর্দশা

৩- টেস্টের ইতিহাসে এই নিয়ে কেবল তিনবার নিজেদের আঙিনায় হোয়াইটওয়াশড হলো ভারত। প্রথমবার তাদের এই অভিজ্ঞতা হয়েছিল এই একই দলের বিপক্ষে, ২০০০ সালে ২-০ ব্যবধানে হেরেছিল তারা। আর গত বছর নিউ জিল্যান্ডের বিপক্ষে পরাজিত হয় ৩-০ ব্যবধানে।  

৫- দেশের মাটিতে এই নিয়ে সবশেষ সাত টেস্টের পাঁচটিতেই হারল ভারত। এর আগে তাদের পাঁচটি পরাজয় এসেছিল ৫০ ম্যাচ ও ১৩ মৌসুমে। 

২- টানা দ্বিতীয় মৌসুমে দেশের মাটিতে সিরিজ হারল ভারত। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ২-০ ব্যবধানে সিরিজ হারের পর এবং গত বছর নিউ জিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের মাঝের সময়ে ঘরের মাঠে কেবল দুইটি সিরিজ হেরেছিল ভারত দল; ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে  

এর আগে সবশেষ ভারত টানা দুই বছরে ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল চার দশক আগে: ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও ১৯৮৪/৮৫ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে।

৪০৮- গুয়াহাটিতে এবার যে ৪০৮ রানে হারল ভারত, রানের হিসেবে এত বড় ব্যবধানে আগে কখনও হারেনি তারা। এই হিসেবে তাদের আগের সবচেয়ে বড় পরাজয় ছিল ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে, নাগপুরের সেই ম্যাচে ৩৪২ রানে হেরেছিল স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। রানের হিসেবে তাদের সবচেয়ে বড় জয়ের তালিকায় শীর্ষে আছে ২০১৮ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯২ রানের জয়।

কেবল দ্বিতীয়বারের মতো ঘরের মাঠের টেস্টে জয়ের জন্য ৫০০-এর বেশি রানের লক্ষ্য পেয়েছিল ভারত। প্রথমবার এমন কঠিন চ্যালেঞ্জের মুখে তারা পড়েছিল সেই ২০০৪ সালের নাগপুর টেস্টে।

ভারতের ব্যাটিংয়ের দৈনদশা 

০- এই দুই ম্যাচে ভারতের একজনও সেঞ্চুরির স্বাদ পাননি। কমপক্ষে দুই টেস্টের সিরিজে এমন অভিজ্ঞতা এবার নিয়ে কেবল তৃতীয়বার হলো দলটির; আগের দুইবারই হয়েছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৯৬৯-৭০ ও ১৯৯৫-৯৬ মৌসুমে।

১৫.২৩- এই সিরিজে ভারতের ব্যাটাররা এমন সাদামাটা গড়েই রান তুলেছে, ২০০২-০৩ মৌসুমে নিউ জিল্যান্ড সফরে ১২.৪২ গড়ের পর এবারই সবচেয়ে কম।

এই তালিকায় তৃতীয় স্থানে আছে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৯৬৯-৭০ মৌসুমে ঘরের মাঠের ১৫.৯৬ গড়।

৪- অন্তত দুই ম্যাচের টেস্ট সিরিজের হিসেবে এবার দিয়ে কেবল চতুর্থবারের মতো কোনো ইনিংসেই ২৫০ রান করতে না পারার তেতো অভিজ্ঞতা হলো ভারতের।

আগের তিনবারই তাদের এমন হতাশার অভিজ্ঞতা হয়েছিল দেশের বাইরে; দুবার নিউ জিল্যান্ড সফরে ২০০২-০৩ মৌসুমে (সর্বোচ্চ ১৬১) ও ২০১৯-২০ মৌসুমে (সর্বোচ্চ ২৪৫) এবং দক্ষিণ আফ্রিকায় ২০২৩-২৪ মৌসুমে (সর্বোচ্চ ২৪২)। 

দেশের মাঠে ভারতের আগের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই, ২০০০ সালে বেঙ্গালুরুতে ২৫০।

হার্মারের স্পিন জাল, মার্করামের রেকর্ড ও বাভুমার নেতৃত্বে প্রোটিয়াদের জয়রথ

২৭- ভারতের মাটিতে এখন পর্যন্ত সাইমন হার্মারের উইকেট হলো ২৭টি, দক্ষিণ আফ্রিকার যেকোনো বোলারের চেয়ে বেশি, ডেল স্টেইনের চেয়ে একটি বেশি। 

এবারের সিরিজে হার্মারের ১৭ উইকেট ভারত সফরে কোনো এক সিরিজে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে রেকর্ড। আগের রেকর্ডটি ছিল স্টেইনের, ২০০৮ সালে ১৫ উইকেট পেয়েছিলেন তিনি। 

৯- গুয়াহাটি টেস্টে ৯টি ক্যাচ ধরেছেন এইডেন মার্করাম, টেস্ট ইতিহাসে উইকেটকিপার ছাড়া কোনো ফিল্ডারের ক্ষেত্রে যা রেকর্ড। তিনি ভেঙে দিয়েছেন ২০১৫ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের আজিঙ্কা রাহানের আট ক্যাচের রেকর্ড।

১১- অধিনায়ক হিসেবে প্রথম ১২ টেস্টের ১১টিই জিতলেন টেম্বা বাভুমা, যা নতুন রেকর্ড; বেন স্টোকস ও লিন্ডসে হ্যাসেটের আগের রেকর্ডের চেয়ে একটি বেশি।

বাভুমার নেতৃত্বে ১২ ম্যাচের অন্যটি বৃষ্টি-বিঘ্নিত, ড্র হয়েছিল।