১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে নিগার ও রাবেয়া

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন পেসার মারুফা আক্তারও।

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে নিগার ও রাবেয়া
নিগার সুলতানা (বাঁয়ে) ও রাবেয়া খান

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 07:51 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ও লেগ স্পিনার রাবেয়া খানের দারুণ পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। নিজেদের বিভাগে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন দুজনই।  

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৩তম স্থানে আছেন নিগার। বোলারদের তালিকায় রাবেয়া এগিয়েছেন ৮ ধাপ, আছেন আট নম্বরে। এছাড়া পেসার মারুফা আক্তার ১১ ধাপ এগিয়ে ৩২তম স্থানে আছেন।  

মেয়েদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। 

সিলেটে গত রোববার ভারতের বিপক্ষে বাংলাদেশ ৪৪ রানে হারলেও ভালো করেন নিগার, রাবেয়া ও মারুফা। ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন রাবেয়া। ৩ ওভারে ১৩ রানে মারুফার শিকার ২ উইকেট। ১৪৬ রানের লক্ষ্য তাড়ায় ৪৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন নিগার।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন ভারতের দীপ্তি শার্মা। সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ১৫ রানে ১ উইকেট নেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।

ওই ম্যাচে ১৮ রানে ৩ উইকেট নেওয়া পেসার রেনুকা সিং চার ধাপ এগিয়ে চতুর্থ স্থানে আছেন। 

এই তালিকায় শীর্ষে আছেন যথারীতি ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। ব্যাটারদের এক নম্বর অস্ট্রেলিয়ার বেথ মুনি। অলরাউন্ডারদের চূড়ায় ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।