২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় কোহলি-রোহিতকে নিয়ে ভনের আশা ও ভয়

অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট সিরিজ জিততে হলে দলের বড় দুই তারকার রানে ফিরতে হবে বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক।

অস্ট্রেলিয়ায় কোহলি-রোহিতকে নিয়ে ভনের আশা ও ভয়
ভিরাট কোহলি ও রোহিত শার্মা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2024, 10:18 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে একেবারেই নিষ্প্রভ ছিলেন ভিরাট কোহলি ও রোহিত শার্মা। ভারতও সিরিজ হেরেছে বাজেভাবে। অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিততে হলে অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যানের রানে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মাইকেল ভন। সাবেক ইংলিশ অধিনায়কের আশা, তারা তা পারবেন। পাশাপাশি তাদের ব্যর্থ হওয়ার আশঙ্কাও করছেন তিনি। 

নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশড হয়ে রোহিত ও তার দলের আত্মবিশ্বাস এখন তলানিতে গিয়ে ঠেকেছে। তিন টেস্টের সিরিজে চূড়ান্তভাবে ব্যর্থ ছিলেন রোহিত ও কোহলি। ছয় ইনিংসে দুজনই ফিফটি করেন একটি করে। তবে বাকি পাঁচ ইনিংসে বিশও স্পর্শ করতে পারেননি কেউ। গোটা সিরিজে সব মিলিয়ে অধিনায়ক রোহিত করেন কেবল ৯১ রান, কোহলি ৯৩।

ফক্স স্পোর্টসে আলাপচারিতায় ভন বললেন, আসন্ন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের ভালো কিছু করাটা নির্ভর করছে এই দুজনের ওপর।

“অস্ট্রেলিয়ায় জিততে ভারতের যেটা দরকার, তা হলো রোহিত শার্মা ও ভিরাট কোহলির বড় রান করা এবং ওদের সেরা ফর্মে ফেরা। আশা করছি, ওরা সেটা করবে, আবার তাদের না পারার ভয়ও আছে।” 

রোহিতের বয়স এখন ৩৭, কোহলির ৩৬। বয়সের প্রভাব তাদের পারফরম্যান্সে পড়তে পারে বলে মনে করেন ভন। তার ভয় হচ্ছে, অস্ট্রেলিয়ার মাটিতে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেইজেলউডদের মোকাবিলা করতে মানসিকভাবে প্রস্তুত নাও থাকতে পারেন এই দুই তারকা।

মাইকেল ভন

মাইকেল ভন

“আমার ভয় হচ্ছে, ওদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে। অস্ট্রেলিয়ার মাঠে তাদের বোলিং আক্রমণের মুখোমুখি হওয়া সহজ নয়, সেরা আক্রমণ তাদের। এখানে আসলে টেকনিকের পাশাপাশি ইতিবাচক মানসিকতা নিয়ে নামতে হবে।”

কোহলির ফর্ম নিয়েই বেশি চিন্তিত ভন। পুনেতে দ্বিতীয় টেস্টে নিউ জিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের ফুল টস মিস করে বোল্ড হন তিনি। তার মানের ব্যাটসম্যানের থেকে যা প্রত্যাশিত নয়। এতেই পরিষ্কার, সেরা ফর্মের ধারেকাছেও নেই তিনি। টেস্টে সবশেষ ১২ ইনিংসে তার ফিফটি কেবল একটি। প্রায় ১০ বছর পর টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সেরা বিশের বাইরে চলে গেছেন তিনি।

কোহলি আর আগের সেই খেলোয়াড় নেই বলে মনে হচ্ছে ভনের। 

“আমি বলব, কোহলিকে নিয়ে সত্যিকারের উদ্বেগ রয়েছে। মিচেল স্যান্টনারের যে ফুল টস সে মিস করেছে, সেটা কোনোভাবেই ভিরাট কোহলিসুলভ নয়। সে এখন এমন পর্যায়ে, যে ফর্মে ফেরার জন্য লড়াই করছে।”

আগামী ২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের পাঁচ টেস্টের সিরিজ। সবশেষ দুই সফরে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছিল ভারত।