২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ভারত সফর স্থগিত, ফাঁকা সময়ে বিসিবির ভাবনায় ঘরোয়া ক্রিকেট

ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ছেলেদের পর মেয়েদের সিরিজও স্থগিত হয়ে গেল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক এখন আটকে পড়েছে রাজনৈতিক অনিশ্চয়তার ঘেরাটোপে। ভারতের ছেলেদের দলের বাংলাদেশ সফর পিছিয়ে যাওয়ার পর এবার বাংলাদেশের মেয়েদের ভারত সফরও স্থগিত হয়ে গেছে। আগামী মাসের সফরটি পরে কোনো সময় আয়োজন করা হবে বলে জানিয়েছে ভারতীয় বোর্ড, তবে পেছানোর সুনির্দিষ্ট কোনো কারণ তারা জানায়নি। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাবই পড়েছে এখানে।

হঠাৎ ফাঁকা হয়ে যাওয়া সময়টা কাজে লাগাতে নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগ ২০২৬-এর সূচি বদল করে টুর্নামেন্ট এগিয়ে আনার পরিকল্পনা করছে বিসিবি। 

বিসিবি নারী উইংয়ের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন, বাংলাদেশ নারী দলের ভারতে সিরিজটি স্থগিত হয়েছে। 

‘‘আমরা বিসিসিআইয়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছি ভারতের সঙ্গে সিরিজের স্থগিত হওয়া নিয়ে। চিঠিতে বলা হয়েছে সিরিজটি ভবিষ্যতে অন্য কোনো নতুন সময়সূচিতে আয়োজন করা হবে। তবে কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় উল্লেখ করা হয়নি।’’ 

‘‘আমাদের মেয়েরা জাতীয় লিগ খেলা শেষ করেছে গতকাল (সোমবার)। আমরা প্রস্তুতই ছিলাম সিরিজটি খেলার জন্য। কিন্তু সিরিজ স্থগিত হওয়ায় এখন আমাদের নতুন পরিকল্পনা করতে হচ্ছে। আগামী বছরের মার্চে আমাদের বিসিএল ক্রিকেটের সূচি ছিল। আমরা সম্ভবত আলোচনা করে সেটি এগিয়ে আনব। হাতে সময় বেশি নেই যে আমরা অন্য কোথাও গিয়ে আন্তর্জাতিক সিরিজ খেলব। তাই ঘরোয়া সূচি এগিয়ে আনার চেষ্টা করব।’’ 

বাংলাদেশ-ভারতের মধ্যে এই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ ছিল। ভারতের উইমেন’স প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই শেষ হওয়ার কথা ছিল সিরিজটি। সম্ভাব্য ভেন্যু ছিল কলকাতা ও কটকে। এই সিরিজ দিয়ে শুরু হতো উইমেন’স ওয়ানডে চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। বিশ্বকাপের পর বাংলাদেশও তাদের প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলার সুযোগ পেত। কিন্তু নিগার সুলতানার দলের মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে এখন। 

সদ্য সমাপ্ত উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বিশ্বকাপের পর ছুটিতেও আছে বেশিরভাগ ক্রিকেটার। কয়েকজন আছেন ব্যস্ত অস্ট্রেলিয়ার উইমেন’স বিগব্যাশ লিগে । 

ভারতের পুরুষ দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল গত অগাস্টে। সেটি পিছিয়ে নেওয়া হয় ২০২৬ সালের সেপ্টেম্বরে।