অভিষেকে খরুচে নাহিদ, ফের নিষ্প্রভ শরিফুল
পিএসএলে বাংলাদেশের দুই পেসারের বাজে দিনেও প্রতিপক্ষকে দেড়শর আগে গুটিয়ে দিয়েছে পেশাওয়ার জালমি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক ম্যাচটি ভালো পারফরম্যান্সে রাঙাতে পারলেন না নাহিদ রানা। খরুচে বোলিং করলেন বাংলাদেশের গতিময় পেসার। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচেও নিষ্প্রভ ছিলেন আরেক পেসার শরিফুল ইসলাম।
নাহিদ ও শরিফুল দুইজনকেই এবার একাদশে নিয়েছে পেশাওয়ার জালমি। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে বুধবার খেলতে নেমে ৩ ওভারে ৩০ রান দেন নাহিদ। আর ২ ওভার করে ২১ রান খরচ করেন শরিফুল। দুইজনই নিতে পারেননি কোনো উইকেট।
বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুলের পিএসএল অভিষেক হয় গত ২৮ মার্চ নবাগত রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে। সেদিন ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেট নিতে পারেননি তিনি।
করাচিতে টস জিতে ফিল্ডিং নেয় পেশাওয়ার। ম্যাচের দ্বিতীয় ওভারে বল হাতে পেয়ে ৯ রান দেন শরিফুল। প্রথম পাঁচ বলে পাঁচ রান দেওয়া বোলারকে শেষ বলে চার মারেন মাজ সাদাকাত।
পাওয়ার প্লের শেষ ওভারে পিএসএলে নিজের প্রথম ওভার করতে আসেন নাহিদ। প্রথম বলে লেগ বাই থেকে চার দিয়ে শুরু। পরের তিন ডেলিভারিতে তিন রান দেওয়া ডানহাতি পেসারের শেষ দুই বলে ছক্কা ও চার মারেন কুসাল পেরেরা। ওভারটি থেকে আসে মোট ১৭ রান।
দশম ওভারে ফের নাহিদকে আক্রমণে আনেন অধিনায়ক বাবর আজম। এবারও দলকে সাফল্য এনে দিতে পারেননি নাহিদ। তবে নিজের দ্বিতীয় ওভারটি তুলনামূলক ভালো করেন তিনি। একটি চার হজম করে দেন ৯ রান।
দ্বিতীয় ওভার করতে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় শরিফুলকে। ষোড়শ ওভারে তার হাতে বল তুলে দেন বাবর। ভালো শুরুর পর শেষ তিন বলের মধ্যে একটি করে চার ও ছক্কা হজম করেন শরিফুল। ওভারে খরচ ১২ রান।
নাহিদের করা ১৮তম ওভারে একটা উইকেট অবশ্য পড়ে। রান আউটে কাটা পড়েন হুনাইন শাহ। ওই ওভারে একটি চার হজম করে ৮ রান দেন তিনি।
নাহিদ ও শরিফুলের বিবর্ণ দিনে দুর্দান্ত বোলিং করেন পাকিস্তানের ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুকিম। অফ স্পিনে ৪ ওভারে স্রেফ ২১ রান দিয়ে ৪ শিকার ধরেন ইফতিখার। আর বাঁহাতি রিস্ট স্পিনার মুকিমও নেন ৪ উইকেট, খরচ করেন ৩২ রান।
তাদের চমৎকার বোলিংয়ে হায়দরাবাদ কিংসমেনকে ১৪৫ রানে গুটিয়ে দেয় পেশাওয়ার জালমি।
জবাবে শেষ ওভারে ১৪ রানের সমীকরণ মিলিয়ে শেষ বলে জিতে যায় তারা ৪ উইকেটে।
