২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলি ও সুরিয়াকুমারের পর ‘চূড়ায় প্রথম’ আভিশেক

ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছেন আভিশেক শার্মা।

কোহলি ও সুরিয়াকুমারের পর ‘চূড়ায় প্রথম’ আভিশেক
আভিশেক শার্মা। ছবি: আভিশেকের ইনস্টাগ্রাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 03:11 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

প্রায় পাঁচ মাস ধরে টি-টোয়েন্টি খেলে না ভারত। তবে ট্রাভিস হেডের অবনতিতে এই সংস্করণের ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন আভিশেক শার্মা। ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে চূড়ায় ওঠার কীর্তি গড়েছেন তিনি।

যথারীতি বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে এক ধাপ এগিয়েছেন আভিশেক। এখন ৮২৯ রেটিং পয়েন্ট বাঁহাতি এই ব্যাটসম্যানের।

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলা হেডের রেটিং পয়েন্ট কমেছে ৩৩। দুই নম্বরে নেমে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনারের এখন রেটিং পয়েন্ট ৮১৪।

প্রথমবারের মতো টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠা আভিশেক এখন ভিরাট কোহলি ও সুরিয়াকুমার ইয়াদাভের ক্লাবে। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণের ব্যাটসম্যানদের মধ্যে চূড়ায় উঠেছিলেন কোহলি। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বেশিরভাগ সময়ই শীর্ষে ছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই ব্যাটিং গ্রেট।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ান ওপেনার হেডের কাছে শীর্ষস্থান হারান সুরিয়াকুমার। প্রায় দুই বছর সিংহাসনটি ধরে রেখেছিলেন তিনি।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার পথে ভালো খেলে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা নবম স্থানে ফিরেছেন জশ ইংলিস। ১২ ধাপ এগিয়ে ১৮ নম্বরে টিম ডেভিড।

বড় লাফ দিয়েছেন তিন ফিফটিতে সর্বোচ্চ ২০৫ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতা ক্যামেরন গ্রিন। ৬৪ ধাপ এগিয়ে এখন তিনি ২৪তম স্থানে।

টি-টোয়েন্টি বোলারদের মধ্যে আগের মতোই সবার ওপরে নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচে ৬ উইকেট নেওয়া ন্যাথান এলিসের অগ্রগতি ৭ ধাপ। আফগান তারকা রাশিদ খানের সঙ্গে যৌথভাবে অষ্টম স্থানে আছেন তিনি, যা তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং।

টি-টোয়েন্টির অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই চূড়ায় ভারতের হার্দিক পান্ডিয়া।

ওল্ড ট্র্যাফোর্ডে ড্র হওয়া ইংল্যান্ড-ভারতের চতুর্থ টেস্টের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে এবারের র্যাঙ্কিংয়ের হালনাগাদে। ১৫০ রানের ইনিংস খেলে শীর্ষস্থান আরও মজবুত করেছেন ইংল্যান্ড তারকা জো রুট (৯০৪ রেটিং পয়েন্ট)।

পরের তিন স্থানে আগের মতোই নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ভারতের ইয়াশাসভি জয়সয়াওল তিন ধাপ নিচে নেমে যাওয়ায় এক ধাপ করে উপরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা (পঞ্চম), শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস (ষষ্ঠ) ও ভারতের রিশাভ পান্ত (সপ্তম)। পান্ত অবশ্য ভাঙা পা নিয়ে প্রথম ইনিংসে ৫৪ রান করেছেন। জয়সয়াওল আছেন আট নম্বরে।

ম্যানচেস্টারে ৯৪ রানের ইনিংস খেলে ইংলিশ ওপেনার বেন ডাকেট পাঁচ ধাপ এগিয়ে এখন দশম স্থানে। দ্বিতীয় ইনিংসে রেকর্ড গড়া সেঞ্চুরি করেও আগের মতো ৯ নম্বরে ভারত অধিনায়ক শুবমান গিল।

ভারতের ম্যাচ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে পাঁচ ধাপ এগিয়েছেন রাভিন্দ্রা জাদেজা, আছেন ২৯তম স্থানে। আট ধাপ অগ্রগতি ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের, ১৪১ রানের ইনিংস খেলে এখন তিনি ৩৪ নম্বরে।

প্রথম ইনিংসে পাঁচটি ও দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেওয়া স্টোকস এগিয়েছেন অলরাউন্ডারদের তালিকায়ও। তিন ধাপ এগিয়ে ৩০১ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনি তৃতীয় স্থানে। তার ওপরে আছেন মেহেদ হাসান মিরাজ (৩০৫) ও জাদেজা (৪২২)।

টেস্ট বোলারদের প্রথম ২১ স্থানেই আসেনি কোনো পরিবর্তন। আগের মতো সবার উপরে ভারতের জাসপ্রিত বুমরাহ।