২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সন্তানের সামনে হেডের ‘খুবই স্পেশাল’ সেঞ্চুরি, উচ্ছ্বসিত স্ত্রী

মেয়ের প্রথমবার মাঠে আসা ম্যাচে সেঞ্চুরি করেছিলেন হেড, ছেলের প্রথম ম্যাচেও সেই স্বাদ পেলেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2024, 08:38 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

রাভিচান্দ্রান অশ্বিনের বল লেগ সাইডে ঠেলে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করার পর শিশুকে কোলে নেওয়ার ভঙ্গি করলেন ট্রাভিস হেড। এরপর ব্যাটের হাতলের মাথায় হেলমেট উঁচিয়ে তার চেনা উদযাপন। গত মাসে জন্ম নেওয়া পুত্রসন্তানকে কোলে নিয়ে গ্যালারিতে উচ্ছ্বসিত তার স্ত্রী জেসিকা ধরা পড়লেন টিভি ক্যামেরায়। তাদের আরেক সন্তান এবং পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত সেখানে। 

নিজের জন্ম এবং বেড়ে ওঠা যে শহরে, সেখানে সেঞ্চুরি সবসময়ই বিশেষ কিছু। তবে হেডের এই সেঞ্চুরি যেন আরও বেশি স্পেশাল। ছেলের প্রথমবার মাঠে আসা ম্যাচ বলে কথা!

অ্যাডিলেইডে ভারতের বিপক্ষে দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিন ১১১ বলে সেঞ্চুরি করেন হেড। গোলাপি বলের টেস্টে দ্রুততম সেঞ্চুরি এটি। বিস্ময়করভাবে এই তালিকার প্রথম তিনটি স্থানেই আছেন হেড। ২০২২ সালে হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে ১১২ বলে, একই বছর অ্যাডিলেইডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

ঘরের মাঠ অ্যাডিলেইড ওভালে সাত টেস্টে তার তৃতীয় সেঞ্চুরি এটি, সবকটিই সবশেষ তিন ম্যাচে। শেষ পর্যন্ত ১৭ চার ও ৪ ছক্কায় ১৪১ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।  

ম্যাচ চলাকালে অস্ট্রেলিয়ার আরেক ব্যাটসম্যান উসমান খাওয়াজার স্ত্রী, সেভেন-ক্রিকেটের রিপোর্টার র‍্যাচেল খাওয়াজাকে দেওয়া সাক্ষাৎকারে হেডের স্ত্রী জেসিকা বললেন, ঘরের মাঠে পরিবারের সবার সামনে সেঞ্চুরি বলেই বিশেষ কিছু এটি। 

“অসাধারণ। অ্যাডিলেইডে সেঞ্চুরি পাওয়ার চেয়ে ভালো কিছু আর হতে পারে না। ট্রাভিস ও আমার, দুজনেরই ঘরের মাঠ এটি। ট্রাভিসের জন্য সত্যিই বিশেষ এক জায়গা। তার পরিবার এবং বন্ধুদের সামনে খেলা এবং সেঞ্চুরি করার জন্য তার প্রিয় জায়গাগুলোর একটি এটি।”

“প্রায় সবাই এখানে আছে। তার ভাই, তার বোন, তার বাবা-মা, তার চাচা এবং আমার পুরো পরিবার এখানে আছে। সেই কারণেই এই সেঞ্চুরি এত স্পেশাল। সে তার পরিবার ও বন্ধুদের ভালোবাসে এবং তাই এখানে সেঞ্চুরি করা আরও বেশি স্পেশাল।”

হেড-জেসিকা দম্পতির প্রথম সন্তান, মেয়ে মিলার জন্ম হয় ২০২২ সালের সেপ্টেম্বরে। গত মাসে পৃথিবীর আলোয় আসে তাদের ছেলে হ্যারিসন।

জেসিকা মনে করিয়ে দিলেন, ছেলের মতো মেয়ের প্রথমবার মাঠে আসা ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন হেড।

“কিছুদিন হলো আমাদের আরেক সন্তানের জন্ম হয়েছে। এটি তার প্রথম ম্যাচ এবং আমাদের সবার সামনে সেঞ্চুরি করাটা অসাধারণ। আমার মনে হয়, স্টেডিয়ামে মিলার প্রথম ম্যাচেও সেঞ্চুরি করেছিল সে এবং এখন হ্যারিসনের প্রথম ম্যাচেও তাই করল। তাই এটি খুবই স্পেশাল।”