২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির স্মরণীয় ১০ টেস্ট ইনিংস

মেলবোর্নে জনসনকে পাল্টা আক্রমণ, এজবাস্টনে অ্যান্ডারসনের বিপক্ষে দৃঢ়তা, সব প্রতিকূলতাকে হারিয়ে বিশ্ব জুড়ে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ভিরাট কোহলি।

কোহলির স্মরণীয় ১০ টেস্ট ইনিংস
ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করার পর ভিরাট কোহলির হুঙ্কার। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 07:07 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

১৪ বছরের ক্যারিয়ারে ১২৩ টেস্ট খেলেছেন ভিরাট কোহলি। রান করেছেন ৯ হাজারের বেশি, নামের পাশে সেঞ্চুরি ৩০টি, ফিফটি ৩১টি। সাফল্যমণ্ডিত এই পথচলায় দারুণ কিছু ইনিংস উপহার দিয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট।

ক্রিকেটের অভিজাত সংস্করণকে সোমবার বিদায় বলে দিয়েছেন ৩৬ বছর বয়সী কোহলি। আর তাই সাদা পোশাকে তাকে তার ব্যাটে আর দেখা যাবে না দারুণ কোনো ইনিংস।

কোহলির দারুণ টেস্ট ক্যারিয়ার থেকে ম্যাচ পরিস্থিতি, পারিপার্শ্বিকতা বিবেচনায় স্মরণীয় ১০টি ইনিংসের দিকে ফিরে তাকানো যেতে পারে।

জোহানেসবার্গে ১১৯, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০১৩ 

দক্ষিণ আফ্রিকার মাটিতে তো বটেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই কোহলির প্রথম টেস্ট সেটি।

জোহানেসবার্গের পেস বোলিং কন্ডিশনে ডেল স্টেইন, মর্নে মর্কেল ও ভার্নন ফিল্যান্ডারদের বিপক্ষে দারুণ দৃঢ়তা দেখান তিনি। স্পিনারদের বিপক্ষে নিজেকে মেলে ধরার আগে পেসারদের প্রচুর বল ছাড়েন। বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ১১৬ রানের ইনিংস খেলে দলকে প্রথম ইনিংসেই ভালো অবস্থায় নিয়ে যান কোহলি। রোমাঞ্চকর ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।

কোহলির ওই ইনিংসটি দেখে তখন দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের দায়িত্বে থাকা অ্যালান ডোলান্ড বলেছিলেন, “সে টেন্ডুলকারের কথা করিয়ে দিল।”

ওয়েলিংটনে অপরাজিত ১০৫, প্রতিপক্ষ নিউ জিল্যান্ড, ২০১৪

নিউ জিল্যান্ডের মাটিতে কোহলির দ্বিতীয় টেস্ট সেটি। অকল্যান্ডে প্রথম ম্যাচে করেছিলেন ৪ ও ৬৭ রান। ওয়েলিংটনে প্রথম ইনিংসে বিদায় নেন কেবল ৩৮ রান। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ান তিনি। উপহার দেন ১৩৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস।

প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৯২ রানে গুটিয়ে দিয়ে ৪৩৮ রান করে তারা। কিন্তু দ্বিতীয়ভাগে ব্রেন্ডন ম্যাককালামের ট্রিপল সেঞ্চুরি, বিজে ওয়াটলিং ও জেমস নিশামের সেঞ্চুরিতে ৬৮০ রান করে ইনিংস ঘোষণা করে কিউইরা। 

৪৩৫ রানের লক্ষ্যে শেষ দিনে প্রথম সেশনের শেষ দিকে ব্যাটিংয়ে নামে ভারত। পরে দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। তখন মনে হচ্ছিল, ম্যাচটি হেরেও যেতে পারে সফরকারীরা। কিন্তু এরপরই কোহলির প্রতিরোধ। রোহিত শার্মাকে নিয়ে দিনের বাকিটা সময় কাটিয়ে দেন তিনি দুর্দান্ত ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে ভারত।

অ্যাডিলেইডে ১৪১, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২০১৪

টেস্ট অধিনায়ক হিসেবে কোহলির প্রথম ম‍্যাচ, যদিও মাহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্বটি পেয়েছিলেন তিনি। ওই ম্যাচে জোড়া সেঞ্চুরি উপহার দেন কোহলি, যা তার ক্যারিয়ারে প্রথম।

অ্যাডিলেইড টেস্টে কোহলির দ্বিতীয় সেঞ্চুরিটি ছিল মনে রাখার মতো। আগেভাগে ইনিংস ঘোষণা করে ভারতকে শেষ দিনে ৩৬৪ রান তাড়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। কোহলিও সিদ্ধান্ত নিলেন, ড্র নয় জয়ের জন্য খেলবে তার দল। আর দলকে সেই পথও দেখান তিনি।

ন্যাথান লায়ন বড় বড় টার্ন পাচ্ছিলেন, অসমান বাউন্সও হচ্ছিল পিচে। লায়নের স্পিনের বিপক্ষে কাভার-ড্রাইভ, মিচেল জনসনের গতিময় ডেলিভারির বিপক্ষে কাট ও পুল শট খেলে ৮০.৫৭ স্ট্রাইক রেটে ১৪১ রান করেন কোহলি।

ভারত যখন জয় থেকে ৬০ রান দূরে লায়নের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। পরের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মাঝে, তাই ৪৮ রানের হারের তেতো স্বাদ পেতে হয় ভারতকে।

মেলবোর্নে ১৬৯, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২০১৪

ওই সফরে অ্যাডিলেইডে জোড়া সেঞ্চুরির পর ব্রিজবেনে একেবারেই ব্যর্থ ছিলেন কোহলি। তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি তিনি। মেলবোর্নে গিয়েই ফের আলো ছড়ান ডানহাতি এই ব্যাটসম্যান।

সাহসী ব্যাটিংয়ের পাশাপাশি স্কিলের প্রদর্শনী মেলে ধরেন তিনি। মিচেল জনসনের আগুনে গোলার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে দেন পাল্টা জবাব। দারুণ দৃঢ়তায় ১৮ চারে ২৭২ বলে ১৬৯ রানের চোখধাঁধানো ইনিংস।

তার চমৎকার ইনিংসটি অবশ্য থেমেছিল জনসনের বলেই, কট বিহাইন্ড হয়ে। রান উৎসবের রানের ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।

ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতক করার পর ভিরাট কোহলির উদযাপন। ছবি: আইসিসি।

ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতক করার পর ভিরাট কোহলির উদযাপন

মুম্বাইয়ে ২৩৫, প্রতিপক্ষ ইংল্যান্ড, ২০১৬

এই ইনিংসটি আগেও দুটি ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন কোহলি। কিন্তু মুম্বাইয়ে ভয়ঙ্কর স্পিন মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে যে ব্যাটিং মাস্টারক্লাস মেলে ধরেছিলেন তিনি, তা ছিল অবিশ্বাস্য। আদিল রাশিদ, মইন আলিদের বিপক্ষে ওই ম্যাচে দুর্দান্ত ছিলেন কোহলি।

সুইপ, টার্নের বিপক্ষে ড্রাইভ, ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে উড়িয়ে মারা; ওই ইনিংসে সব ধরনের শটই খেলেছিলেন কোহলি। ৩৪০ বল ও ৫১৫ মিনিট স্থায়ী তার ২৩৫ রানের ইনিংসটি থেমেছিল ক্রিস ওকসের বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে। চারে নেমে নবম ব্যাটসম্যান হিসেবে মাঠ ছেড়েছিলেন কোহলি।

কোহলির ওই ইনিংস ও মুরালি ভিজায় ও জায়ান্ত ইয়াদাভের সেঞ্চুরিতে ৬৩১ রান করে প্রথম ইনিংসে ২৩১ রানের লিড নিয়েছিল ভারত। পরে ইংলিশদের গুঁড়িয়ে ইনিংস ও ৩৬ রানের জয় পেয়েছিল তারা।

কলকাতায় অপরাজিত ১০৫, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ২০১৭

দক্ষিণ আফ্রিকা সফরকে মাথায় রেখে সবুজ ঘাসের উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি খেলছিল ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লঙ্কান পেসারদের দাপটে প্রথম ইনিংসে স্রেফ ১৭২ রানে গুটিয়ে যায় ভারত। অধিনায়ক কোহলি ফেরেন রানের খাতা খোলার আগে।

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ান কোহলি। কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে ইডেন গার্ডেন্সের আবহই বদলে দেন তিনি। চমৎকার সব শট খেলে ১১৯ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। তিনি ক্রিজে থাকার ওই সময়ে ৫৬ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারত। আলোকস্বল্পতায় ম্যাচটি আগেভাগেই শেষ হয়ে যায়। যা ছিল লঙ্কানদের জন্য স্বস্তির, কারণ ২৩১ রানের লক্ষ্য তাড়ায় ৭৫ রানে ৭ উইকেট হারিয়ে তখন হারের দুয়ারে দলটি।

সেঞ্চুরিয়নে ১৫৩, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০১৮

মর্নে মর্কেলের তোপে কাঁপছিল ভারত। তাদের প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল মুরালি ভিজায়ের ৪৬। প্রতিকূল পরিস্থিতিতে একাই লড়ে যান কোহলি। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ৩৭৯ মিনিট ক্রিজে থেকে ২১৭ বলে ১৫ চারে খেলেন ১৫৩ রানের অসাধারণ ইনিংস। 

দ্বিতীয় ইনিংসে ৫ রানে ফেরেন কোহলি। ভারতও গুটিয়ে যায় কেবল ১৫১ রানে। তাতে ২৮৭ রানের লক্ষ্য তাড়ায় ১৩৫ রানের বড় ব্যবধানে হারে তারা। 

এজবাস্টনে ১৪৯, প্রতিপক্ষ ইংল্যান্ড, ২০১৮ 

২০১৪ সালে ইংল্যান্ড সফর কোহলির জন‍্য ছিল দুঃস্বপ্নের মতো। চার বছর পর দেশটিতে খেলতে গিয়ে প্রথম ইনিংসেই সেঞ্চুরি উপহার দেন তিনি। ২২৫ বল ও ২৭৭ মিনিট স্থায়ী ইনিংসে ১ ছক্কা ও ২২ চারে ১৪৯ রান করেন তিনি।

ম্যাচের প্রথম দিন জো রুটকে ‘সেন্ড-অফ’ দেওয়া কোহলির ওপর এমনিতেই ক্ষুব্ধ ছিল ইংলিশ সমর্থকরা। দ্বিতীয় দিন যখন ব্যাটিংয়ে নামেন তিনি, তার দিকে ধেয়ে যেতে থাকে দুয়ো। সেসবের চাপও তো ছিলই, সঙ্গে আগের সফরের ব্যর্থতার ভারও ছিল কাঁধে।

নতুন ব্যাটসম্যান কোহলি পরীক্ষা নিতে থাকেন ইংল্যান্ডের পেস বোলিং গ্রেট জেমস অ্যান্ডারসন। বেশ কয়েকবার বল ভারতীয় ব্যাটসম্যানের ব্যাটের কানা নিয়েই নিচ্ছিল। কয়েকবার তার ব্যাট-প্যাড ফাঁকি দিয়েও বেরিয়ে গিয়েছিল বল।

অ্যান্ডারসনের বিপক্ষে সেদিন ৪৩ বল খেলে ৪১টিতেই কোনো রান নিতে পারেননি কোহলি। ২১ রানে অ্যান্ডারসনের বলেই স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান কোহলি। এরপর নিজেকে মেলে ধরেন তিনি। একার লড়াইয়ে ভারতকে আড়াইশ ছাড়ানো পুঁজি এনে দেন। ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি রাশিদের বলে।

দ্বিতীয় ইনিংসেও একমাত্র ফিফটিতে দলকে টানেন কোহলি। কিন্তু বাকিদের ব্যর্থতায় ১৯৪ রানের লক্ষ্য তাড়ায় ৩১ রানে হেরে যায় ভারত।

সেই পারফরম্যান্সে স্টিভেন স্মিথকে টপকে প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন কোহলি। ২০১১ সালে সাচিন টেন্ডুলকারের পর ভারতীয়দের মধ্যে প্রথম।

পার্থে ১২৩, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২০১৮

অসমান বাউন্স, সিম মুভমেন্ট, গতিময় উইকেট। পার্থের এমন কন্ডিশনে টিকে থাকতে প্রয়োজন দক্ষতা, দৃঢ়তা। ওই ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল উসমান খাওয়াজার ৭২।

ম্যাচে আঙুল ভেঙেছিল একজনের, বল আঘাত হেনেছিল হেলমেটে, ব্যাটিং ধসে পড়েছিল দুই দলই। কিন্তু কোহলি যেন ব্যাটিং করছিলেন ভিন্ন কোনো পিচে। সম্ভবত সেটি তার টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। 

ম্যাচে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল আজিঙ্কা রাহানের ৫১। কঠিন সেই উইকেটে নিজেকে মেলে ধরে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। ম্যাচে একমাত্র সেঞ্চুরি সেটি। তার ২৭৩ বল ও ৩৭৩ মিনিট স্থায়ী ইনিংসে ১ ছক্কার সঙ্গে ছিল ১৩টি চার। ম্যাচটি ১৪৬ রানে হেরেছিল ভারত।

অ্যাডিলেইডে ৭৪, প্রতিপক্ষে অস্ট্রেলিয়া, ২০২০

৩৬ রানে অলআউট হওয়ার আগে অ্যাডিলেইডের ওই ম্যাচের প্রথম ইনিংস শেষে এগিয়ে ছিল ভারতই। যার কৃতিত্ব ছিল কোহলি। তার ক্যারিয়ারের প্রথম গোলাপি বলের টেস্ট ছিল সেটি।

ভারতের বাকিরা যেখানে মুখথুবড়ে পড়েছিল, সেখানে কোহলি ছিলেন ব্যক্তিক্রম। প্রথম ইনিংসে ১৮০ বলে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি ২৪৪ মিনিট ক্রিজে থেকে। পুরো ম্যাচেই এটি সর্বোচ্চ ইনিংস।

কোহলির ওই ইনিংসের সৌজন্যে ২৪৪ রান করেছিল ভারত। পরে অস্ট্রেলিয়াকে ১৯১ রানে গুটিয়ে নিয়েছিল লিডও। কিন্তু দ্বিতীয় ইনিংসে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর রেকর্ড গড়ে দলটি। ৯০ রানের লক্ষ্য তাড়ায় পরে ম্যাচটি ৮ উইকেটে জিতে যায় অস্ট্রেলিয়া।