রাহুলের চোটে দুশ্চিন্তা বাড়ল ভারতের
পার্থের ওয়াকায় ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন রাহুল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে ভারতের দুর্ভাবনা বেড়েছে আরও। ম্যাচের আবহে নিজেদের মধ্যে খেলায় ব্যাটিংয়ের সময় ডান কনুইয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন লোকেশ রাহুল।
পার্থের ওয়াকায় তিন দিন নেটে অনুশীলনের পর, শুক্রবার তিন দিনের এই ম্যাচ খেলতে নামে ভারত। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বেশ সাবলীলভাবেই ব্যাটিং করছিলেন রাহুল। শর্ট বল সামলাচ্ছিলেন ভালোভাবে। কিন্তু পেসার প্রাসিধ কৃষ্ণার একটি ডেলিভারি আঘাত হানে তার কনুইয়ে।
মাঠে প্রাথমিক সেবাশুশ্রূষা নিলেও আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। মাঠ ছাড়েন ফিজিওর সঙ্গে। দিনের পরের দিকে আর ব্যাটিংয়ে নামেননি ৩২ বছর বয়সী ব্যাটসম্যান।
রাহুলের চোট কতটা গুরুতর, সেটা এখনও জানা যায়নি। বিসিসিআইয়ের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তবে তার চোট পেয়ে মাঠ ছাড়ার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুতই।
আগের দিন নেটে অনুশীলনের সময় সারফারাজ খানের চোট পাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যদিও সংবাদমাধ্যমের খবর, এই ব্যাটসম্যানের চোট তেমন গুরুতর নয়।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শার্মা নাও খেলতে পারেন। সেক্ষেত্রে ইয়াসাসভি জয়সওয়ালের সঙ্গে রাহুলকে ওপেনিংয়ে খেলানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এখন রাহুলের চোট যদি গুরুতর হয়, তাহলে পার্থে টেস্ট অভিষেক হতে পারে আভিমান্যু ইশ্বরনের। এই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার বইয়ে টেস্ট দলে জায়গা করে নেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান।
পাঁচ টেস্টের সিরিজের প্রথমটি আগামী শুক্রবার শুরু হবে পার্থের অপ্টাস স্টেডিয়ামে।
