২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্য ১৮৫, বাংলাদেশকে ডাকছে ইতিহাস

হাসান মাহমুদ ও নাহিদ রানার আগুনে বোলিংয়ে দারুণ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2024, 04:05 PM

Updated : 26 Aug 2026, 10:23 AM

গতি, বাউন্স আর আগ্রাসনে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছাড়ছেন একজন, আরেকজন নাকাল করছেন সুইং ও লাইন-লেংথ দিয়ে, বাংলাদেশের বোলিংয়ে এমন কবে দেখা গেছে! প্রতিপক্ষের সব উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা, এমন নজির মিলেছে কবে? দুটিরই উত্তর, এই প্রথমবার! নাহিদ রানা ও হাসান মাহমুদের আগুনঝরা বোলিং বাংলাদেশকে এনে দিল দারুণ এক সিরিজ জয়ের হাতছানি।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য শেষ ইনিংসে বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান। 

জিততে পারলে প্রথমবার কোনো পূর্ণ শক্তির দলের বিপক্ষে দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। বিদেশে এখনও পর্যন্ত বাংলাদেশের একমাত্র সিরিজ জয়টি ছিল ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলায় সেবার দ্বিতীয় সারির দল খেলিয়েছিল ক্যারিবিয়ানরা। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সম্ভাবনার ভিত গড়ে দিয়েছেন বোলাররা। প্রথম ইনিংসে ১২ রানের লিড পাওয়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে সোমবার গুটিয়ে গেছে ১৭২ রানে। 

আগের ইনিংসে উইকেট না পাওয়া হাসান এবার দারুণ বোলিংয়ে পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটে স্বাদ। পাকিস্তানে ৫ উইকেট শিকারি বাংলাদেশের প্রথম পেসারও তিনিই।

গতির ঝড়ে পাকিস্তানি ব্যাটিং কাঁপিয়ে দিয়ে নাহিদ রানার প্রাপ্তি চার উইকেট। 

বাকি উইকেটটি নিয়েছেন তাসিকন আহমেদ। টেস্টে এই প্রথম প্রতিপক্ষের ১০ উইকেটের সবকটি পেস বোলিংয়ে নিতে পারল বাংলাদেশ।   

আগের দিন শেষ বিকেলে দুই উইকেট হারানো পাকিস্তানের জন্য নতুন দিনের শুরুটা ছিল আশা জাগানিয়া। তাসকিন আহমেদ ও হাসান লাইন-লেংথ খুঁজে পাননি ঠিকঠাক। আলগা বল পেয়ে কাজে লাগান সাইম আইয়ুব ও শান মাসুদ। প্রথম ছয় ওভারে বাউন্ডারি আসে ছয়টি।

ব্রেক থ্রু আসে তাসকিনের হাত ধরে। সাইম ২০ রানে বিদায় নেন নাজমুল হোসেন শান্তর দারুণ ক্যাচে। 

এরপর উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। তাসকিনের প্রান্তে বোলিংয়ে এসে প্রথম ওভারেই উইকেটের স্বাদ পান নাহিদ রানা। বাইরের বল তাড়া করে উইকেটের পেছনে ক্যাচ দেন ২৮ রান করা পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ।

সেই সাফল্যের হাত ধরে দ্রুত আরও দুবার উদযাপনে মেতে ওঠেন নাহিদ। স্টাম্পের একটু বাইরের বলে স্লিপে ধরা পড়েন বাবর আজম (১১)। 

এই নিয়ে টানা ১৬ ইনিংসে ফিফটিবিহীন রইলেন বাবর। তাকে দুই টেস্টে দুবার আউট করলেন নাহিদ।

তরুণ এই ফাস্ট বোলার নিজের পরের ওভারে স্টাম্পের বাইরের লেংথ বলে বিদায় করেন সাউদ শাকিলকে।

৩৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের রান হয়ে যায় ৬ উইকেটে ৮১।

তাদের বিপদ বাড়তে পারত আরও। কিন্তু প্রথম বলেই বেঁচে যান মোহাম্মদ রিজওয়ান। নাহিদের বলে স্লিপে ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। 

ইনিংসের একমাত্র অর্ধশত রানের জুটি এরপরই পায় পাকিস্তান। স্বভাবজাত ইতিবাচক ব্যাটিংয়ে রান বাড়াতে থাকেন রিজওয়ান। তাকে সঙ্গ দেন সালমান আলি আঘা। 

জুটি থামে ৫৪ রানে। নতুন স্পেলের প্রথম ওভারেই জোড়া ধাক্কায় পাকিস্তানকে আবার নাড়িয়ে দেন হাসান। 

রান বাড়ানোর তাড়াই কাল হয় রিজওয়ানের জন্য। স্টাম্পের বাইরের লেংথ বলে ব্যাট চালিয়ে উইকেট বিলিয়ে দেন ৪৩ রান করা কিপার-ব্যাটসম্যান। 

পরের বলেই অফ স্টাম্প ঘেঁষা ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন মোহাম্মদ আলি। নাহিদের বাড়তি বাউন্স আবরার আহমেদকেও ফেরায় দ্রুত। 

দুই পেসারেরই উইকেট তখন চারটি করে।

দুজনের পাঁচ উইকেটের মধুর লড়াইয়ের ফাঁকে শেষ জুটিতে মূল্যবান কিছু রান তুলে ফেলেন সালমান আলি আঘা। হাসানকে টানা দুই বলে চার মারেন তিনি, আপার কাট করে ছক্কা মারেন নাহিদকে।

শেষ পর্যন্ত শেষ ব্যাটসম্যান মির হামজাকে বিদায় করে ইনিংস শেষ করার পাশাপাশি নিজের ৫ উইকেট পূর্ণ করেন হাসান। শেষ জুটি থামে ২৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর: 

পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪ 

বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২ 

পাকিস্তান ২য় ইনিংস: ৪৬.৪ ওভারে ১৭২ (আগের দিন ৯/২) (সাইম ২০, মাসুদ ২৮, বাবর ১১, শাকিল ২, রিজওয়ান ৪৩, সালমান ৪৭*, আলি ১, আবরার ২, হামজা ৪; তাসকিন ১০-১-৪০-১, হাসান ১০.৪-১-৪৩-৫, মিরাজ ৮-০-২৪-০, নাহিদ ১১-১-৪৪-৪, সাকিব ৭-২-১৪-০)।