গাভাস্কারের পর রাহুল
ইংল্যান্ড সফরে ছন্দে থাকা ওপেনার গড়লেন দারুণ কীর্তি।
ফিফটি পাননি অল্পের জন্য। তবে এই ইনিংসের পথে দারুণ এক কীর্তি গড়েছেন লোকেশ রাহুল। দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান।
মাইলফলকটি ছুঁতে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে রাহুলের প্রয়োজন ছিল ২৮ রান। ম্যাচের প্রথম দিন বুধবার ভারতের ইনিংসের পঞ্চদশ ওভারের প্রথম বলে এক রান নিয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান তিনি। পরে ৯৮ বলে ৪৬ রান করে আউট হন স্টাইলিশ এই ব্যাটসম্যান।
ভারতীয় ওপেনারদের মধ্যে রাহুলের আগে ইংল্যান্ডের মাটিতে টেস্টে হাজার রান করতে পারেন কেবল সুনিল গাভাস্কার। এই কিংবদন্তি ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারে ইংল্যান্ডে ২৮ ইনিংসে করেন এক হাজার ১৫২ রান।
ওপেনার হিসেবে ইংল্যান্ডে ২৩ ইনিংসে রাহুলের রান এখন এক হাজার ১৮। ১১ ইনিংসে ৫২৭ রান করে এই তালিকায় অনেকটা পেছনে থেকে তিন নম্বরে আছেন ভিজায় মার্চেন্ট।
গাভাস্কার ও রাহুল ছাড়া আর কোনো ভারতীয় ওপেনার নিজ দেশের বাইরে নির্দিষ্ট কোনো দেশে হাজার রান করতে পারেননি। ইংল্যান্ড ছাড়াও পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজেও এই কীর্তি গড়েন গাভাস্কার।
রাহুল ইংল্যান্ডে প্রথমবার টেস্ট খেলেন ২০১৮ সালে। এজবাস্টন ওই ম্যাচে তিনি ব্যাটিং করেন তিন নম্বরে, দুই ইনিংসে করতে পারেন কেবল ৪ ও ১৩ রান।
তারপর থেকে ইংল্যান্ডে খেলা ১২ টেস্টের সবকটিতে ওপেনিংয়ে ব্যাট করেছেন তিনি। সব মিলিয়ে ইংল্যান্ডে ২৫ ইনিংসে ৪১.৪০ গড়ে তার রান এখন এক হাজার ৩৫। চারটি সেঞ্চুরির পাশে ফিফটি আছে দুটি।
গাভাস্কার ও রাহুল ছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ইংল্যান্ডে হাজার রান আছে আর কেবল তিন জনের- সাচিন টেন্ডুলকার (৩০ ইনিংসে ১৫৭৫ রান), রাহুল দ্রাবিড় (২৩ ইনিংসে ১৩৭৬ রান) ও ভিরাট কোহলি (৩৩ ইনিংসে ১০৯৬ রান)। এই পাঁচ জনের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে হাজার রান নেই শুধু কোহলির।
১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে ১৫ টেস্টে কোহলির রান ৯৭৬। ইংল্যান্ডে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ফাইনালে সাউথ্যাম্পটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪৪ ও ১৩ এবং ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪ ও ৪৯ রান করেন তিনি।
এবারের ইংল্যান্ড সফরে দারুণ ছন্দে আছেন রাহুল। হেডিংলিতে প্রথম টেস্টে ৪২ ও ১৩৭ রানের ইনিংস খেলেন তিনি। এজবাস্টনে দুই ইনিংস করেন ২ ও ৫৫। লর্ডসে প্রথম ইনিংসে ১০০ রানের পর দ্বিতীয়টিতে করেন ৩৯। এবার ম্যানচেস্টারে প্রথম ইনিংসে এই ৪৬।
