২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় টুর্নামেন্টে যাওয়ার আগে সাকিবের প্রসঙ্গ যৌক্তিক নয় শান্তর কাছে

সাকিব আল হাসানের না থাকার প্রশ্নে নাজমুল হাসান শান্ত বললেন, “এই প্রশ্নটা কেন করলেন আপনি, জানি না আমি…।”

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 04:53 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

“অবশ্যই মিস করব…”, এটুকু বললেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু পরের কথাগুলোয় বুঝিয়ে দিলেন, প্রশ্নটি ঠিক পছন্দ হয়নি তার। বাংলাদেশ অধিনায়ক বেশ বিরক্তি নিয়েই বললেন, এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে সাকিব আল হাসানের দলে না থাকার প্রসঙ্গের যৌক্তিকতা নেই তার কাছে। 

সাকিব যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না, সেটা অনেকটা পরিষ্কার ছিল দল ঘোষণার আগে থেকেই। ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে বোলিংয়ে নিষিদ্ধ হওয়ার পর শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে দলে রাখতে হতো। পরে দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, শুধু ব্যাটসম্যান সাকিবকে দলে রাখার কারণ তারা খুঁজে পাননি।

তবে ক্রিকেটীয় কারণ ছাড়াই সাকিবের দলে থাকা নিয়ে সংশয়ের কারণ ছিল আগে থেকেই। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশেই ফিরতে পারেননি দেশের সর্বকালের সেরা ক্রিকেটার। আওয়ামী লীগের টিকেটে সবশেষ জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি। সেই পরিচয় নানাভাবে ছাপিয়ে যায় তার ক্রিকেটার সত্ত্বাকে। এমনকি বিদায়ী টেস্ট খেলতে তার দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে ফিরতে পারেননি তিনি নিরাপত্তাজনিত শঙ্কার কারণে।

ওয়ানডেতেও সাকিবের ক্যারিয়ার এখন অনিশ্চয়তার মোড়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বিদায় নিতে চান বলে তিনি জানিয়েছিলেন। সেই আসরে খেলতেই পারছেন না। তার বোলিং অ্যাকশনের পরীক্ষার ব্যাপারটি নিয়েও কিছু জানা যায়নি আর।

সব মিলিয়ে সাকিবকে নিয়ে আলোচনা দেশের ক্রিকেটে চলছেই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনেও তার না থাকার প্রশ্নটি উঠল। 

যে ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করেছিল বাংলাদেশ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে সাকিবের সঙ্গে ১৪৯ বলে ১৬৯ রানের জুটি গড়েছিলেন শান্ত। ৬৫ বলে ৮২ করেছিলেন সাকিব, ১০১ বলে ৯২ শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে সেই ম্যাচটির স্মৃতি নিয়েও প্রশ্ন হলো। 

শান্ত উত্তর দিলেন বটে, তবে বিরক্তিও লুকালেন না।

“অবশ্যই মিস করব (সাকিবকে)… তবে… আসলে এই প্রশ্নটা কেন করলেন আপনি, জানি না আমি…। আমরা সবাই জানি, এই প্রশ্নের উত্তর অনেক ক্রিকেটার দিয়েছে যে, ‘অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো হতো।’ আপনারা এই প্রশ্ন, এই উত্তর অনেকবার পেয়েছেন আপনারা। আমার মনে হয় না, এত বড় একটি টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক হবে।”

“তবে ওই ম্যাচটি সুনির্দিষ্ট করে যদি বলেন, তাহলে দারুণ ব্যাট করেছেন (সাকিব)। আমার মনে হয়, ওই ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিল। ওই ইনিংস আমাদের দলকে জেতার জন্য অনেক সহায়তা করেছে।”

প্রশ্নের একটি অংশ ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের ভূমিকা পালন করবেন কে। সেই প্রশ্ন করা হলো আবার। ভ্রু কুঁচকে একটু ভেবে শান্ত বললেন, “যে দায়িত্ব পাবে…।”