ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজের আরেক বড় ধাক্কা
শামার জোসেফের পর আলজারি জোসেফও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন, বাংলাদেশ সফরেও তাকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ভারতে টেস্ট সিরিজ শুরুর আগে আরেকটি বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। পিঠের নিচের দিকের চোটের কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে গেলেন আরেক ফাস্ট বোলার আলজারি জোসেফ।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সোমবার বিবৃতিতে জানিয়েছে, আলজারি পিঠে অস্বস্তি অনুভব করার কথা বলার পর স্ক্যান করানো হয় এবং এতে ‘আগে সেরে যাওয়া পিঠের নিচের অংশে অবনতি’ দেখা গেছে।
কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে, সে ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে আগামী মাসের বাংলাদেশ সফরেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে যথেষ্ট।
আরেক ফাস্ট বোলার শামার জোসেফ চোটের কারণে ভারত সফর থেকে ছিটকে পড়েন গত শনিবার। তাকেও বাংলাদেশ সফরে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, আলজারির বদলি হিসেবে অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে নিতে চেয়েছিলেন নির্বাচকরা। তবে নেপালের বিপক্ষে সিরিজের জন্য বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলের সঙ্গে থাকা হোল্ডার ‘পরিকল্পিত চিকিৎসা প্রক্রিয়ার’ কারণে টেস্ট দলে অন্তর্ভুক্ত হতে চাননি।
তাই বাঁহাতি পেসার জেডিয়াহ ব্লেডসকে দলে নিয়েছে ক্যারিবিয়ানরা। তিনিও আরব আমিরাতে আছেন। মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টির পর টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন ২৩ বছর বয়সী ক্রিকেটার।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেললেও টেস্ট খেলেননি ব্লেডস। ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট ৩৫টি।
আলজারি ও শামার ছিটকে পড়ায় ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের শক্তি অনেকটা কমে গেল। শামারের বদলি হিসেবে দলে নেওয়া হয় টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ২২ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার জোহান লেইনকে। এখন দলে থাকা পেসারদের মধ্যে ১০টির বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে কেবল জেডেন সিলসের।
ভারতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট আগামী বৃহস্পতিবার শুরু আহমেদাবাদে। পরেরটি ১০ অক্টোবর থেকে দিল্লিতে। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
এরপর তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসার কথা ক্যারিবিয়ানদের।
