২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের ফিফটির সেঞ্চুরি

বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন পাকিস্তানের তারকা।

বাবরের ফিফটির সেঞ্চুরি
বাবর আজম। ছবি: পাকিস্তান সুপার লিগ ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 11:34 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

লেগ স্পিনার আবরার আহমেদের শর্ট বল ডিপ মিডউইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠালেন বাবর আজম। এই চারে তিনি পূর্ণ করলেন ফিফটি, ছুঁয়ে ফেললেন দারুণ এক মাইলফলক।

বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০০ ফিফটি করার কীর্তি গড়েছেন বাবর। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বুধবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রান তাড়ায় ৩৭ বলে পঞ্চাশ ছুঁয়ে এই তালিকায় নাম লেখান পেশাওয়ার জালমি অধিনায়ক।

গত রোববার আইপিএলের ম্যাচে পঞ্চাশ ছুঁয়ে ফিফটির সেঞ্চুরি পূর্ণ করেন জস বাটলার। ৪৬৮ ইনিংসে ইংলিশ ব্যাটসম্যানের ফিফটি ১০০টি। বাবর মাইলফলকটি ছুঁলেন ৩৪১ ইনিংসে।

৪০২ ইনিংসে ১০৭টি ফিফটি নিয়ে তালিকার দুই নম্বরে আছেন ভিরাট কোহলি। বুধবার সংখ্যাটা হতে পারত ১০৮, কিন্তু আইপিএলে ৪৯ রানে আউট হন ভারতীয় তারকা।

৪৩৫ ইনিংসে ১১৬ ফিফটি নিয়ে সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।