‘আন্ডাররেটেড’ কথাটি এখন আর শুনতে চান না তাইজুল
‘এই ধরনের কথা আর না আসাই ভালো’, সাকিব আল হাসানের রেকর্ড ছোঁয়ার দিনে বললেন তাইজুল ইসলাম।
তাইজুল ইসলামের সঙ্গে ‘আন্ডাররেটেড’ তকমা লেগে আছে অনেক দিন ধরেই। তিনি নিজেও একসময় বলেছিলেন, নিজেকে তার এরকমই মনে হয়। তবে সময়ের পরিক্রমায় তার ভাবনা বদলে গেছে। এখন তিনি দেশের সফলতম টেস্ট বোলার। ‘আন্ডাররেটেড’ শব্দটিও এখন আর শুনতে চান না তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে চার উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডে তাইজুল স্পর্শ করেন সাকিব আল হাসানকে। দুজনেরই উইকেট এখন ২৪৬টি।
দীর্ঘদিন ধরেই অনেকটা আড়ালে থেকে নিজের কাজটা করে যাচ্ছিলেন তিনি। পাদপ্রদীপের আলো তাকে তেমন স্পর্শ করেনি। অনেক সময়ই তাই তাকে ‘আন্ডাররেটেড’ বলা হয়েছে। গত এপ্রিলে সেই আলোচনা আরও উসকে দেন তামিম ইকবাল। তাইজুলকে ‘আন্ডাররেটেড’ উল্লেখ করেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন দেশের সাবেক অধিনায়ক।
সেসময় সংবাদ সম্মেলনে তাইজুলকে এটি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনিও বলেছিলেন, ‘হ্যাঁ, আমার কাছে ওটাই মনে হয় (আন্ডাররেটেড)।’ এর কারণ কী জানতে চাইলে তিনি বলেন, “কারণ হয়তো আপনারাও ভালো জানেন আমার চেয়ে…।”
সাত মাস পর দেশের টেস্ট ইতিহাসে উইকেটের চূড়ায় ওঠার পর সেই শব্দটি এখন তার কাছে অনাকাঙ্ক্ষিত কিংবা অপাংক্তেয়। মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে কিছুটা বিরক্তিই ফুটে উঠল তার কণ্ঠে।
‘‘আন্ডাররেটেড… এই কথাটা আমি যখন মিডিয়ার সাথে বা প্রেসে আসি, এই কথাটা বারবার আসে। আমার কাছে মনে হয়, এরকম ধরনের কথা বারবার না আসাটাই ভালো। কারণ এই ব্যাপারটা কিন্তু অন্য কেউ তোলে না।’’
‘‘হয়তো মিডিয়ার মাধ্যমেই ছড়ায় এই আন্ডাররেটেড কথাটা। আমার কাছে মনে হয় যে এই শব্দটা যত বেশি উঠবে তত বেশি আসলে এটা ছড়াবে। এইগুলো জিনিস না ছড়ানোই ভালো।’’
সাকিবকে ছাড়িয়ে এককভাবে শীর্ষ উইকেট শিকারি হওয়া এখন কেবল তাইজুলের জন্য সময়ের ব্যাপার। হয়তো এই টেস্টের শেষ ইনিংসেই হয়ে যাবে তা। এরপর কেবলই নিজেকে ছাড়িয়ে যাওয়া আর নতুন উচ্চতায় তুলে নেওয়ার পালা। বয়স তার এথন ৩৩। ফর্ম ও ফিটনেস থাকলে অন্তত বছর পাঁচেক আরও খেলার কথা তার, কিংবা আরও বেশি দিন।
তিনি অবশ্য খুব বেশি দূর ভাবছেন না। স্রেফ পারফর্ম করে যেতে চান যতদিন সম্ভব।
"যতদিন খেলব পারফরম্যান্সটাই কথা বলবে যে কতদূর যেতে পারব। আমার কাছে মনে হয়, এখানে প্রক্রিয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সাথে পারফরম্যান্স। আমার ফোকাস থাকবে পারফরম্যান্সের দিকে, যতদিন আমি খেলব, পারফরম্যান্স করতে পারব, ততদিনই আমি হয়তো একটা ভালো পজিশনে যেতে পারব।"
তবু উইকেট সংখ্যায় সুনির্দিষ্ট কোনো লক্ষ্য আছে কি না জানতে চাইলে তার উত্তর, "আমাকে যদি আল্লাহ ৭০০ উইকেট দেন, আমি ৭০০ উইকেটই চাইব"
