ঝড় তুলে ভারতীয় ব্যাটারের বিশ্ব রেকর্ড
১১১ রান তাড়ায় একাই ৩৫ বলে ১০৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন কিরান নাভগিরে।
কখনও লং-অফ, কখনও লং-অন কিংবা মিডউইকেট দিয়ে বল গড়িয়ে ও উড়িয়ে সীমানায় পাঠালেন কিরান নাভগিরে। তার সামনে বল ফেলার যেন জায়গা খুঁজে পাচ্ছিলেন না পাঞ্জাবের বোলাররা। চার-ছক্কার বৃষ্টি ঝরিয়ে রেকর্ড গড়া সেঞ্চুরি উপহার দিলেন ভারতীয় ব্যাটার।
সিনিয়র উইমেন’স টি-টোয়েন্টি ট্রফিতে শুক্রবার পাঞ্জাবের বিপক্ষে টর্নেডো ব্যাটিং উপহার দেন মহারাষ্ট্রের ওপেনার কিরান। লক্ষ্য তাড়ায় একাই দলের ৯৪ শতাংশ রান করেন তিনি।
নাগপুরে এদিন ১১২ রানের লক্ষ্য তাড়ায় ৩৫ বলে ১০৬ রান করে দলের জয় সঙ্গে নিতে ফেরেন কিরান। ঝড়ো ইনিংসটি ৭ ছক্কা ও ১৪টি চারে সাজান তিনি। তার তাণ্ডবে ৮ ওভারেই ম্যাচটি ৯ উইকেটে জিতে যায় মহারাষ্ট্র।
খুনে ইনিংসটির পথে ৩৪ বলে সেঞ্চুরি করেন কিরান। মেয়েদের টি-টোয়েন্টিতে যা দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড।
নারী ক্রিকেটের এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এতদিন ছিল নিউ জিল্যান্ডের সোফি ডিভাইনের। ২০২১ সালে ঘরোয়া প্রতিযোগিতায় ৩৬ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন তিনি। এবার তাকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিলেন ৩১ বছর বয়সী কিরান।
ভারতের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলা কিরাণের এই ইনিংসে স্ট্রাইক রেট ছিল ৩০২.৮৬। তিনশ স্ট্রাইক রেটের সেঞ্চুরি এই প্রথম দেখল মেয়েদের টি-টোয়েন্টি।
ভারতের ঘরোয়া এই টুর্নামেন্ট দিয়েই ২০২২ সালে নজর কাড়েন কিরান। ওই আসরে ৩৫টি ছক্কা হাঁকান তিনি, প্রতিযোগিতাটির ইতিহাসে এক আসরে যা সর্বোচ্চ। অরুনাচল প্রদেশের বিপক্ষে ৭৬ বলে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন কিরান। মেয়েদের টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে যেটি প্রথম দেড়শ ছোঁয়া ইনিংস। ওই বছরই উইমেন’স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে অভিষেকে ২৫ বলে ফিফটি করেন কিরান।
২০২২ সালেই টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কিরানের। এই সংস্করণে ৪ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে কিছুই করতে পারেননি তিনি। রান করেন কেবল ১৭, সর্বোচ্চ অপরাজিত ১০। ওই বছরের পর আর জাতীয় দলে খেলার সুযোগ আসেনি তার।
উইমেন’স প্রিমিয়ার লিগে তিন মৌসুমেই উত্তর প্রদেশের হয়ে খেলেছেন কিরান। প্রতিটি আসরে একটি করে ফিফটি করেছেন তিনি। এই টুর্নামেন্টে ২৪ ইনিংসে ব্যাটিং করে তার রান ৪১৯।
