২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের বোকা বানানো বুমরাহতে মুগ্ধ পন্টিং

এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই ছিল দুইবারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান অধিনায়কের দেখা ফাস্ট বোলিংয়ের সেরা সিরিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2025, 08:13 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখতে না পারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে চোখেচোখ রেখে লড়াই করেছে ভারত। কৃতিত্বের বেশিরভাগটা জাসপ্রতি বুমরাহর। বলা যায়, লড়াইটা হয়েছে বুমরাহ বনাম অস্ট্রেলিয়ার। সিরিজজুড়ে ভারতের তারকা পেসারের চমৎকার পারফরম্যান্সে মুগ্ধ রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়কের মতে, তার উত্তরসূরিদের একের পর এক ম্যাচে বোকা বানিয়েছেন বুমরাহ।

সিডনি টেস্ট দিয়ে রোববার শেষ হয় ভারত-অস্ট্রেলিয়ার জমজমাট লড়াই। পঞ্চম ও শেষ ম্যাচে সফরকারীদের ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতে স্বাগতিকরা। টানা চার সিরিজ হারের পর ট্রফিটি পুনরুদ্ধার করতে পেরেছে তারা।

ব্যবধান দেখে যেমন মনে হয়, আসলে লড়াই হয়েছে অনেক বেশি হাড্ডাহাড্ডি। ভারতের হয়ে সেই লড়াইটি মূলত করেছেন বুমরাহই। সিরিজজুড়ে ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ‘আতঙ্ক।’ কিন্তু শেষ ইনিংসটায় বোলিং করতে পারেননি তিনি পিঠের সমস্যার কারণে। তাতে ভারতও পারেনি বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখতে।

পাঁচ টেস্টের সিরিজে ৩২ উইকেট নিয়ে সিরিজ সেরা হন বুমরাহ। অস্ট্রেলিয়ায় এক সিরিজে কোনো ভারতীয় বোলারের সর্বোচ্চ উইকেটের কীর্তি এটি। ১৯৭৭-৭৮ সিরিজে ৫ টেস্টে ৩১ উইকেট নিয়েছিলেন কিংবদন্তি বাঁহাতি স্পিনার বিষেন সিং বেদি। পেস বোলিংয়ে সর্বোচ্চ উইকেট ছিল ১৯৯১-৯২ সিরিজে কাপিল দেবের।

বুমরাহর মতো অতটা প্রভাববিস্তারি না হলেও দুই দলের অন্য পেসাররাও সিরিজজুড়ে ছড়িয়েছেন আলো। ২৫ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। ৩ টেস্ট খেলেই ২১ শিকার ধরেছেন স্কট বোল্যান্ড। মোহাম্মদ সিরাজের প্রাপ্তি ২০টি।

পেসারদের দাপটের সিরিজে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ ৯ উইকেট নিতে পেরেছেন ন্যাথান লায়ন। পাঁচ উইকেটও পাননি আর কোনো স্পিনার।

শুধু সফরকারী বোলারদের নয়, সব মিলিয়েই অস্ট্রেলিয়ার ব্যাটিং গ্রেট পন্টিংয়ের দেখা ফাস্ট বোলিংয়ের সেরা সিরিজ ছিল এটি।

“কোনো সন্দেহ নেই, এটা সম্ভবত আমার দেখা ফাস্ট বোলিংয়ের সেরা সিরিজ। হ্যাঁ, এই সিরিজের বেশিরভাগ সময়ই কন্ডিশন ফাস্ট বোলারদের জন্য ভালো ছিল। কিন্তু আপনি যখন সিরিজে অন্য কারো তুলনায় তার বোলিং দেখবেন, সে ব্যাটিংকে আরও কঠিন করে তুলেছিল।”

“অস্ট্রেলিয়ার টপ অর্ডারেও অনেক মানসম্মত ব্যাটসম্যান আছে, কিন্তু সে বিভিন্ন সময়ে সবাইকে বোকা বানিয়েছে।”