৯০ মিনিটের সভায় বিদায়ের বার্তা পেয়ে যান অ্যান্ডারসন
ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি বলেছেন, এমন আলোচনা প্রত্যাশিত ছিল না টেস্ট ইতিহাসের সফলতম পেসারের কাছে।
কোথায় গিয়ে থামবেন জেমস অ্যান্ডারসন, কবে বলবেন বিদায়, এমন আলোচনা অনেক দিন ধরেই চলছিল ইংল্যান্ড ক্রিকেটে। কখনও এসবকে পাত্তা দিতেন না টেস্ট ইতিহাসের সফলতম পেসার। তবে সম্প্রতি রব কি, ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের সঙ্গে এক সভা বদলে দেয় তার ভাবনার জগত। এর কিছুদিন পরই অবসরের ঘোষণা দিয়ে দেন ইংলিশ কিংবদন্তি।
গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের দিনক্ষণ জানিয়ে দেন অ্যান্ডারসন। আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টটি হবে ইংল্যান্ডের জার্সি গায়ে তার শেষ ম্যাচ।
৪১ বছর বয়সী অ্যান্ডারসনের অবসর নিয়ে আলোচনা অনেক দিনের। তবে এসবে কান দিতেন না তিনি। আসছে ঘরোয়া গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে ছয়টি টেস্টই খেলার ইচ্ছা ছিল এই পেসারের। উড়িয়ে দেননি ২০২৫-২৬ অ্যাশেজ খেলার সম্ভাবনাও। কিন্তু ওই আলোচনায় বদলে যায় সব কিছু।
গত মাসে অ্যান্ডারসনের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে কথা বলেন ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি, টেস্ট দলের প্রধান কোচ ম্যাককালাম ও অধিনায়ক স্টোকস। ম্যানচেস্টারে একটি হোটেলে প্রায় ৯০ মিনিটের একটি সভা করেন চার জন। কীভাবে সবকিছু হয়েছিল, বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ পডকাস্টে সেটা তুলে ধরলেন রব কি।
“যখন আমরা সিদ্ধান্ত নিলাম এবং ভাবলাম, ‘ঠিক আছে, আমাদের জিমির সঙ্গে দেখা করা ও তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা উচিত।’ ব্রেন্ডন সিদ্ধান্ত নিল যে, (নিউ জিল্যান্ড থেকে) ইংল্যান্ডে চলে যাওয়াই সঠিক কাজ হবে।”
“আমরা তিনজন তাকে দেখতে গিয়েছিলাম: আমি ও ব্রেন্ডন লন্ডন থেকে ট্রেন ধরেছিলাম, আর স্টোকসি ম্যানচেস্টারেই ছিল, পারিবারিক ছুটিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। স্টেশনের কাছে একটি হোটেলে জিমির সঙ্গে আমরা সবাই দেখা করলাম। বাজের (ম্যাককালামের ডাক নাম) নেতৃত্বে প্রায় দেড় ঘন্টা ধরে আলোচনা করি আমরা। আমার মনে হয় না, জিমি এটি প্রত্যাশা করেছিল। তবে আমি মনে করি না সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল ব্যাপারটি।”
ওই সভায় অ্যান্ডারসনকে অবসর নেওয়ার জন্য কোনোরকম চাপ দেওয়া হয়নি, দাবি করলেন কি। সঙ্গে বললেন, শেষ একটি টেস্ট খেলে বিদায় বলার সিদ্ধান্তটি ছিল এই সংস্করণে ৭০০ উইকেট নেওয়া পেসারের নিজের।
“তার মনে হয়েছিল, সে জানত যে (অবসর নেওয়ার) সময় আসছে। আমরা ভিন্ন আরও বিষয় নিয়ে আলোচনা করেছি। খেলার পরে জিমির ভবিষ্যত... সিদ্ধান্তটি সেখানেই নিতে হবে, এমন কিছু করতে আমরা তাকে প্রভাবিত করিনি। এরপর খুব বেশি দিন আগে নয়, সে সিদ্ধান্ত নিল লর্ডসের ম্যাচটি তার শেষ।”
“আমরা শুধু বলেছিলাম, ‘দেখো, আমাদের এগিয়ে যাওয়ার সময় এসেছে।’ আমরা এখন এমন একটি পর্যায়ে যেখানে আমাদের ভবিষ্যতের দিকে তাকানো শুরু করতে হবে... অন্যদের এখন সুযোগ দরকার, নতুন বলে কীভাবে বোলিং করতে হয় সেটা শেখার…”
লর্ডস টেস্টটি হবে ক্রিকেটের অভিজাত এই সংস্করণে অ্যান্ডারসনের ১৮৮তম ম্যাচ। ইতিহাসে তার চেয়ে বেশি টেস্ট খেলছেন কেবল একজন- সাচিন টেন্ডুলকার (২০০)। অ্যান্ডারসনের চেয়ে বেশি উইকেট আছে আর স্রেফ দুই কিংবদন্তি স্পিনার শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধারান (৮০০) ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের (৭০৮)।
গত অ্যাশেজের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন স্টুয়ার্ট ব্রড। এবার অবসরের ঘোষণা দিলেন অ্যান্ডারসনও। সাবেক সতীর্থের এই সিদ্ধান্তের কথা শুনে ইংল্যান্ডের ভবিষ্যৎ পেস আক্রমণ নিয়ে শঙ্কা প্রকাশ করেন ব্রড। দলের পেস বিভাগের অভিজ্ঞতার অভাবকে ‘ভীতিকর’ বলেন ৬০৪ টেস্ট উইকেট নেওয়া ইংলিশ গ্রেট পেসার।
রব কি অবশ্য এটাতে ভয়ের কিছু দেখছেন না। উল্টো বললেন, নতুনদের সুযোগ পেতে দেখতে রোমাঞ্চিত তারা।
