‘শেয়ার অ্যান্ড কেয়ার’: বিসিবির পারফরম্যান্স বিশ্লেষণ করলেন ক্রিকেটাররা
সুযোগ-সুবিধার মান, বিসিবির ঘাটতি ও উন্নতির জায়গা, এসব নিয়ে বিসিবি সভাপতি ও পরিচালকদের সঙ্গে খোলামেলা আলোচনা করলেন ক্রিকেটাররা।
সবার আগে আসতে দেখা গেল মুশফিকুর রহিমকে। অনুশীলনের মতো এখানেও তিনি চলে এলেন বেশ আগেই। এরপর একে একে এসে পৌঁছলেন অন্য ক্রিকেটাররা ও কোচিং স্টাফের সদস্যরা। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতির জন্য মঙ্গলবার সন্ধ্যায় সিলেটে যাবেন তারা। তবে এর আগেই সবাই একত্রিত হলেন হোটেলে প্যান প্যাসিফিক সোনারগাঁয়। উদ্দেশ্য, বিসিবি সভাপতি ও বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠক।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উদ্যোগেই মূলত এই সভার আয়োজন। বোর্ড সভাপতি যেটির নাম দিয়েছেন ‘শেয়ার অ্যান্ড কেয়ার।’ কিছুদিন আগেই বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের মধ্যে একটি জরিপ আয়োজন করা হয়েছিল তাদের সুযোগসুবিধা, সমস্যা, আশা, এরকম নানা কিছু নিয়ে। সেটির প্রেক্ষিতেই আরও বিশদ আলোচনার জন্য ছিল এই আয়োজন।
বোর্ড কর্তাদের আলাদা একটি সেশন ছিল দুর্নীতি দমন বিভাগের সদ্য নিয়োগপ্রাপ্ত পরামর্শক অ্যালেক্স মার্শালের সঙ্গেও। যুক্তরাজ্য পুলিশের সাবেক এই কর্মকর্তা আইসিসি ইন্টেগ্রিটি ইউনিটের মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি জানালেন তাদের আলোচনার বিষয়বস্তু।
“আজকে দুটি বড় বড় কাজ করেছি আমরা। জাতীয় দলের যারা ক্রিকেটার আছে, লাল ও সাদা বলে খেলছে, পাশাপাশি আমাদের সাপোর্ট স্টাফ, কোচরা যারা আছেন, সবাই একত্রিত হয়েছিলাম। বোর্ডের পরিচালকরা সবাই এখানে ছিলেন। প্রোগ্রামটির নাম ‘শেয়ার অ্যান্ড কেয়ার।’ আমরা মনে করি, যে দলটা মাঠে খেলে, সেটা আমাদের একটি দল। যে দলটি ডাগ আউটে বসে থাকে, তারা একটি দল। আর আমরা যারা বোর্ডে কাজ করি, তারা একটি দল। তিনটি দলের সত্যিকারের পারফরম্যান্স কী (সেসব আলোচনা হয়েছে)…।”
“আমরা তাদেরকে ৮টি প্রশ্ন করেছিলাম। ৮টি প্রশ্ন করার পর তারা আমাদের কাছে ফিরে এসেছে। সেগুলোর আমরা ডেটা অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করে তাদের সঙ্গে শেয়ার করেছি, আমাদের যে উন্নতির জায়গাগুলো আছে, কীভাবে আমরা আরও ভালো করতে পারি।”
বিসিবি প্রধানের দুই বড় কাজের আরেকটি ছিল অ্যালেক্স মার্শালের সঙ্গে ক্রিকেটারদের সেশন।
“আরেকটা সেশন ছিল, আপনারা জেনে থাকবেন যে, আমাদের যে ইন্টেগ্রিটি ইউনিট আছে, আমাদের দেশের ক্রিকেট সুরক্ষার জন্য কী কী করণীয়, সেই লক্ষ্যে… এই কাজটি আমরা সিরিয়াসলি নিয়েছি। আমাদের চার্টারের মধ্যে আছে, ‘ইন্টেগ্রিটি অব দিস গেম।’ এখানে ‘ইন্টেগ্রিটি’ বলতে, কীভাবে আমরা খেলাটিকে সুরক্ষা দেব, এখন ডোপিং একটি বড় ব্যাপার, আমাদের জাতীয় দল শুধু দ্বিপাক্ষিক সিরিজ বা আইসিসি ইভেন্ট খেলছে না, এশিয়ান গেমসে খেলছে, একদিন অলিম্পিকসে খেলবে। অ্যান্টি ডোপিং কতটা গুরুত্বপূর্ণ, নিজেকে সুরক্ষিত রাখা কতটা গুরুত্বপূর্ণ…।”
“সেজন্য অনেক অভিজ্ঞ একজন, আইসিসির সাবেক মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল এখানে আছেন। তার কাছ থেকে আমরা দিক-নির্দেশনা পেয়েছি, এই বহুল জনপ্রিয় খেলাটাকে আমরা কীভাবে সুরক্ষিত রাখতে পারি। তিনি আমাদেরকে ধারণা দিয়েছেন, কীভাবে আমাদের (ইন্টেগ্রিটি) দলটি তৈরি করতে হবে।”
ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ তো নিয়মিতই হয়। বিসিবির জরিপের মাধ্যমে ও এ দিনের সভায় ক্রিকেটাররা খতিয়ে দেখেছেন বোর্ডের পারফরম্যান্স। এই ধরনের বৈঠক নিয়মিত বিরতিতে হবে বলে জানালেন বোর্ড সভাপতি।
“ক্রিকেটাররা তো মাঠে খেলে, আমরা তাদেরকে কতটা সাহায্য করছি, সেই সাহায্য করার জন্য এই মুহূর্তে কতটুকু গ্যাপ আছে, গ্যাপটা কবে ও কীভাবে পূরণ করতে পারব যাতে ক্রিকেটাররা মাঠে নিশ্চিন্তে খেলতে পারে…। আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রতি তিন মাসে একবার করে এরকম বৈঠক করব এবং আমাদের দিক থেকে খেলার যে জায়গাটি আছে, মানে উন্নতির জায়গাগুলো যা আছে, সেগুলো আমরা কীভাবে কাটিয়ে উঠে ওদেরকে সাহায্য করব।”
“সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার আমরা ভাবি ক্রিকেটাররা, মাঠে যারা খেলে। তাদের দেখভাল করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব বলতে শুধু ইন্সুরেন্স বা মেডিকেল নয়, মাঠে কোচরা যে স্কিল উন্নতিতে কাজ করেন, সেটিই সবকিছু নয়… এখানে লজিস্টিকস, পোশাক, পিচ কন্ডিশন, অনুশীলনের সুযোগ-সুবিধা, সার্বিক সাপোর্ট আমরা কতটুকু করতে পারছি, সবকিছুই। তাদের মনের কথা তারা মন খুলে লিখেছে, পরামর্শ দিয়েছে সকলে। সেখান থেকে আমরা জানতে পেরেছি যে কোথায় অবস্থান করছি। অবস্থান যেহেতু জেনে গিয়েছি, সেই অনুযায়ী আমরা কাজ করব।”
জরিপে যে ৮টি প্রশ্ন ছিল, সেসবের বাইরেও এ দিনের সভায় আরও অনেক দিক তুলে ধরেছেন ক্রিকেটাররা। এটিই সবচেয়ে বেশি ভালো লাগা এনে দিয়েছে বিসিবি সভাপতিকে।
“ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের যে এজেন্ডা ছিল, এর বাইরেও ক্রিকেটাররা লাফিয়ে লাফিয়ে এসে মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলছিল। মনের কথাগুলো প্রকাশ করছিল। এটিই সবচেয়ে আনন্দের ব্যাপার। মনে হচ্ছিল যে আমরা সবাই একটি টিম এবং দল হিসেবে কাজ করলে যে আমরা কত সামনে এগিয়ে যেতে পারব, তার একটি বড় প্রতিচ্ছবি আমরা আজকে দেখেছি।”
জরিপের বিস্তারিত বা প্রশ্নগুলো বিশদভাবে বলেননি আমিনুল। তবে কিছুটা ধারণা দিলেন তিনি সেটি নিয়ে।
“তারা তাদের মতামত দিয়েছে। আমরা জরিপে রেখেছি ১ হচ্ছে বেশি ভালো নয়, ৫ হচ্ছে সবচেয়ে ভালো। সেটা পর্যবেক্ষণ করে আমরা যেটা পেয়েছি, সেখানে তারা যা বলেছে, সেটির আউটকাম পেয়েছি এবং ওই জায়গায় আমাদের উন্নতির অনেক জায়গা আছে।”
“তারা শুধু মার্কিংই করেনি, তারা নিজেদের মনের কথা লিখেছে। সবচেয়ে ভালো লেগেছে যে, লেখার পরও আজকে এখানে এসে তাদের যে সমস্যাগুলি আছে, সেগুলো শেয়ার করেছে। তাদের সাফল্যগুলো শেয়ার করেছে এবং তারা এটাও বলেছে যে, বিসিবি থেকে যে সাপোর্ট তারা পাচ্ছে, তাতে তারা খুশি। আরও কিছু জায়গা আছে, যেখানে আমাদের (বোর্ডের) উন্নতির জায়গা আছে। একটা ব্যাপার ভালো মনে হয়েছে যে, আমরা যে একটি দল… হারলে শুধু ক্রিকেটারা হারে না, কর্মকর্তারাও হারে, সেটা আজকে আমরা বোঝাতে পেরেছি।”
আলোচনা শেষে তৃপ্ত বিসিবি সভাপতি বললেন, বিশ্বসেরাদের উচ্চতায় পৌঁছানোর বিশ্বাস ক্রিকেটারদের মধ্যে গেঁথে দিতে পেরেছেন তিনি।
“ক্রিকেটারদের সঙ্গে আলোচনা হয়েছে কীভাবে আমরা পারফরম্যান্স আরও ভালো করতে পারি। আমাদের কাছে মনে হয়েছে, একেকজন ক্রিকেটার একেকটি বিশাল পাওয়ার হাউজ। তারা কীভাবে বিশ্বসেরা ক্রিকেটার হতে পারবে, সেই বিশ্বাস তাদেরকে দেওয়া হয়েছে এবং সেটা আলোচনা হয়েছে।”
বিসিবি সভাপতি জানালেন, নারী দলের ক্রিকেটারদের সঙ্গেও খুব দ্রুত এই ধরনের বৈঠকে বসবেন তারা। আগামী মাসের বিশ্বকাপে চোখ রেখে নিগার সুলতানারা প্রস্তুতি টুর্নামেন্ট খেলছেন বিকেএসপিতে।
