ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার রেকর্ড ৪১২
মেয়েদের ওয়ানডেতে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের আগের রেকর্ডটিও অস্ট্রেলিয়ার।
বিধ্বংসী ব্যাটিংয়ে আলো ছড়ালেন বেথ মুনি। প্রতিপক্ষের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে উপহার দিলেন চমৎকার এক সেঞ্চুরি। সঙ্গে জর্জিয়া ভল ও এলিস পেরির পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ভারতের বিপক্ষে রেকর্ড পুঁজি গড়ল অস্ট্রেলিয়া।
দিল্লিতে শনিবার দুই দলের তৃতীয় ও শেষ উইমেন'স ওয়ানডেতে ৪১২ রান করে ৪৭.৫ ওভারে অলআউট হয় অস্ট্রেলিয়া। এই সংস্করণে এটি তাদের যৌথভাবে সর্বোচ্চ। আগেরটি ছিল ২৮ বছর আগে, ১৯৯৭ সালের বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষে।
উইমেন'স ওয়ানডেতে এই দুবারই চারশ রান স্পর্শ করতে পেরেছে অস্ট্রেলিয়া। এই সংস্করণে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড নিউ জিল্যান্ডের। ২০১৮ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৯১ রান করেছিল তারা।
ভারতের বিপক্ষে এই প্রথম ওয়ানডেতে ৪০০ ছোঁয়া সংগ্রহ গড়ল কোনো দল। এশিয়ার দলটির বিপক্ষে সর্বোচ্চ রানের আগের রেকর্ডটিও ছিল অস্ট্রেলিয়ার, গত বছর ব্রিজবেনে ৩৭১।
অস্ট্রেলিয়াকে পাহাড়সম রান এনে দেওয়ার পথে ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৩৮ রান করেন মুনি। তার ৭৫ বলের ইনিংসটি গড়া ২৩ চার ও এক ছক্কায়।
এক ইনিংসে অস্ট্রেলিয়ার মেয়েদের মধ্যে মুনির ২৪টির চেয়ে বেশি বাউন্ডারি মেরেছেন কেবল অ্যালিসা হিলি। ২০২২ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭০ রানের ইনিংস খেলার পথে ২৬টি বাউন্ডারি (সবগুলোই চার) আসে হিলির ব্যাট থেকে।
আরুন জেটলি স্টেডিয়ামে এদিন ১৪ চারে ৬৮ বলে ৮১ রান করেন ভল। ৬৮ রান করতে ২ ছক্কা ও ৭ চার মারেন পেরি। ১ ছক্কা ও ৫ চারে ৩৯ রান করেন অ্যাশলি গার্ডনার।
অস্ট্রেলিয়ার ২৮৭ বলের ইনিংসে চার আসে ৬০টি, ছক্কা পাঁচটি। মোট বাউন্ডারি হয় ৬৫টি। মেয়েদের ওয়ানডেতে এক ইনিংসে যা দ্বিতীয় সর্বোচ্চ। নিউ জিল্যান্ডের ৭১ বাউন্ডারি রেকর্ড।
টস জিতে ব্যাটিংয়ে নেমে আগ্রাসী শুরু করেন অধিনায়ক হিলি। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ৭ চারে ১৮ বলে ৩০ রান করে থামতে হয় তাকে।
এরপর ১০৭ রানের জুটি গড়েন পেরি ও ভল। ৪৩ বলে পঞ্চাশ স্পর্শ করেন ভল, পেরির ফিফটি আসে ৫৫ বলে। ভলের বিদায় শেষ হয় এই যুগলবন্দির পথচলা।
চারে নেমে দলের রানের গতিতে দম দেন মুনি। পেরির বিদায়ে ভাঙে ১০৬ রানের জুটি, যেখানে দুই-তৃতীয়াংশ রানই করেন মুনি।
বিস্ফোরক ব্যাটিংয়ে ৩১ বলে ফিফটিতে পা রাখেন মুনি। এরপর আরও দ্রুত রান বাড়িয়ে ৫৭ বলে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পৌঁছে যান তিনি। ফিফটি থেকে সেঞ্চুরি ছুঁতে তার লাগে কেবল ২৬ বল।
সেঞ্চুরির পর ইনিংসকে আরও এগিয়ে নিয়ে নিজের আগের সেরা ১৩৩ রান ছাড়িয়ে যান মুনি। দলের রান যখন চারশ কাছে, রান আউটে কাটা পড়েন তিনি।
চল্লিশ ওভারের পর একের পর এক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ৩৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে পুরো ৫০ ওভার খেলতে পারেনি তারা।
