লাইভ: বিরূপ আবহাওয়ায় ৩৫ ওভারেই শেষ দিন
ভারতের বিপক্ষে কানপুর টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৫ ওভারে ১০৭/৩
৩৫ ওভারেই শেষ দিন
বিরূপ আবহাওয়ার জন্য কানপুর টেস্টের প্রথম দিন খেলা হলো কেবল ৩৫ ওভার। দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে খেলার সমাপ্তি টানেন দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও রড টাকার।
বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর খেলা শুরু হয়। দ্বিতীয় সেশনে কেবল ৯ ওভার খেলা হওয়ার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। পরে ভারী বৃষ্টি নামলে আর মাঠে নামা সম্ভব হয়নি।
৩৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৭। শুরুতে একটু সময় নেওয়া মুমিনুল হক ৭ চারে ৮১ বলে খেলছেন ৪০ রানে। তার সঙ্গী মুশফিকুর রহিমের রান ১৩ বলে ১ চারে ৬।
২৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি জাকির হাসান। আশা জাগানিয়া শুরু করা সাদমান ইসলাম করেন ৩৬ বলে ২৪। দুই ওপেনারকেই বিদায় করেন আকাশ দিপ।
মুমিনুলের সঙ্গে পঞ্চাশ ছোঁয়া জুটি উপহার দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ককে বিদায় করেন রবিচন্দ্রন অশ্বিন।
প্রথম দিন ভারত হারিয়েছে দুটি রিভিউ, বাংলাদেশ একটি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৫ ওভারে ১০৭/৩ (জাকির ০, সাদমান ২৪, মুমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ৬*; বুমরাহ ৯-৪-১৯-০, সিরাজ ৭-০-২৭-০, অশ্বিন ৯-০-২২-১, আকাশ ১০-৪-৩৪-২)
বাড়ছে বৃষ্টি
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বৃষ্টি থামার কোনো আভাস নেই। ক্রমেই বাড়ছে বৃষ্টি, বাড়ছে খেলা শুরুর অপেক্ষা। শুরুতে উইকেট ও এর আশপাশ কভার দিয়ে ঢাকা হলেও, ক্রমেই পুরো মাঠ ঢেকে দেওয়া হয়েছে।
এমতাবস্থায় কখন খেলা শুরু করা যাবে সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪০ মিনিটে হওয়ার কথা চা বিরতি।
আলোকস্বল্পতায় বন্ধ খেলা
বৃষ্টির পর কানপুরে এবার মেঘলা আকাশের বাগড়া। মাঠে আলো কমে যাওয়ায় বন্ধ করে দেওয়া হলো খেলা।
দ্বিতীয় সেশনে এখন পর্যন্ত খেলা হয়েছে ৯ ওভার। নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে ৩৩ রান করেছে বাংলাদেশ।
সব মিলিয়ে ৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৮১ বলে ৪০ ও মুশফিকুর রহিম ১৩ বলে ৬ রানে অপরাজিত।
ভারতের আরেকটি ব্যর্থ রিভিউ
আকাশ দিপের লেগ স্টাম্প ঘেঁষে পিচ করা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না মুমিনুল হক। প্যাডে লাগতেই ফিল্ডারদের জোরাল আবেদন। তবে সাড়া দিলেন না আম্পায়ার।
বেশ কিছুক্ষণ আলোচনার পর একদম শেষ মুহূর্তে রিভিউ নেন রোহিত শার্মা। রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্প লাইনের বাইরে পিচ করেছে বল। তাই ব্যর্থ হয় ভারতের রিভিউ। বিপদ ঘটেনি মুমিনুলের।
৩৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০২ রান। মুমিনুল ৭৬ বলে ৩৬ ও মুশফিকুর রহিম ১২ বলে ৬ রানে অপরাজিত।
শান্তকে ফেরালেন অশ্বিন
জুটির পঞ্চাশ ছোঁয়ার ওভারেই ড্রেসিং রুমের পথ ধরলেন নাজমুল হোসেন শান্ত। রবিচন্দ্রন অশ্বিনের অফ স্টাম্পে পিচ করে লাইন ধরে রাখা ডেলিভারি ভুল লাইনে ডিফেন্ড করেন বাংলাদেশ অধিনায়ক।
বল তার প্যাডে লাগতেই জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও ফায়দা হয়নি বাঁহাতি ব্যাটসম্যানের। ৬ চারে ৫৭ বলে ৩১ রান করে ফেরেন শান্ত।
২৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮০ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৫৭ বলে ১৯ রানে খেলছেন মুমিনুল হক।
মুমিনুল-শান্তর জুটিতে পঞ্চাশ
দুই ওপেনারের বিদায়ের পর প্রতিরোধ গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন পঞ্চাশছোঁয়া জুটি।
মধ্যাহ্ন বিরতি শেষে খেলা শুরুর পর জুটির পঞ্চাশ পূর্ণ করেছেন তারা।
খেলা শুরুতে দেরি
দ্বিতীয় দফার বৃষ্টিতে ১৫ মিনিট পিছিয়ে গেল দ্বিতীয় সেশন শুরুর সময়। বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০ মিনিটের বদলে এখন ১টা ৫৫ মিনিটে শুরু হবে খেলা।
দুই ওপেনারের বিদায়ের পর শান্ত-মুমিনুলের প্রতিরোধ
টস হেরে সাবধানী শুরুর পর প্রথম ঘণ্টায় ড্রেসিং রুমে ফিরে যান জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে দ্বিতীয় ঘণ্টায় আর উইকেট পড়তে দেননি নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। প্রথম ঘণ্টায় ১৩ ওভারে ৩৭ রানের পর দ্বিতীয় ঘণ্টার ১৩ ওভারেও ৩৭ রান করে সফরকারীরা। তবে দ্বিতীয় ঘণ্টায় পড়েনি কোনো উইকেট।
কানপুরের গ্রিন পার্কের কিছুটা নিচু ও ধীর উইকেটে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজের প্রথম স্পেল নির্বিঘ্নে কাটিয়ে দেন দুই ওপেনার। নবম ওভারে আক্রমণে এসে জুটি ভাঙেন আকাশ দিপ।
নিজের প্রথম তিন ওভারে জাকির, সাদমানকে ফেরান আকাশ। ২৪ বল খেলে কোনো রান নিতে পারেননি জাকির। বাংলাদেশের ওপেনারদের মধ্যে এটিই সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড।
৪ চারে ৩৬ বলে ২৪ রান করে আউট হন সাদমান।
এরপর দেখেশুনে বাকি সময় পার করেন শান্ত, মুমিনুল। দুজনের বিপক্ষেই জোরাল আবেদন হয় কয়েকবার। তবে রিভিউ নিয়েও সফল হতে পারেনি ভারত।
শান্ত ৪৮ বলে ২৮ ও মুমিনুল ৪৮ বলে ১৭ রানে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।
মধ্যাহ্ন বিরতি দেওয়ার পরপরই শুরু হয়েছে বৃষ্টি। এরই মধ্যে ঢেকে দেওয়া হয়েছে উইকেট ও এর চারপাশ।
আম্পায়ার্স কলে বাঁচলেন মুমিনুল
জাসপ্রিত বুমরাহর ভেতরে ঢোকা ডেলিভারি আলসে ভঙ্গিতে খেলে কিছুটা দেরিতে ব্যাট নামালেন মুমিনুল হক। বল আঘাত করল তার প্যাডে। ভারতের ফিল্ডারদের জোরাল আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার।
কিছুক্ষণ আলোচনার পর রিভিউ নেন রোহিত শার্মা। রিপ্লেতে দেখা যায়, স্টাম্পের ওপরের দিকে হালকা ছুঁয়ে যেত ওই বল। অর্থাৎ আম্পায়ার্স কল। আর মাঠের আম্পায়ার নট আউট দেওয়ায় বিপদ ঘটেনি ১০ রানে থাকা মুমিনুলের। রিভিউও হারায়নি ভারত।
১৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫৬ রান। মুমিনুল ৩৬ বলে ১০ ও নাজমুল হোসেন শান্ত ১৮ বলে ১৭ রানে অপরাজিত।
ভারতের ব্যর্থ রিভিউ
মোহাম্মদ সিরাজের লেগ স্টাম্পের বাইরে পিচ করা ডেলিভারি ব্যাটে লাগাতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। বল প্যাডে লাগতেই উদযাপন মেশানো আবেদন করতে লাগলেন সিরাজ। তবে সাড়া দিলেন না আম্পায়ার।
রোহিত শার্মাকে রাজি করিয়ে রিভিউ নেয়ালেন সিরাজ। রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্প লাইনের বাইরে পিচ করেছে বল। তাই বৃথা যায় ভারতের রিভিউ। পরে দেখা যায়, স্টাম্পের ওপর দিয়েও যেত ওই ডেলিভারি।
১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪২ রান। শান্ত ৯ বলে ১২ ও মুমিনুল হক ১৫ বলে ১ রানে অপরাজিত।
সাদমানকেও ফেরালেন আকাশ
নিজের তিন ওভারের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দিলেন আকাশ দিপ। জাকির হাসানের পর তার শিকার সাদমান ইসলাম।
১৩তম ওভারে আকাশে গুড লেংথ থেকে এঙ্গেলে ভেতরে ঢোকা ডেলিভারি রক্ষণাত্মক খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি সাদমান। বল প্যাডে লাগতেই জোরাল আবেদন। তবে সাড়া দেননি আম্পায়ার।
কিছুক্ষণ আলোচনার পর শেষ মুহূর্তে রিভিউ নেন রোহিত শার্মা। রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পে আঘাত করত বল। তাই বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। বিদায়ঘণ্টা বাজে ৩৬ বলে ২৪ রান করা সাদমানের।
চার নম্বরে নেমে আকাশের ওই ওভারে দুটি চার মারেন নাজমুল হোসেন শান্ত। ১৩ বল খেলে রানের খাতা খোলার অপেক্ষায় মুমিনুল হক।
১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭ রান।
জাকিরের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
কানপুর টেস্টের প্রথম ইনিংসে ২৪ বলে শূন্য রানে আউট হলেন জাকির হাসান। বাংলাদেশের ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলে খালি হাতে ফেরার রেকর্ড এটি।
২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ১৬ বলে শূন্য রানে আউট হয়েছিলেন ইমরুল কায়েস।
সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে জাকিরের চেয়ে বেশি বল খেলে শূন্যতে আউট হওয়ার ঘটনা আছে আর তিনটি।
শূন্য হাতে ফিরলেন জাকির
বেশ কিছুক্ষণ উইকেটে কাটিয়েও রানের খাতা খুলতে পারলেন না জাকির হাসান। আকাশ দিপের প্রথম ওভারে ড্রেসিং রুমের পথ ধরলেন বাঁহাতি ওপেনার।
অফ স্টাম্পের বাইরের গুড লেংথ ডেলিভারি রক্ষণাত্মক খেলতে গিয়ে জাকিরের ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় গালিতে। সামনে ঝুঁকে ক্যাচ নেন ইয়াশাসবি জয়সওয়াল।
মাঠের দুই আম্পায়ার নিশ্চিত ছিলেন না, ঠিকঠাক ক্যাচ নিয়েছেন কিনা ফিল্ডার। তাই সিদ্ধান্ত পাঠানো হয় টিভি আম্পায়ারের কাছে।
বেশ কয়েকবার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানান থার্ড আম্পায়ার। ২৪ বলে ০ রানে আউট হন জাকির।
৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৬ রান। নতুন ব্যাটসম্যান মুমিনুল হক। ২৭ বলে ২১ রানে অপরাজিত সাদমান ইসলাম।
জাকির-সাদমানের সাবধানী শুরু
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর আধঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দিলেন সাদমান ইসলাম ও জাকির হাসান। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩ রান।
একপ্রান্তে জাসপ্রিত বুমরাহর টানা তিন ওভার মেডেন খেলেন জাকির। অন্য পাশে মোহাম্মদ সিরাজের বলে রানের পথ খুঁজে নেন সাদমান।
ব্যাটের বাইরের কানায় লেগে দুবার গালি অঞ্চলে যায় বল। তবে একবারও ফিল্ডারের নাগালে ছিল না। তাই কোনো বিপদ ঘটেনি।
বাংলাদেশ-ভারত সিরিজে অনন্য নজির
চেন্নাই টেস্টে টস জিতে বোলিং নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার কানপুরে একই সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শার্মা।
ভারতের মাঠে এবারই প্রথম পরপর দুই টেস্টে টস জিতে বোলিং নেওয়ার ঘটনা দেখা গেল।
ভারতের অপরিবর্তিত একাদশ
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার অভিযানে নিজেদের একাদশে কোনো পরিবর্তন করেনি ভারত। আগের ম্যাচের মতোই তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে খেলতে নামছে তারা।
ভারত একাদশ: ইয়াশাসবি জয়সওয়াল, রোহিত শার্মা, শুবমান গিল, ভিরাট কোহলি, রিশাভ পান্ত, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দিপ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশ একাদশে জোড়া পরিবর্তন
চেন্নাই টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদকে বাইরে রেখে আনা হয়েছে সৈয়দ খালেদ আহমেদ ও তাইজুল ইসলামকে।
অর্থাৎ প্রথম ম্যাচের দুই স্পিনার ও তিন পেসারের কম্বিনেশন বদলে এবার তিন স্পিনারের সঙ্গে রাখা হয়েছে দুই পেসার।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
চেন্নাইয়ের মতো কানপুরে কয়েনভাগ্য পাশে পেলেন না নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শার্মা।
ভারত অধিনায়ক বলেছেন, টানা বৃষ্টিতে উইকেট এখনও কিছুটা নরম। তাই দলের তিন পেসারকে দিয়ে শুরুর দিকে ভারতের ব্যাটিং লাইনআপে হানা দিতে চান তারা।
শান্ত বলেছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিংই নিতেন। তাই টস হারা নিয়ে কোনো আপত্তি নেই তার।
এক ঘণ্টা পেছাল টস
মাঠ পরিদর্শনের পর আম্পায়াররা জানালেন, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হবে টস। পরে বেলা ১১টা থেকে শুরু হবে খেলা।
ব্রডকাস্টে দেখা গেছে, উইকেট ও এর আশপাশের জায়গা খেলার জন্য প্রস্তুত। তবে সীমানার কাছে একটি জায়গা নিয়ে কিছুটা চিন্তিত আম্পায়াররা। সেখানে ঘাস উঠে পিচ্ছিল হয়ে থাকার কথা বলেছেন ধারাভাষ্যকাররা।
কালো মাটির পিচে মরা ঘাসের উপস্থিতি
পিচ রিপোর্টে মুরালি কার্তিক বলেছেন, 'মেঘাচ্ছন্ন কন্ডিশন। কালো মাটির উইকেট। এখানে উইকেট সাধারণত নিচু ও ধীরগতির। প্রথম ইনিংসে বড় রান হয়। ম্যাচ যত এগোয় রান কমতে থাকে। উইকেটে যথেষ্ট মরা ঘাস আছে, যা থেকে বোলাররা মুভমেন্ট পেতে পারে।'
বৃষ্টিতে টসে বিলম্ব
কানপুরে খেলা শুরুর আগেই পড়তে শুরু করেছে বৃষ্টির প্রভাব। টানা বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় পিছিয়ে গেছে টস।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় হওয়ার কথা ছিল টস। কিন্তু মাঠ এখনও অপ্রস্তুত। সকাল ১০টায় মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা। এরপর আসবে টসের ব্যাপারে সিদ্ধান্ত।
প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় চেন্নাই টেস্টে বড় পরাজয়ে ভারত সফর শুরু করেছে বাংলাদেশ। সিরিজ জেতার সুযোগ আর নেই তাদের। তবে কানপুরে ঘুরে দাঁড়িয়ে প্রথমবার ভারতের বিপক্ষে টেস্ট জেতার আশা এখনও টিকে আছে।
সেই লক্ষ্যে গ্রিন পার্কে শুক্রবার দ্বিতীয় টেস্টে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে খেলা।
পাকিস্তান সফরের সাফল্যে বড় আশা নিয়ে ভারতে সফর করছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচের হতাশাজনক পরাজয়ে প্রত্যাশার বেলুন চুপসে গেছে অনেকটাই। এছাড়া বৃষ্টির কারণে কানপুরে সে অর্থে অনুশীলনও করতে পারেনি তারা।
এর সঙ্গে যোগ হয়েছে সাকিব আল হাসানের অবসরের ঘোষণা। সব মিলিয়ে দ্বিতীয় টেস্টে অনেক প্রতিকূলতার মোকাবিলা করতে হবে সফরকারীদের। আর শেষ পর্যন্ত সফল হলে মিলবে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ।
