৯ বছর পর রাঞ্জি ট্রফিতে ফিরে রোহিত আউট ৩ রানে
টেস্ট ক্রিকেটে চরম ব্যর্থতার ধারায় থাকা ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেও দেখা পেলেন না বড় রানের।
অফ স্টাম্পের বাইরে লেংথ বল। সামনের পা আলতো এগিয়ে রোহিত শার্মা চাইলেন অন সাইডে খেলতে। আসলে কী করতে চাইলেন, নিজেও হয়তো জানেন না। না হলো ফ্লিক, না পুল। ব্যাটের ওপরের কানায় লেগে সহজ ক্যাচ গেল মিড অফে। ভারতীয় অধিনায়কের দুঃসময়ের আরেকটি নজির হয়ে রইল এই আউট।
রাঞ্জি ট্রফির এই ম্যাচটি ঘিরে ভারতীয় ক্রিকেটে আগ্রহ প্রবল। টেস্ট ক্রিকেটে ধুঁকতে থাকা ভারতীয় অধিনায়ক যে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় ৯ বছরের বেশি সময় পর ফিরেছেন রাঞ্জি ট্রফিতে! কিন্তু সেই চেষ্টায় তিনি ব্যর্থ প্রথম সুযোগে।
মুম্বাইয়ের হয়ে জাম্মু ও কাশ্মীরের বিপক্ষে ম্যাচটির প্রথম দিনে রোহিতকে ৩ রানে বিদায় করেছেন পেসার উমার নাজির মির। মিড অফে ক্যাচ নিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক ও রাঞ্জি ট্রফির গ্রেট পারাস ডোগরা।
ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটে রোহিত সবশেষ খেলেছিলেন ২০১৫ সালের নভেম্বরে। মুম্বাইয়ের হয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে উত্তর প্রদেশের বিপক্ষে সেই ম্যাচে ১১৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি চার নম্বরে নেমে। এবার ওপেন করতে নেমে খেলতে পারলেন কেবল ১৯ বল।
ভারতের টেস্ট দলে উদ্বোধনী জুটির সঙ্গী ইয়াসাসভি জয়সওয়ালকে নিয়েই এ দিন মুম্বাইয়ের ইনিংস শুরু করেন রোহিত।
রোহিতের আগেই এ দিন আউট হন জয়সওয়াল। বাঁহাতি ওপেনার ৮ বল খেলে করতে পারেন ৪ রান।
শুধু জয়সওয়াল-রোহিতই নন, দ্রুত বিদায় নেন মুম্বাইয়ের তারকাবহুল লাইন আপের আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, শিভাম দুবের মতো ব্যাটসম্যানরাও। ৪৭ রানে ৭ উইকেট হারিয়ে ভয়ঙ্কর বিপদে পড়ে যায় মুম্বাই। পরে শার্দুল ঠাকুর ও তানুশ কোটিয়ানের জুটিতে ৭ উইকেটে ১১০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় তারা।
রোহিত এত বছর পর ঘরের মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন ভারতীয় বোর্ডের নতুন নির্দেশনা অনুসরণ করে। নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের চরম ব্যর্থতার পর ঘরোয়া বড় দৈর্ঘ্যের ক্রিকেটে তারকা ক্রিকেটারদের না খেলা নিয়ে অনেক শোরগোল হচ্ছে ভারতীয় ক্রিকেটে। ভারতীয় বোর্ড থেকে সম্প্রতি যে ১০ দফা নির্দেশনা নিয়ে আলোচনা হচ্ছে অনেক, সেখানে ঘরোয়া ক্রিকেট নিয়ে ধারা আছে।
টেস্টে সবশেষ ১৫ ইনিংসে রোহিত ফিফটি করেছেন মোটে একটি। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে পাঁচ ইনিংস খেলে মোট রান করেছেন ৩১।
পরের রাউন্ডে আগামী বৃহস্পতিবার শুরু ভিরাট কোহলিও রাঞ্জি ট্রফিতে ফিরবেন ১২ বছরের বেশি সময় পর।
